লাইভ , কোনো কোনো মহল উসকানি দিচ্ছে যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে এবং কয়েকটি জায়গায় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। এদিকে, মার্কিন সংবাদমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপের কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
হুথিদের অব্যাহত হামলার কারণে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে এশিয়ান কাপ, হুথিদের সাম্প্রতিক হামলার পর তা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির বিকাশের ফলে সৃষ্ট বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত রয়েছে,” সে কারণে প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা ওই হামলার দায় স্বীকার করেছে। হামলাটিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।
'যে ধরনের সহিংসতা হয়েছে সেটা গার্মেন্টস কর্মীরা করতে পারেন না'
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, টাকা-পয়সা খরচ করে নাশকতার সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি
বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলমান পোশাক শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জাহেদ উর রহমান বলেছেন, মজুরি বোর্ড গঠনের পরই পোশাক শ্রমিকদের
বিক্ষোভ শেষ হয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু যে ধরনের সহিংসতা হয়েছে সেটা গার্মেন্টস
কর্মীরা করতে পারেন না।
"সীমান্তের ওপার থেকে দেশে সহিংসতা সৃষ্টির চেষ্টা হয়েছে" বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এই সহিংসতার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্পৃক্ততা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন এটার সঙ্গে ডিসেম্বরের সঙ্গে কোনো সংযোগ বা
সম্পৃক্ততা আছে কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বাংলাদেশে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো কিছু করতে পারবে সেটা আমরা বিশ্বাস করি না।”
"টাকা-পয়সা খরচ করে নাশকতার সৃষ্টির চেষ্টা হতে পারে" বলেও মন্তব্য
করেন তিনি।
“কিন্তু যেহেতু তাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে লুটের টাকা-পয়সা।
তারা কোথাও কোথাও কোনো না কোনো ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে টাকা-পয়সা
খরচ করে। সেটার সাথে তারা লিংকড থাকতেই পারে। এটার মানে এই না যে, ডিসেম্বরে তার
ফেরার পথ তৈরি করার জন্য এটা হচ্ছে, সেভাবে সরকার অন্তত মনে করে না।”
মিরপুরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের সূত্র ধরে আজ মঙ্গলবারও ঢাকার মিরপুরে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
টেলিভিশন চ্যানেলগুলোয় পরিস্থিতি সরাসরি দেখানো হচ্ছে। এসব লাইভে দেখা যায়, মঙ্গলবার সকালে মিরপুরের বিভিন্ন গার্মেন্টে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে
শুরু করে। সকাল পৌনে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে এবং
আশেপাশের গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করলে মেইন রোড থেকে গলিতে
গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে
ঢিল-পাটকেল ছুঁড়লে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। এ সময় মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।
আইন-শৃঙ্খলা ব্যাপক সংখ্যক বাহিনীর সদস্যদের মিরপুরে অবস্থান
নিতে দেখা গেছে। প্রধান সড়ক থেকে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড
গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে চেষ্টা করলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে মিরপুর ১১ থেকে সরে গিয়ে শ্রমিকরা কালশী মোড়ে
যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তারা সেখানে যেতে পারেনি। তবে আশেপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে
ঢিল-পাটকেল ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা।
মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত এবং কালশীর প্রধান সড়কে যান
চলাচল যাতে ব্যাহত না হয় সেই চেষ্টা করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নেপালে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে বিদেশি নাগরিক নিহত
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, এভারেস্ট বেসক্যাম্প, ফাইল ছবি
নেপালে এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেছেন নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল।
এই দুর্ঘটনায় একজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন।
সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপাও দুর্ঘটনায় একজন বিদেশি পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির জাতীয়তা এখনও জানা যায়নি।
থাপার তথ্য মতে, আহত আরেক ব্যক্তিকে হেলিকপ্টারে করে লুকলায় নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা আরেকটি হেলিকপ্টার বেস ক্যাম্পের কাছে একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
জ্ঞানেন্দ্র ভূল বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুষারের আচ্ছাদনের কারণে হেলিকপ্টার দুটি হয়তো অন্য একটি হেলিপ্যাডে অবতরণের চেষ্টা করেছিল।
কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার এবং এয়ার ডাইনেস্টির মালিকানাধীন ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
"রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি
দিচ্ছে যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়; এটা আমরা কঠোর হস্তে দমন করবো," এই মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের
চলমান আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।
“আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কেউ যদি কোনো রকমের গার্মেন্টস-কারখানা
বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব,” বলেন মি. আহমদ।
পরে অনেক কারখানাই বন্ধ থাকার কথা সাংবাদিকরা তাকে জানালে তিনি বলেন, “আশা করা এগুলো
খুব শিগগিরই খোলার ব্যবস্থা করা হবে।”
তিনি সোমবারের কথা উল্লেখ করে জানান, প্রায় সব শ্রমিক সংগঠনের
নেতা, মালিক ও ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএসহ সবার সাথে সরকারের আলোচনা
হয়েছে। সবাই সন্তুষ্ট বলে উল্লেখ করেন তিনি।
“কিছু কিছু দুষ্কৃতকারীরা হয়তো হামলা-টামলা করতে চাচ্ছে। কারণ
শ্রমিকদের দাবি-দাওয়া যেটা ছিল আমরা সেটা ফুলফিল করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে। তারা
সন্তুষ্ট হয়েছে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ডে দর কষাকষি
করবে বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “কিন্তু এখন কোনো অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ তো নাই। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন
স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হস্তে দমন করবো।”
আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারের আশুলিয়াতে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম।
তিনি মঙ্গলবার বেলা ১১টার দিকে জানান, "সব কারখানাই খোলা ছিল। পরবর্তীতে শ্রমিকরা বের হয়ে যাওয়ায় এখন পর্যন্ত আনুমানিক ৬০টির ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।"
তিনি জানান, "নরসিংহপুর, নিশ্চিন্তপুরে কোনো রাস্তাই অবরোধ করতে পারেনি। পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে সব রাস্তা চলমান রেখেছি। কেউ রাস্তা অবরোধ করতে পারেনি।"
গাজীপুর ও আশুলিয়ায় আজও বিক্ষোভ-সড়ক অবরোধ
ছবির উৎস, Screeb Grab
ছবির ক্যাপশান, চার দিন ধরে ঢাকার পার্শবর্তী এলাকার পোশাক কারখানাগুলোর আশপাশে বিক্ষোভ-অবরোধ চলছে, ছবিটি মঙ্গলবার সকালে আশুলিয়া এলাকার
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকার আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সকাল নয়টা থেকে ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল আটটা থেকে চন্দ্রা বাইপাস সড়কে যান চলাচল
বন্ধ করে সড়কেই অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এছাড়া গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ি এবং পল্লী বিদ্যুৎ এলাকায়ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করতে দেখা গেছে।
গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে
অবস্থান নিয়েছেন। সাঁজোয়া যান, জলকামান নিয়ে শ্রমিকদের অবরোধ তুলে দিতে চেষ্টা
করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে, শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আশুলিয়ার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখা যায় বিক্ষোভকারী।
মঙ্গলবার এই এলাকায় প্রায় সব কারখানাই খুলে দেওয়া হয়।
নরসিংহপুরের প্রায় বেশিরভাগ কারখানাতেই কাজে যোগ দেন শ্রমিকরা। পরে সহিংস পরিস্থিতি তৈরি হলে আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সাধারণ ছুটির পরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু কারখানার শ্রমিকরা আবার
সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক।
ছবির ক্যাপশান, বিক্ষোভ শুরু হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন পোশাক কারখানা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্রমাগত হামলার গত গত অগাস্টে কেশম দ্বীপের দক্ষিণ প্রান্তের অদূরে তেলের একটি আস্তরণ দেখা দেয়
ইরানের কেশম দ্বীপের একটি অংশে বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশের এক ঘণ্টা পর, মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায় যে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমিত আকারের হামলায় কেশম দ্বীপের কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, “মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেছেন যে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপকে লক্ষ্যবস্তু করেছে”।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন গোপনে ইরানের বিরুদ্ধে যে ধারাবাহিক সীমিত হামলা চালিয়েছে, এটি তারই সর্বশেষ ঘটনা। একই সময়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও বলেছেন।
ফক্স নিউজ জানিয়েছে, কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইরান একটি মার্কিন বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপকে লক্ষ্যবস্তু করে।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেন, এই হামলা ছিল “প্রতিরক্ষামূলক”। তিনি আরও বলেন, এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা পুনরায় শুরু হওয়া বা উত্তেজনা বৃদ্ধির সূচনা হিসেবে দেখা উচিত নয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ বলেন, একজন মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন যে সোমবার রাতে “বিপ্লবী গার্ড বাহিনী কেশম দ্বীপ থেকে হরমুজ প্রণালিতে থাকা একটি মার্কিন বিমানের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার অংশ হিসেবে মার্কিন যুদ্ধবিমানটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করে।”
একই সময়ে, বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা ইরানের এই দ্বীপের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।
সাধারণত এক্স প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে হামলা শুরু ও শেষ হওয়ার ঘোষণা দিয়ে থাকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর সেন্টকম। তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তারা এসব খবরের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।
শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক কারখানার শ্রমিকদের ঘরে ও কর্মস্থলে বা কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে”।
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক”।
বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এসব মামলা হয়েছে বলে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের সম্পূরক পরীক্ষা দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।