পত্রিকা: '১৮ জেলায় ছড়িয়েছে আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৭ মিনিট

নিউ এইজের প্রধান শিরোনাম— 4 killed amid surge in AL violence across 18 districts; অর্থাৎ ১৮ জেলায় ছড়িয়েছে আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪।

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন বাস চালকের সহকারী, অপর তিনজন বিএনপির কর্মী। আর এই সহিংসতা ছড়িয়েছে ঢাকাসহ ১৮টি জেলায়।

যে ১৮টি জেলায় সহিংসতা হয়েছে, সেগুলো হলো— গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল, নওগাঁ ও ঢাকা।

গত মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেইসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাস, পুলিশের স্থাপনা, বিএনপি কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখা।

গতকাল বুধবার সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল গোপালগঞ্জ। সেখানে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে শত শত গাছ কেটে ফেলা হয়েছে।

সেখানে আওয়ামী লীগ কর্মীরা পুলিশ পরিদর্শক আবু আলমকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে; তিনি গুরুতর আহত হয়েছেন।

নিউ এইজ
সমকাল

সমকালের প্রধান শিরোনাম— আ. লীগ সন্ত্রাসী, মাথা তোলার আগে গুঁড়িয়ে দেওয়া হবে। এ খবরে বলা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তোলার আগেই তাদের গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, 'এরা কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে।

এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।'

গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

৩৮ মিনিটের বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার কথা তুলে ধরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহবান জানান।

কালের কণ্ঠ

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও সহিংস পরিস্থিতি মোকাবেলায় বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় ফিরে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরপরই তাদের এলাকায় ফিরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা বাড়াতে গতকাল বুধবার নির্দেশনা দেন তিনি।

এদিন জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।

নয়া দিগন্ত

নিয়ন্ত্রণহীন গোপালগঞ্জ, উত্তপ্ত পরিস্থিতি— নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা ও আতঙ্ক।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ও বিজিবির সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ একাধিক বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার সাত স্থানে সড়ক অবরোধ ও রামদা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার মধ্যে কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে আহত করা হয়েছে; হামলা হয়েছে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার মোতায়েন করা হলেও কাটেনি উত্তেজনা। বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। একের পর এক সহিংস ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন।

আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বণিক বার্তা
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বণিক বার্তার প্রধান খবর— মজুরি নিয়ে রক্তপাত সংঘাত শুধু বাংলাদেশের পোশাক খাতেই । এ খবরে বলা হয়েছে, বাংলাদেশে মজুরি বৃদ্ধি নিয়ে পোশাক শ্রমিকদের অসন্তোষে বিক্ষোভ থামেনি। তাতে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনাও ঘটছে।

পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন-বিক্ষোভ নতুন নয়। কয়েক বছর পরপরই এ নিয়ে রক্তপাত, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে।

তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানে মজুরি নিয়ে বিরোধ বা শ্রমিক আন্দোলন নেই, এমন নয়।

তবে বাংলাদেশের মতো শ্রমিক বিক্ষোভে শিল্পাঞ্চল থেকে মহাসড়কে সংঘর্ষ, রক্তপাত এবং একযোগে বিপুলসংখ্যক কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার মতো ঘটনা আর কোথাও দেখা যায় না।

মজুরি নির্ধারণের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় প্রতিযোগী দেশগুলোর মধ্যে পার্থক্যও রয়েছে।

এদিকে, দেশের তৈরি পোশাক শিল্পের মালিকরা বলছেন, অন্য খাতগুলোয় মজুরি কখন নির্ধারণ হয়, কখন বোর্ড গঠন করা হয় এবং কখন তা বাস্তবায়ন হয়, সেসব নিয়ে তেমন আলোচনা শোনা যায় না। বিভিন্ন খাতে মজুরি নির্ধারণের সময়সূচি ও বাস্তবায়ন নিয়ে নানা ঘাটতি রয়েছে।

কিন্তু তৈরি পোশাক খাতেই মূলত মজুরি নির্ধারণকে কেন্দ্র করে বারবার অস্থিরতা তৈরি হচ্ছে। এর পেছনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা, রাজনৈতিক প্রভাব কিংবা দেশের বাইরের শক্তির সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা তারা বলছেন।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টারের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— 111 targeted for free speech in 10 months; অর্থাৎ মতপ্রকাশের জেরে ১০ মাসে ১১১ জন নিপীড়নের শিকার।

এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দশ মাসে বাংলাদেশে মতপ্রকাশের কারণে ৮৬টি ঘটনায় অন্তত ১১১ জন ব্যক্তি মামলা, গ্রেপ্তার ও নিপীড়নের শিকার হয়েছেন।

গতকাল বুধবার রাজধানীতে 'মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার' শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

এইচআরএসএস এর গবেষণায় দেখা গেছে, এই ১১১ জনের মধ্যে ৬২ জন — অর্থাৎ ৫৫.৯ শতাংশ ব্যক্তি প্রধানমন্ত্রী, তার পরিবার, সরকার অথবা বিএনপি নেতাদের সমালোচনা করার কারণে বিভিন্ন পদক্ষেপের (মামলা, গ্রেপ্তার ইত্যাদি) মুখোমুখি হয়েছেন।

মামলাগুলোর বিশ্লেষণে ৬৬টি এমন ঘটনা শনাক্ত করা হয়েছে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা চর্চার কারণে ব্যক্তিদের হয়রানি করতে আইনকে অপব্যবহার করা হয়েছে।

এছাড়া, অন্তত চারজন ব্যক্তি শারীরিক হামলার শিকার হয়েছেন এবং দুজন ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। আটজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

যাদের পেশা শনাক্ত করা গেছে এমন ৮৪ জনের মধ্যে ২৫ জন— অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশই সাংবাদিক। এদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজকের পত্রিকা

সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ— আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার পাশাপাশি অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের মধ্যে থেকে নানামুখী কঠোর অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জকে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে প্রাণহানি ঘটলে আওয়ামী লীগ সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ধরে এগোনোর পাশাপাশি সহিংসতা ও জনসাধারণের চলাচলে বাধা মোকাবিলায় প্রস্তুতি রাখা হচ্ছে।

মানবজমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক— মানবজমিনের প্রথম পাতার খবর এটি।

খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা ছাড়া আর কারও উপস্থিতি ছিল না। উভয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহত্তর স্বার্থে ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে শিরোনামে দৈনিকটির আরেকটি খবরে বলা হয়েছে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, দু'টি নির্বাচনের মধ্যদিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও আরেকটি এখনো হয়নি।

ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

টাইমস অব বাংলাদেশ

টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Govt seeks nationwide BGB deployment amid AL unrest; অর্থাৎ আওয়ামী লীগের অস্থিরতায় সারাদেশে বিজিবি চায় সরকার।

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগে আগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

কোথাও আক্রান্ত হয়েছে বিএনপির কার্যালয়, কোথাও আওয়ামী লীগের। ক্ষমতাচ্যুত দলটির নেতাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।

এই পরিস্থিতিতে উদ্বিগ্ন সরকার সারাদেশে বিজিবি মোতায়েন করতে চায়। সেই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ এবং আওয়ামী লীগ সমর্থিত সব প্রতিষ্ঠান ও এনজিও কর্মীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য যাচাইয়ে করাতে চায় তারা।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশের কথা উল্লেখ করে লেখা হয়, 'দেশে ফেরার চেষ্টা বাস্তবায়িত হোক বা না হোক, তার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি সমাবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি রয়েছে। পাশাপাশি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে।'