আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়া ও মিরপুরেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে। রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্ট করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

  1. শ্রমিক বিক্ষোভে এখনো বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

    মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে।

    ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে কয়েকদিন ধরে এই শ্রমিক বিক্ষোভ চলছে। আজও গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।

    দুপুরে পোশাক কারখানাগুলো থেকেও শ্রমিকরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। প্রথমে কাঠেরপুল এলাকায় জড়ো হয় তারা।

    পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নেয় তারা।

    আদমজি শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকরা সড়কে অবস্থান নিলেও ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

  2. গাজীপুর অঞ্চলে দেড়শর মতো কারখানায় ছুটি

    পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড়শর মতো গার্মেন্ট কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে।

    গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, এসব কারখানা আজ ছুটি দেওয়া হলেও কাল যথাসময়ে খুলবে বলে আশা করছেন তারা।

    “এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা- ময়মনসিংহ সড়কে যান চলাচলও এই মুহুর্তে স্বাভাবিক আছে,” বেলা তিনটার দিকে বলছিলেন তিনি।

    এর আগে সকাল থেকেই বিক্ষোভের পর দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন।

    মি. হোসেন বলছেন, শিল্প পুলিশ ও জেলা-মহানগর পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরাও কাজ করছেন।

  3. ফ্লোরিডার রাস্তায় জেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত

    ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি বাণিজ্যিক জেট বিমান বিধ্বস্ত হয়ে এর আরোহী নয়জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি।

    পাম বিচ কাউন্টির ধনী এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট মার-এ-লাগো থেকে প্রায় নয় মাইল (১৪ কিমি) দূরে ক্রেস্টহেভেনের কাছে, রোববার আনুমানিক দুপুর ১২:৫০ ইএসটি (১৭:৫০ জিএমটি)-তে দুর্ঘটনাটি ঘটে।

    ছবিতে দেখা যাচ্ছে, একটি বহু-লেনের রাস্তার মাঝখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং তার ওপর লিয়ারজেট ৬০ বিমানটির আগুন ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে, কিন্তু ভূমিতে থাকা কেউ আহত হননি।

    ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামাসের দিকে যাচ্ছিল।

    ফ্লাইট বিশ্লেষণ থেকে জানা যায় যে, বিধ্বস্ত হওয়ার আগে জেট বিমানটি প্রতি সেকেন্ডে শত শত ফুট বেগে নিচে নামছিল।

    প্রাথমিক বিপদ সংকেত ঘোষণার প্রায় ৩৫ সেকেন্ড পর ককপিট থেকে শেষ মন্তব্যটি ছিল, "আমাদের হাতে আর সময় নেই"।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি যাচাইবিহীন ফুটেজে দুর্ঘটনার মুহূর্তের একটি ড্যাশ-ক্যামেরার রেকর্ডিং দেখা যাচ্ছে। এতে দেখা যায়, একটি আবাসিক শহরতলির রাস্তায় যানবাহন চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং একটি বিশাল অগ্নিগোলকে পরিণত হয়ে বিস্ফোরিত হয়।

    পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনাটি মিলিটারি ট্রেইলে ঘটেছে, যা একটি ছয়-লেনের সড়ক এবং এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ রয়েছে।

    এক সংবাদ সম্মেলনে ডিসান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, নিকটবর্তী একটি ট্রেলার-পার্ক এলাকা থেকে ৬০০ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

    তারা বলেন, দুর্ঘটনার প্রভাবে পানির লাইনসহ স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং রাস্তাটি পুনরায় খুলতে অন্তত ৩০ দিন সময় লাগবে।

    দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড়ের খবর পাওয়া গিয়েছিল এবং সংবাদ সম্মেলন চলাকালীনও প্রবল বৃষ্টি হচ্ছিল।

    ট্রাম্প রবিবার সকালে মার-এ-লাগোতে ছিলেন এবং দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিকটবর্তী একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে রওনা হয়েছিলেন।

  4. '২০২৭ সালের জানুয়ারির বেতনের সাথে কমবেশি যাই হোক না কেন সেটা যেন শ্রমিকরা হাতে পায়'

    পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

    তিনি বলেছেন, “২০২৭ সালের জানুয়ারির বেতনের সাথে কমবেশি যাই হোক না কেন সেটা যেন শ্রমিকরা হাতে পায়। আমাদের বিলম্ব করার কিছু নেই, মানসিকভাবে আমরা রেডি।”

    সোমবার শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

    “যদিও তথ্য আদান-প্রদান হতে পারে। যদি আমরা গবেষণাই করি শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে তাহলে মজুরি দরকার ৪৫ থেকে ৬৫ হাজার টাকা। যদি তারা গবেষণার কথা বলে তবে কি তারা সেটা দিবে। আমরা কোন গবেষণার নাম দিয়ে সময় নষ্ট করতে চাই না,” বলেন মি. আখতার।

    "কিন্তু কোনভাবেই আমরা বিলম্ব করতে চাই না। প্রয়োজনে সারা রাত মজুরি বোর্ডের কাজ করা দরকার হলে মজুরি বোর্ড করবে," বলেন এই শ্রমিক নেতা।

  5. মিষ্টির সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান

    ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

    এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক।

    সোমবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত একজন প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

    দাখিলকৃত মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে ইসি।

    এর আগে গত পহেলা অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ই অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

  6. ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডেও অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোডেও আজ অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এর ফলে এক ঘণ্টার বেশি সময় ধরে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    আজ সোমবার সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা সাড়ে বারোটা থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

    সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের দুই পাশেই যানবাহনের লম্বা সারি দেখা যায়। বিশাল যানজটের সৃষ্টি হয়।

    তবে কোথাও কোন ভাঙচুর হয়নি। শ্রমিকদের সড়কেই অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়।

  7. গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, ২৯ জন আটক

    মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

    একইসঙ্গে, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

    মি. ইসলাম বলেন, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

    এছাড়া মিরপুরে সড়কে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

    মি. ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  8. গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

    ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

    পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। সড়কের অন্যপাশে পোশাক শ্রমিকদের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

    এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

    পরে বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারি দল বিএনপি সমর্থিত ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের ট্রাক-বাসগুলো পার করে দিতে দেখা গেছে।

    গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় রোববার যে গাড়িটি পোড়ানো হয়েছে, সেটি দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে সেটি সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

    গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়ি ভাঙচুর করার খবরও পাওয়া গেছে।

    তবে, শুধু গাজীপুরেই নয় ঢাকার মিরপুর ও আশুলিয়াতেও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

    আশুলিয়ায় সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

    তবে বেলা সাড়ে এগারোটায় সেখানকার সড়কে যান চলাচল শুরু হয় বলে জানা গেছে।

    ঢাকার মিরপুর-১০ নাম্বার থেকে মিরপুর-১২ নাম্বার পর্যন্ত যে প্রধান সড়ক, সেখানে যান চলাচল স্বাভাবিক থাকলেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।

    মিরপুর-১০ থেকে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কাফরুল থানা পুলিশ আরো পাঁচজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

    এদিকে, সকালে মিরপুর-১১ নাম্বারে কয়েক দফায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

    এ সময় পুলিশের পাশাপাশি সড়কে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখেছে বিবিসির প্রতিবেদক।

  9. যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

    মি. আহমদ বলেন, “যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, যারা নিষিদ্ধ সংগঠনের হয়তো কোন কোন সময় কেউ এমপি বা কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল সেসমস্ত শিল্প মালিকরা তারা এ সমস্ত অস্থিরতার পেছনে কাজ করছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং সেটার প্রমাণও আছে।”

    ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের আলোচনার মধ্যে এমন অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা যারা করছে তাদের পেছনে যারা ইন্ধন দিচ্ছেন তারা চিহ্নিত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    “এখানে দুঃখজনক হলেও কিছু শিল্প মালিকরা জড়িত আছেন এবং কিছু শ্রমিক সংগঠনের ব্যানারে যারা শ্রমিকদের কল্যাণ চায় কিনা সেটা প্রশ্নবিদ্ধ সে সমস্ত লোকজন এই অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করেছে। রাস্তায় আন্দোলনের নামে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে যেটা কোনভাবেই শ্রমিকদের কোন কাজে আসবে না” বলেন মি. আহমদ।

    একইসঙ্গে, যারা শ্রমিক আন্দোলনের নামে স্বার্থবিরোধী কাজে লিপ্ত, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    শিল্প মালিকদের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “তারা বলেছেন, কিছু শিল্প মালিক আছে এবং শিল্প কারখানা আছে যারা উদ্দেশ্যপূর্ণভাবে শিল্প কারখানা বন্ধ করেছে তাদের তালিকা তারা আমাদেরকে প্রদান করবে।”

    আর কিছু কিছু শ্রমিক নেতৃবৃন্দ এখানে অস্থিরতা সৃষ্টির জন্য পাঁয়তারা করছে সে সমস্ত সংগঠন এবং নামের তালিকাও দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

    তিনি বলেন, কোন শ্রমিক এবং শ্রমিকদের সংগঠন শ্রমিকের স্বার্থবিরোধী কোন কাজে জড়িত থাকতে পারে না বলে সরকার বিশ্বাস করে।

    “যদি ভুলক্রমে এ সমস্ত কাজে কেউ ইন্ধন দিয়ে থাকে বা জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন সে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। কারণ আমরা কঠোরভাবে সেটা দমনের চেষ্টা করবো যারা যেভাবেই হোক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, ঘৃন্য পলিটিকেল কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য সীমান্তের ওপার থেকে ইশারায় যা কিছু তারা করা চেষ্টা করছে যেভাবেই হোক তা আমরা প্রতিহত করব” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    “আমরা কোন শিল্প কারখানা বন্ধ হোক সেটা চাই না, একমূহুর্তের জন্যও হোক চাই না। কোন অস্থিরতা সৃষ্টি হোক সেটা চাই না,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  10. রোববার সারাদিন যা যা হয়েছে

    • 'নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে' বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
    • ডিসেম্বরকে সামনে রেখেই আওয়ামী-ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
    • হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব নিয়ে কাতারি মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ইরানি প্রস্তাব ও প্রশ্নের উত্তর দিতে হবে বলেও জানান তিনি।
    • দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এ সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কূটনৈতিক সমাধানে আশাবাদী সংযুক্ত আরব আমিরাত। তবে সব ধরনের খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
    • আগামী চৌঠা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত চারদিন সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের লাইনে স্বল্প চাপ থাকবে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন।
    • বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
    • নতুন একটি বিধিমালার অধীনে দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
    • মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর এবং গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।