আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে ঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে এবং কয়েকটি জায়গায় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। এদিকে, মার্কিন সংবাদমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপের কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

    পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যায় যান চলাচল শুরু হয়েছে।

    তবে শ্রমিক অসন্তোষের কারণে ভাংচুরের ভয়ে কুড়িটির বেশি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

    বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট থেকে জালকুড়ি এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাড়ে পাঁচটার দিকে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

    এর আগে বিকেল সাড়ে চারটার দিকে জালকুড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষ পুরো এলাকা ছড়িয়ে

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছেন যে, সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  2. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ফ্লোরিডা থেকে পেনসিলভানিয়া পর্যন্ত সব জায়গাতেই পুরোদমে ভোট হচ্ছে।

    ফ্লোরিডা, দেলাওয়ার, জর্জিয়া, ইলিনয়, লুজিয়ানা, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসৌরি, পেনসিলভানিয়া, রোডস আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা ও ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ এখন চলছে।

    এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ভোটকেন্দ্র খোলার মাধ্যমে নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

    দেশটির কোন রাজ্যে কখন ভোট শুরু হবে তা রাজ্য গভর্নররা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা রাজনৈতিক দল দেশটির আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা পায়। এসব আইন যুক্তরাষ্ট্রের মানুষের জীবনকে প্রভাবিত করে।

    বর্তমানে হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট—নিয়ন্ত্রণ করছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

    যদিও উভয় কক্ষেই তাদের সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য, তবু নিজেদের পছন্দের আইন উত্থাপন এবং প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করার ক্ষমতা তাদের রয়েছে।

    এই পরিস্থিতির পরিবর্তন চায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।

    যুক্তরাষ্ট্রজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলতে শুরু করার সময় পর্যন্ত আগাম ভোট পড়েছে ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি।

    সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট দেওয়ার সুযোগ চালু হয়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্য অনুযায়ী, দেশটির ৯৭ শতাংশ যোগ্য ভোটার এমন এলাকায় বসবাস করেন, যেখানে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

  3. ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর নির্দেশনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

    বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়াই-আকৃতির সংযোগব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।

    এছাড়া বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

    বৈঠকে প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ও উঠে আসে।

  4. রাষ্ট্রপতিকে জাপান সফর সম্পর্কে জানালেন প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক, সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

    বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

    পরে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    রাষ্ট্রপতি এ সফরে দুদেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।

  5. নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিক্ষোভরত পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ সংঘর্ষের সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়েছে।

    পুলিশ বলছে, মঙ্গলবার বিকেলে শ্রমিকেরা ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও ভুইগড় এলাকায় সড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

    এর আগে বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।

  6. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আবার অবরোধ, আটকা বহু যানবাহন

    নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকরা আবারো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকরা বেরিয়ে এসে শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

    ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এর আগে সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিল। এরপর আজ নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রমই চলছিল।

    যদি বিকেলে শ্রমিকেরা আবার সড়কে নেমে আসায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

  7. গ্যাস সরবরাহ আগামী ৪ দিন কম থাকা নিয়ে পেট্রোবাংলা কী বলছে

    পেট্রোবাংলা জানিয়েছে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ সাময়িক হ্রাস পেয়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।

    আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, কক্সবাজারের মহেশখালীর দুটি এলএনজি টার্মিনালের ১টি (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমে আসতে পারে।

    “বর্তমানে গ্যাসের সরবরাহ আগামী চার দিন দৈনিক ২৫৭০ থেকে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে কোনো কোনো এলাকায় সরবরাহ সাময়িক হ্রাস পেয়ে স্বল্প চাপ বিরাজ করতে পারে,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক মাধ্যমে গুজব রটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে একটি মহল, যা পেট্রোবাংলার দৃষ্টিগোচর হয়েছে।

  8. আইনে পুলিশের 'কাউকে হত্যা করার অধিকার আছে', তবে সরকার তা চায় না, বলছেন তথ্য উপদেষ্টা

    যদি প্রেক্ষাপট তৈরি হয় তাহলে আইনি অধিকারের মধ্যেই পুলিশের “কাউকে হত্যা করার অধিকার আছে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকার ওভাবে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

    কিশোর গ্যাংয়ের মত তরুণরা পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে রয়েছে, এক্ষেত্রে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল না কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে মি. রহমান এই মন্তব্য করেন।

    তিনি জানান, দেশে কোন অস্থিরতা বা অস্থিতিশীলতা তৈরি হলে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে তার একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে।

    “এই বাংলাদেশের পুলিশ আর কখনো শেখ হাসিনার পুলিশের মত হবে না” বলে মন্তব্য করেন তিনি।

    পরিস্থিতি তৈরি হলে কাউকে হত্যা করার মতো আইনি অধিকার পুলিশের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    “এরমধ্যে সোশাল মিডিয়াতে হয়তো আপনারা দেখেছেন, কোথাও কোথাও ডিসপ্রপোরশনেট বলপ্রয়োগের মতো ঘটনা ঘটেছে। আমি সরকারে থেকেই কথাটা বলছি। পুলিশ বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে।”

    তবে বর্তমান সরকার অন্য সরকারের মত বলপ্রয়োগ করে কাউকে দমনের চেষ্টা করবে না বলেও মন্তব্য করেন মি. রহমান।

    “পুলিশ আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয় আইনি অধিকারের মধ্যে। যে কথাটা বারবার বলছি সেটা আইনের প্রক্রিয়ার মধ্যে এবং প্রপোরশনেট বলপ্রয়োগের মাধ্যমে। ফলে যে কথাটা বলতে চেয়েছি, আগে যেভাবে এগুলো দমন করার চেষ্টা করা হয়েছে এই সরকার সেটা ওভাবে চাইছে না,” বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

    তিনি বলেন, ''আমরা এটা (বিক্ষোভ দমন) এমনভাবে করতে চাই যাতে জনগণের ওপরে খুব কম ক্ষয়ক্ষতি হয়, খুব কম সমস্যা হয়, সেভাবেই করতে চাই। আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটা (পোশাক শ্রমিকদের আন্দোলন) শেষ হবে কারণ প্রাথমিকভাবে রিয়েল শ্রমিকরা মাঠে নেমেছিলেন, কারণ তাদের কিছু ন্যায্য দাবি ছিল।''

    তথ্য উপদেষ্টা আরো বলেন, ''এখন যেহেতু কমিশন তৈরি হয়েছে, আমরা আশা করি তাদের আমরা বোঝাতে পারবো। তারা যদি আর মাঠে না নামেন, তখন অন্য যে কেউ মাঠে নেমে এই কাজটা করা সহজ হয় না। নিয়মটা কী, একটা প্রেক্ষাপট তৈরি করতে হয়। গার্মেন্টস কর্মীরা নেমেছেন মাঠে, তাদের ভেতরে থেকে কেউ কাজটা করছে। তারা না নামলে এই সমস্যা হবে না।''

    BBC World Service অ্যাপ-এর নতুন ঠিকানায় স্বাগতম

    নির্ভরযোগ্য সাংবাদিকতার মাধ্যমে খবরের স্পষ্ট ব্যাখ্যা ও প্রেক্ষাপট জানুন এবং বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের বিস্তার সম্পর্কে সতর্ক থাকুন। এক জায়গায় লাইভ সংবাদ কভারেজ ও লাইভ টিভি দেখুন, পডকাস্ট শুনুন এবং ভিডিও প্রতিবেদন ঘুরে দেখুন।

    নোট: এই অ্যাপটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যাবে না, এবং অ্যাপটির কোন ইংরেজি সংস্করণ নেই।

  9. যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিয়েছেন সাড়ে পাঁচ কোটি ভোটার

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী মেয়াদের নির্বাচনের (মিডটার্ম ইলেকশন) আগে আগাম ভোটদানকারীদের তথ্য পর্যবেক্ষণ করছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব।

    আজ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই পাঁচ কোটি ৪৫ লাখ মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে তিন কোটি মানুষ সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, আর দুই কোটি ৪০ লাখ মানুষ ডাক মাধ্যমে পাঠানো ব্যালট ফেরত দিয়েছেন।

    আগাম ভোটদাতাদের বেশিরভাগের বয়স ছিল ৪১ বছরের বেশি। ৪১ থেকে ৬৫ বছর বয়সী ভোটাররা মোট ভোটের ৩৭.৬ শতাংশ দিয়েছেন। আর ৬৫ বছরের বেশি বয়সীরা আগাম ভোটের ৪৩.১ শতাংশের প্রতিনিধিত্ব করেছেন।

    BBC World Service অ্যাপ-এর নতুন ঠিকানায় স্বাগতম

    নির্ভরযোগ্য সাংবাদিকতার মাধ্যমে খবরের স্পষ্ট ব্যাখ্যা ও প্রেক্ষাপট জানুন এবং বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের বিস্তার সম্পর্কে সতর্ক থাকুন। এক জায়গায় লাইভ সংবাদ কভারেজ ও লাইভ টিভি দেখুন, পডকাস্ট শুনুন এবং ভিডিও প্রতিবেদন ঘুরে দেখুন।

    নোট: এই অ্যাপটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যাবে না, এবং অ্যাপটির কোন ইংরেজি সংস্করণ নেই।

  10. শেখ হাসিনাসহ পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চিঠি দেবে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

    চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন পলাতক আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    মি. ইসলাম বলেন, যারা পলাতক আছে রায়ের নির্ধারিত ৩০ দিনের মধ্যেও ট্রাইব্যুনালে আসেননি বা আপিল দায়ের করেননি। যাদের আপিল দায়েরের আইনগত সুযোগ নাই অতএব তারা যখনই গ্রেফতার হবেন তখনই তাদের রায়টি বাস্তবায়ন করা হবে।

    “কিন্তু পাশাপাশি তাদের যে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, মনে হয়েছে, এই সকল আসামি যারা পলাতক আছে তারা আপিল ফাইল করেননি, তারা তাদের সম্পত্তি বাজেয়াপ্তের যে আদেশ আছে সেই সম্পত্তি তারা যে কোনভাবে হস্তান্তর করতে পারে, বিক্রয় করতে পারে। সেই আশঙ্কা থেকে আমরা মনে করেছি, জাজমেন্টগুলা যে কয়টা হয়েছে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পাঠিয়েছি,” বলে জানান তিনি।

    এই আশঙ্কা থেকেই সরকারকে চিঠি দিয়ে পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নিয়ে বিক্রির ব্যবস্থা নিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আজই, মঙ্গলবার চিঠি দেওয়া হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।

    “সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা চিঠি দেব যে, যে সকল আসামিরা পলাতক আছেন, যাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে সেই সম্পত্তিগুলো খুব দ্রুত সরকারের হেফাজতে নেওয়া, নিয়ে তাদের অর্ধেক সম্পত্তি আইডেন্টিফাই করে সেই সম্পত্তিগুলো সরকার নিলামে বিক্রি করে বা যে কোন আইনগত প্রক্রিয়ায় বিক্রি করে, সেই বিক্রয়লব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোন বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে সেটি শহীদ পরিবারের কাছে বিলি-বন্টন করে দেওয়ার জন্য অর্থাৎ আমাদের ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের জন্য একটা চিঠি আজকেই আমরা সরকারের বরাবর ইস্যু করবো,” বলেন মি. ইসলাম।

    পলাতক কত আসামির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মাহবুবুল আলম হানিফসহ সাতজনের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ রয়েছে।

  11. হুথিদের অব্যাহত হামলার কারণে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ স্থগিত

    সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে এশিয়ান কাপ, হুথিদের সাম্প্রতিক হামলার পর তা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

    প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির বিকাশের ফলে সৃষ্ট বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত রয়েছে,” সে কারণে প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

    ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা ওই হামলার দায় স্বীকার করেছে। হামলাটিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।

  12. 'যে ধরনের সহিংসতা হয়েছে সেটা গার্মেন্টস কর্মীরা করতে পারেন না'

    বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলমান পোশাক শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, মজুরি বোর্ড গঠনের পরই পোশাক শ্রমিকদের বিক্ষোভ শেষ হয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু যে ধরনের সহিংসতা হয়েছে সেটা গার্মেন্টস কর্মীরা করতে পারেন না।

    "সীমান্তের ওপার থেকে দেশে সহিংসতা সৃষ্টির চেষ্টা হয়েছে" বলে জানান তিনি।

    মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

    এই সহিংসতার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্পৃক্ততা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন এটার সঙ্গে ডিসেম্বরের সঙ্গে কোনো সংযোগ বা সম্পৃক্ততা আছে কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বাংলাদেশে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো কিছু করতে পারবে সেটা আমরা বিশ্বাস করি না।”

    "টাকা-পয়সা খরচ করে নাশকতার সৃষ্টির চেষ্টা হতে পারে" বলেও মন্তব্য করেন তিনি।

    “কিন্তু যেহেতু তাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে লুটের টাকা-পয়সা। তারা কোথাও কোথাও কোনো না কোনো ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে টাকা-পয়সা খরচ করে। সেটার সাথে তারা লিংকড থাকতেই পারে। এটার মানে এই না যে, ডিসেম্বরে তার ফেরার পথ তৈরি করার জন্য এটা হচ্ছে, সেভাবে সরকার অন্তত মনে করে না।”

  13. মিরপুরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের সূত্র ধরে আজ মঙ্গলবারও ঢাকার মিরপুরে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

    টেলিভিশন চ্যানেলগুলোয় পরিস্থিতি সরাসরি দেখানো হচ্ছে। এসব লাইভে দেখা যায়, মঙ্গলবার সকালে মিরপুরের বিভিন্ন গার্মেন্টে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সকাল পৌনে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে এবং আশেপাশের গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

    এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করলে মেইন রোড থেকে গলিতে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

    বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল-পাটকেল ছুঁড়লে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। এ সময় মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

    আইন-শৃঙ্খলা ব্যাপক সংখ্যক বাহিনীর সদস্যদের মিরপুরে অবস্থান নিতে দেখা গেছে। প্রধান সড়ক থেকে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে চেষ্টা করলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

    একপর্যায়ে মিরপুর ১১ থেকে সরে গিয়ে শ্রমিকরা কালশী মোড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তারা সেখানে যেতে পারেনি। তবে আশেপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল-পাটকেল ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা।

    মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত এবং কালশীর প্রধান সড়কে যান চলাচল যাতে ব্যাহত না হয় সেই চেষ্টা করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

  14. নেপালে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে বিদেশি নাগরিক নিহত

    নেপালে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেছেন নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল।

    এই দুর্ঘটনায় একজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন।

    সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপাও দুর্ঘটনায় একজন বিদেশি পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা এখনও জানা যায়নি।

    থাপার তথ্য মতে, আহত আরেক ব্যক্তিকে হেলিকপ্টারে করে লুকলায় নেওয়া হয়েছে।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা আরেকটি হেলিকপ্টার বেস ক্যাম্পের কাছে একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়।

    জ্ঞানেন্দ্র ভূল বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুষারের আচ্ছাদনের কারণে হেলিকপ্টার দুটি হয়তো অন্য একটি হেলিপ্যাডে অবতরণের চেষ্টা করেছিল।

    কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার এবং এয়ার ডাইনেস্টির মালিকানাধীন ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

  15. কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    "রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়; এটা আমরা কঠোর হস্তে দমন করবো," এই মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    “আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কেউ যদি কোনো রকমের গার্মেন্টস-কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব,” বলেন মি. আহমদ।

    পরে অনেক কারখানাই বন্ধ থাকার কথা সাংবাদিকরা তাকে জানালে তিনি বলেন, “আশা করা এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা করা হবে।”

    তিনি সোমবারের কথা উল্লেখ করে জানান, প্রায় সব শ্রমিক সংগঠনের নেতা, মালিক ও ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএসহ সবার সাথে সরকারের আলোচনা হয়েছে। সবাই সন্তুষ্ট বলে উল্লেখ করেন তিনি।

    “কিছু কিছু দুষ্কৃতকারীরা হয়তো হামলা-টামলা করতে চাচ্ছে। কারণ শ্রমিকদের দাবি-দাওয়া যেটা ছিল আমরা সেটা ফুলফিল করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ডে দর কষাকষি করবে বলে মন্তব্য করেন তিনি।

    স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “কিন্তু এখন কোনো অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ তো নাই। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হস্তে দমন করবো।”

  16. আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

    মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারের আশুলিয়াতে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম।

    তিনি মঙ্গলবার বেলা ১১টার দিকে জানান, "সব কারখানাই খোলা ছিল। পরবর্তীতে শ্রমিকরা বের হয়ে যাওয়ায় এখন পর্যন্ত আনুমানিক ৬০টির ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।"

    তিনি জানান, "নরসিংহপুর, নিশ্চিন্তপুরে কোনো রাস্তাই অবরোধ করতে পারেনি। পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে সব রাস্তা চলমান রেখেছি। কেউ রাস্তা অবরোধ করতে পারেনি।"

  17. গাজীপুর ও আশুলিয়ায় আজও বিক্ষোভ-সড়ক অবরোধ

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকার আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সকাল নয়টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    সকাল আটটা থেকে চন্দ্রা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে সড়কেই অবস্থান নেন বিক্ষোভকারীরা।

    এছাড়া গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ি এবং পল্লী বিদ্যুৎ এলাকায়ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করতে দেখা গেছে।

    গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে অবস্থান নিয়েছেন। সাঁজোয়া যান, জলকামান নিয়ে শ্রমিকদের অবরোধ তুলে দিতে চেষ্টা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

    এদিকে, শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আশুলিয়ার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখা যায় বিক্ষোভকারী।

    মঙ্গলবার এই এলাকায় প্রায় সব কারখানাই খুলে দেওয়া হয়। নরসিংহপুরের প্রায় বেশিরভাগ কারখানাতেই কাজে যোগ দেন শ্রমিকরা। পরে সহিংস পরিস্থিতি তৈরি হলে আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

    সাধারণ ছুটির পরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু কারখানার শ্রমিকরা আবার সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক।

  18. ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর

    ইরানের কেশম দ্বীপের একটি অংশে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশের এক ঘণ্টা পর, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায় যে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমিত আকারের হামলায় কেশম দ্বীপের কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে।

    দ্য ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, “মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছেন যে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপকে লক্ষ্যবস্তু করেছে”।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন গোপনে ইরানের বিরুদ্ধে যে ধারাবাহিক সীমিত হামলা চালিয়েছে, এটি তারই সর্বশেষ ঘটনা। একই সময়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও বলেছেন।

    ফক্স নিউজ জানিয়েছে, কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইরান একটি মার্কিন বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপকে লক্ষ্যবস্তু করে।

    একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেন, এই হামলা ছিল “প্রতিরক্ষামূলক”। তিনি আরও বলেন, এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা পুনরায় শুরু হওয়া বা উত্তেজনা বৃদ্ধির সূচনা হিসেবে দেখা উচিত নয়।

    যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন, একজন মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন যে সোমবার রাতে “বিপ্লবী গার্ড বাহিনী কেশম দ্বীপ থেকে হরমুজ প্রণালিতে থাকা একটি মার্কিন বিমানের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন যুদ্ধবিমানটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করে।”

    একই সময়ে, বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা ইরানের এই দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

    সাধারণত এক্স প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে হামলা শুরু ও শেষ হওয়ার ঘোষণা দিয়ে থাকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর সেন্টকম। তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তারা এসব খবরের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

  19. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।
    • শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
    • গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক কারখানার শ্রমিকদের ঘরে ও কর্মস্থলে বা কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে”।
    • ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক”।
    • বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এসব মামলা হয়েছে বলে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।
    • চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের সম্পূরক পরীক্ষা দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।