সাঈদ খোকনের পর নাহিদ, আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে?

বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন (বা থেকে)
ছবির ক্যাপশান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন (বা থেকে)
    • Author, মরিয়ম সুলতানা
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published
  • পড়ার সময়: ৮ মিনিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগের মধ্যেই গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

শুধু এই নেতারাই নন, গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে।

বুধবার গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে।

গ্রেফতারকৃতদের অনেককে নাশকতার অভিযোগে করা মামলা, সন্ত্রাসবিরোধী আইন কিংবা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কারও বিরুদ্ধে রয়েছে আগের সহিংসতার ঘটনায় করা মামলা।

কিন্তু প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের পরিচিত এসব নেতা এতদিন কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে বর্তমানে গ্রেফতার অভিযান কেন বাড়ানো হয়েছে, এখন একের পর এক গ্রেফতারের সঙ্গে দলটির চলমান রাজনৈতিক কর্মসূচি ও সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর কোনো সম্পর্ক আছে কি?

গ্রেফতারের সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
ছবির ক্যাপশান, গ্রেফতারের সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নুরুল ইসলাম নাহিদসহ পরিচিত নেতাদের গ্রেফতার

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিবিসি বাংলাকে বলেছেন, রাত দুইটা ২০ মিনিটের দিকে নুরুল ইসলাম নাহিদকে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

মি. মনসুর তখন জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

পরে জুলাই গণ-অভ্যুত্থানকালে ঢাকার উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নুরুল ইসলাম নাহিদকে আটকের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে মি. নাহিদ ও তার পরিবারের সদস্যদের অভিযোগ করতে দেখা যায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে তাদের বাসায় কিছু লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা-পয়সা ও গহনা নিয়ে গেছে।

এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে বলতে শোনা যায় ভিডিওতে।

নুরুল ইসলাম নাহিদ ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ডিএসসিসি'র সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন
ছবির ক্যাপশান, ডিএসসিসি'র সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এর আগে, গত ১৭ই নভেম্বর রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।

পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সাঈদ খোকনকে এবং তার গ্রেফতারের ঘটনাও এমন সময়ে ঘটেছে, যখন দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

এদিকে, বুধবার সাঈদ খোকনের রিমান্ড শুনানিতে অংশ নিতে গিয়ে আদালত চত্বরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন তার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ।

এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং এর কয়েক ঘণ্টা পর সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত নয়ই নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে বিস্ফোরণের ঘটনায় মামলাটি করা হয়েছিল।

একই মামলায় আরও দু'জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

তবে আদালতে মি. সোহাগ দাবি করেন, তিনি সাঈদ খোকনের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান।

সেইসাথে, বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি।

অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি
ছবির ক্যাপশান, অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি

এ ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

সংগঠনটি বলেছে, সাইফুল ইসলাম সোহাগের ওপর আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করে হামলা চালানো হয়। কিন্তু কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে তার আইনজীবীকে আক্রমণ বা হয়রানি করা গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, আওয়ামী লীগের ওই দুই পরিচিত নেতার বাইরে বুধবার গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে।

আটক হওয়ার আগে বেশ কয়েকবার সামাজিক মাধ্যমের ভেরিফায়েড ফেসবুকে এসে লাইভ করেছিলেন জ্যোতিকা জ্যোতি। এতে তিনি দাবি করেছিলেন, তিনি কোনো অন্যায় করেননি।

এসময় তাকে হাতকড়া না পরানোর অনুরোধও করেন মিজ জ্যোতি।

তবে, বৃহস্পতিবার সকালে তার প্রোফাইলে ভিডিওগুলো আর পাওয়া যায়নি।

জ্যোতিকা জ্যোতি ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। পরে ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন বিতর্কিত 'আলো আসবেই' হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর ওই বছরের ১৭ই সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে কর্মস্থল ছেড়ে যান মিজ জ্যোতি।

মঙ্গলবার রাতে ঢাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়, ফাইল ছবি
ছবির ক্যাপশান, মঙ্গলবার রাতে ঢাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়, ফাইল ছবি

রাজধানী ও বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান

পরিচিত নেতাকর্মীদের গ্রেফতারের পাশাপাশি গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ঢাকার মিরপুর, তেজগাঁও, ওয়ারী, গুলশান, লালবাগ, উত্তরা, রমনা ও মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, গানপাউডারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালেই আরেকটি পৃথক বার্তায় ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগের দিন বুধবার ডিএমপি জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ঢাকার রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৭১ জন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবারও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন সদস্যকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

অর্থাৎ, গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের তথ্য আসছে পুলিশের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

গোপালগঞ্জে পুলিশের একটি গাড়ি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে
ছবির ক্যাপশান, গোপালগঞ্জে পুলিশের একটি গাড়ি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে (ফাইল ছবি)

আ'লীগ নেতাদেরকে এখনই কেন গ্রেফতার করা হচ্ছে?

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচি ও সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে দলটির নেতাদের একের পর এক গ্রেফতারের কোনো সম্পর্ক রয়েছে কি না এবং আওয়ামী লীগ সরকার পতনের পর এতদিন পর নুরুল ইসলাম নাহিদ ও সাঈদ খোকনসহ ‌এখন গ্রেফতার হওয়া নেতারা কোথায় ছিলেন?

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের কাছে এসব জানতে চাওয়া হলে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন, নুরুল ইসলাম নাহিদ ও সাঈদ খোকন দু'জনই এতদিন দেশে ছিলেন। তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্বন্ধে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।

তার ভাষ্য, "নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা। আমি ওনাকে নিয়ে আসিনি বা এখনো জিজ্ঞাসাবাদ করিনি। যতটুকু জানলাম যে উনি দেশের ভিতরেই ছিলেন।"

অন্যদিকে, সাঈদ খোকনও এতদিন আত্মগোপনে ছিলেন বলে জানান ডিবিপ্রধান।

"সাঈদ খোকন সাহেব দেশেই ছিলেন। উনি পলাতক অবস্থায় ছিলেন। উনি বিভিন্ন জায়গায় লোকেশন চেঞ্জ-টেঞ্জ করে থাকতেন আর কি," বলেন শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান এ-ও বলেন, আত্মগোপনে থাকা নেতারা সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যোগাযোগ ও তৎপরতা বাড়িয়েছেন। ফলে তাদের অবস্থান শনাক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

"উনারা পলাতক ছিলেন। এখন দেখছে যে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, উনাদের কাছে বাইরে থেকে বিভিন্নজন, বিভিন্ন সিনিয়র নেতারা ফোন করতেছে। উনারা একটু নড়াচড়া করতেছে। যখন নড়াচড়া করতেছে, তখন তো স্বাভাবিকভাবে একটু বাইরে আসতে হয়। দুই-চারজন নেতার সঙ্গে যোগাযোগ করতে হয়," বলেন তিনি।

গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে বৃহস্পতিবারের ছবি
ছবির ক্যাপশান, গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ, বৃহস্পতিবারের ছবি

তিনি আরও বলেন, কেউ একটি কক্ষের মধ্যে আত্মগোপনে থাকলে তাকে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তিনি পুরোনো পরিচিতজনের সঙ্গে যোগাযোগ শুরু করলে তার অবস্থান শনাক্ত করার সুযোগ তৈরি হয়।

"আপনি একটা সময় বা নির্দিষ্ট সময় পর হয়তো মনে করলেন যে না এখন আমার কিছু কন্ট্রিবিউট করা দরকার বা আমার দুই চারজন পুরাতন লোকদের সঙ্গে যোগাযোগ করা দরকার। যখন যোগাযোগ করবেন বা আপনার দুই একজনের খোঁজখবর নেবেন, তখন তো এগুলো হবে," যোগ করেন মি. ইসলাম।

তাহলে কি চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যেই এসব গ্রেফতার করা হচ্ছে?

জবাবে ডিবিপ্রধান বলেন, "যারা এ সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা বিভিন্নভাবে এদেরকে উৎসাহিত করতেছে বা বিভিন্নভাবে এখানে কন্ট্রিবিউট করতেছে, কোনো না কোনোভাবে জড়িত, এই ইনফরমেশনের ভিত্তিতেই তো আমরা তাদেরকে গ্রেফতার করছি।"

তবে নুরুল ইসলাম নাহিদ বা সাঈদ খোকন সাম্প্রতিক কোন সহিংস ঘটনায় কীভাবে জড়িত ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান বিবিসি বাংলাকে বলেন, সম্প্রতি গ্রেফতার হওয়া নেতাদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে।

"এতদিন হয়তো উনারা পলাতক ছিলেন, হয়তো ইনফরমেশন ছিল না। এখন ইনফরমেশনের ভিত্তিতে ধরছে। ওনাদের বিরুদ্ধে তো আগে থেকেই অভিযোগ আছে," যোগ করেন তিনি।

তবে আওয়ামী লীগের চলমান কর্মসূচির সঙ্গে এসব গ্রেফতারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে জানা যেতে পারে বলে জানান তিনি।

মাহদী আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা
ছবির ক্যাপশান, মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা

সরকারের অবস্থান কী?

চলমান সহিংস পরিস্থিতির মাঝে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে হঠাৎ গ্রেফতার করাটা সরকারের বিশেষ কোনো পদক্ষেপ কি না, জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের কাছে।

জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে 'নাশকতা ও সহিংসতা' সৃষ্টির চেষ্টা করছে।

"গণতন্ত্রের পক্ষের প্রতিটি শক্তি এক হয়ে এই অরাজকতা এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য একযোগে কাজ করে চলেছে। আইনশৃঙ্খলা বাহিনী যে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, সেখানে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করছে," বলেন মাহদী আমিন।

নুরুল ইসলাম নাহিদ ও সাঈদ খোকনের মতো পরিচিত নেতাদের এতদিন গ্রেফতার না করে এখন গ্রেফতার করাটা সরকারের বিশেষ কোনো সিদ্ধান্তের অংশ কি না, এমন প্রশ্ন তাকেও করা হয়েছিল।

কিন্তু তিনি এর কোনো সরাসরি উত্তর দেননি। এ প্রসঙ্গে তার বক্তব্য, দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার অব্যাহত ধারা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

"আমরা দেখেছি, সাম্প্রতিক সময়ে যে ফ্যাসিবাদী অপশক্তি গোষ্ঠীবদ্ধভাবে দেশে এবং বিদেশে অরাজকতা করার অপচেষ্টা করে চলেছে, সেক্ষেত্রে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনী একযোগে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে চলেছে।"

"গোপালগঞ্জে বলুন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বলুন, লন্ডনে কিংবা নিউইয়র্কে কিংবা ভেনিসে, বিশ্বের বিভিন্ন দেশে যে সন্ত্রাসী কার্যক্রম-সংঘবদ্ধ আক্রমণ চলছে, এটি কোনোভাবেই দেশের মানুষ মেনে নেয় না।"

ভবিষ্যতেও এ ধরনের গ্রেফতার অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, "দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, অবশ্যই গণতন্ত্র সমুন্নত রাখার প্রয়োজনে, জনগণের নিরাপত্তার ক্ষেত্রে তথ্য প্রমাণের ভিত্তিতে যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন, সেটা অব্যাহত থাকবে।"