রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?

প্রায় দশ বছর ধরে বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাস করছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকরা
    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published
  • পড়ার সময়: ৬ মিনিট

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ ভূখণ্ডে ফেরাতে পারবে কিনা, সেই প্রশ্ন সামনে আসছে।

আন্তর্জাতিক বিচার আদালত জাতিগত নিধন বা জেনোসাইডের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেওয়ার পরই উল্লাস করেছেন বাংলাদেশের কক্সবাজারের শিবিরগুলোয় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা।

এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারও। এর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এই রায়ের ওপর ভিত্তি করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরাতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক মহল আরও চাপ তৈরি করবে।

তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন এবং দায়ীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই রায় কতটা ভূমিকা রাখতে পারবে এ নিয়ে নানা আলোচনা হচ্ছে।

বলা হচ্ছে যে, রায় কার্যকর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয় আন্তর্জাতিক বিচার আদালতকে।

ফলে রোহিঙ্গাদের জন্য এই রায়কে প্রতীকী হিসেবেই দেখছেন অনেকে।

যদিও এটিকে 'ঐতিহাসিক রায়' বলে উল্লেখ করেছেন গাম্বিয়ার মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি।

তার মতে, এই রায় রোহিঙ্গাদের নিজ ঘরে ফেরার সুযোগ করে দিতে মিয়ানমারকে দুই বছর সময় দিয়েছে।

তবে, যদি এটি সম্ভব না হয়, তাহলে কী পরিমাণ ক্ষতিপূরণ রোহিঙ্গাদের প্রাপ্য, সেটি মূল্যায়ন করবে আদালত, বলেন তিনি।

এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনীর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিবিদরা।

আর এই রায়ের মধ্য দিয়ে 'মিয়ানমারের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে' বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

উল্লেখ্য যে, এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আন্তর্জাতিক বিচার আদালত।

রায় প্রকাশের পর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে উদযাপনের দৃশ্য
ছবির ক্যাপশান, রায় প্রকাশের পর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে উদযাপনের দৃশ্য

রায়ে যা বলা হয়েছে

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে-তে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ দায়ের করে।

মামলার পরের বছর, অর্থাৎ ২০২০ সালের জানুয়ারিতে, আইসিজে একটি অন্তর্বর্তী আদেশ দেয়। সেই আদেশের প্রায় ছয় বছর পর চূড়ান্ত রায় দিল আদালত।

রায়ের শুরুতেই মামলার প্রেক্ষাপট এবং রায় প্রদানের প্রক্রিয়া তুলে ধরেন আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে বিচারক ইওয়াসাওয়া ইউজি।

বিচারক ইউজি বলেন, ২০১৭ সালের অগাস্ট মাসের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া সাক্ষীদের বক্তব্য আদালত শুনেছে।

"গাম্বিয়ার সাক্ষীদেরকে তাদের সাক্ষ্য দেওয়া নির্দিষ্ট ঘটনাগুলোর বিবরণ বিশ্বাসযোগ্য বলে মনে করেছে আদালত," বলেন তিনি।

এসময় সাক্ষ্যপ্রমাণ মূল্যায়ন এবং তদন্তের ক্ষেত্রে মিয়ানমারের ব্যর্থতা এবং অসহযোগিতার দিকেও ইঙ্গিত করেন বিচারক ইউজি।

রোহিঙ্গারা যে প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারে বসবাস করছে সেটি অনুসন্ধানে পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।

"আদালত মনে করে যে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধ ক্রমান্বয়ে তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে এবং তাদেরকে প্রান্তিক ও বিশেষভাবে অরক্ষিত করে তুলেছে, অপরদিকে সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতাকে উস্কে দিয়েছে," বলেন বিচারক।

বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত যে, "মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু স্থানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।"

এছাড়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনী শিশুদের ওপর চরম সহিংসতা চালিয়েছে বলেও উল্লেখ করেন আইসিজে বিচারক। এমনকি রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনও তাদের ওপর হামলা করা হয়।

বিচারপতি ইউজি বলেছেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনা অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলেও প্রমাণ পেয়েছে আইসিজে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গাদেরকে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন আইসিজে বিচারক।

কয়েক দশক ধরে মিয়ানমার তাদের প্রতি বৈষম্য করে আসছে বলেও প্রমাণ রয়েছে বলে জানান বিচারক।

রায় পড়েন আন্তর্জাতিক বিচার আদালত এর বিচারপতি ইওয়াসাওয়া ইউজি
ছবির ক্যাপশান, রায় পড়েন আন্তর্জাতিক বিচার আদালত এর বিচারপতি ইওয়াসাওয়া ইউজি

আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার লক্ষ্যবস্তু করেছিল।

রোহিঙ্গা গোষ্ঠীর ওপর মিয়ানমারের আরোপিত বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছে, সে বিষয়েও রায়ে উল্লেখ করেন বিচারক ইওয়াসাওয়া।

তিনি বলেন, মিয়ানমার এমন একটি আঞ্চলিক আদেশ জারি করেছিল, যেখানে 'বাঙালি হিসেবে পরিচিত ব্যক্তিদের জন্য বিশেষ বিবাহের অনুমতির শর্ত' ছিল এবং বিবাহিত দম্পতিদের সন্তানের সংখ্যা দুইটিতে সীমিত করা হয়েছিল।

নীতিগুলো রোহিঙ্গা জন্মহার নিয়ন্ত্রণে সফল না হলেও মিয়ানমার স্বীকার করে যে, এই পদক্ষেপগুলোর উদ্দেশ্য ছিল এই জনগোষ্ঠীর জন্মহার কমানো, বলেন বিচারক।

আদালত দেখতে পেয়েছে যে, ২০১৭ সালের অভিযানে মিয়ানমারের সামরিক বাহিনী "পরিকল্পিতভাবে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছিল"।

রোহিঙ্গা বিরোধী প্রচারণা এবং অপসারণ অভিযানের মধ্যে মিল পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।

আদালতের ভাষ্য মতে, এসব বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যবস্তু বানানোর জন্য অনুকূল পরিবেশ তৈরিতে অবদান রেখেছে।

গণহত্যা কনভেনশনের তিন নম্বর অনুচ্ছেদের অধীনে অপরাধী কমান্ডারসহ ব্যক্তিদের তদন্ত, বিচার এবং শাস্তি দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছে আইসিজে।

বিচারপতি ইওয়াসাওয়া বলেন, "আদালত মনে করে যে মিয়ানমার তার কৃতকর্মের জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য।" কিন্তু এর নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেনি আদালত।

এই রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে ক্ষতিপূরণ প্রদানের পদ্ধতি গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন তৈরির নির্দেশনাও দিয়েছেন আদালত।

এছাড়া মিয়ানমারকে অবশ্যই গণহত্যা কনভেনশন অনুযায়ী এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার বিষয়ে আশ্বাস ও নিশ্চয়তা দিতে বলা হয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রাপ্য ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং পদ্ধতি আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে।

অবশ্য গাম্বিয়া দাবি করেছে যে, শাস্তিযোগ্য অপরাধের শিকার সকল রোহিঙ্গা ভুক্তভোগীকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।

গাম্বিয়ার প্রতিনিধিদল, যারা আইসিজে-তে মামলাটি দায়ের করেছিলেন
ছবির ক্যাপশান, গাম্বিয়ার প্রতিনিধিদল, যারা আইসিজে-তে মামলাটি দায়ের করেছিলেন

গাম্বিয়া কেন মামলা করলো?

গণহত্যা প্রতিরোধ কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে ২০১৯ সালের ১১ই নভেম্বর মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

এই কনভেনশন অনুযায়ী, যেকোনো সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজে-তে মামলা করতে পারে, এমনকি সে নিজে সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও।

অভিযোগে বলা হয়, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে।

২০২০ সালের জানুয়ারিতে এই মামলার ওপর একটি অন্তর্বর্তী আদেশ দেয় আইসিজে। যেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নমূলক সব কাজ বন্ধ করতে মিয়ানমারকে নির্দেশ দেয় আদালত।

কিন্তু বাস্তবে মিয়ানমার এই আদেশ কতটা মেনেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

মামলার শুনানি চলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষই তাদের যুক্তি তুলে ধরে।

মিয়ানমার দাবি করে যে, ওই সময় সেনা অভিযান চালানো হয়েছিল মূলত সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে, গণহত্যার উদ্দেশ্য ছিল না।

অন্যদিকে, গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয় যে, রোহিঙ্গা জনগোষ্ঠীদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, ধর্ষণ, শিশু হত্যা — এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ।

কক্সবাজারে জড়ো হয়ে আদালতের রায় দেখছেন রোহিঙ্গারা
ছবির ক্যাপশান, কক্সবাজারে জড়ো হয়ে আদালতের রায় দেখছেন রোহিঙ্গারা

এখন রোহিঙ্গাদের অবস্থা কী?

২০১৭ সালের ২৫শে অগাস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামের একটি সশস্ত্র গোষ্ঠী রাখাইনের প্রায় ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

এরপর মাত্র কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কেউ হেঁটে, কেউ নৌকায় নাফ নদী পেরিয়ে।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় তখন বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির গড়ে ওঠে।

বাংলাদেশ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা আরআরআরসি এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতির অবণতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরসা ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মতো গোষ্ঠীর উপস্থিতিতে মাদক পাচার, অপহরণ ও হত্যার ঘটনা বেড়েছে বলে দাবি করা হয়।

২০২৪ ও ২০২৫ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর লড়াই তীব্র হওয়ার পর নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছেন।

বাংলাদেশে কুতুপালং আশ্রয়শিবিরে একজন রোহিঙ্গা নারী, ফাইল ছবি
ছবির ক্যাপশান, বাংলাদেশে কুতুপালং আশ্রয়শিবিরে একজন রোহিঙ্গা নারী, ফাইল ছবি

প্রত্যাবাসন আলোচনা কতদূর?

মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে যখন রোহিঙ্গা সংকট শুরু হয়েছিল সেই সময় সীমান্ত খুলে দিয়ে আন্তর্জাতিক পরিসরে বেশ প্রশংসা পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু প্রায় দশ বছর পরেও সেই অস্থায়ী আশ্রয়ই এখন বাংলাদেশের জন্য স্থায়ী সংকটে পরিণত হয়েছে।

বরাবরই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কথা বলে আসছে বাংলাদেশ। ২০১৭ সালের পর বাংলাদেশ ও মিয়ানমার দুই দফায় প্রত্যাবাসন চুক্তি করেও আনুষ্ঠানিক প্রত্যাবাসন এখনও সম্ভব হয়নি।

মিয়ানমারও বরাবরই যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও যাচাই প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে, মিয়ানমারে ফিরতে চাইলেও নাগরিকত্ব, নিরাপত্তা, এবং চলাচলের স্বাধীনতাসহ বেশ কিছু শর্ত দিয়ে রেখেছেন রোহিঙ্গারা।

সব মিলিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠির নিজ দেশে ফেরত যাওয়ার বিষয়টি এতো দিনেও খুব একটা এগোয়নি।

বরং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এখন হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিয়ে কক্সবাজারে শিবিরগুলোতে রোহিঙ্গারা উল্লাস প্রকাশ করেছেন। তাদের কয়েকজন বিবিসির কাছে প্রতিক্রিয়ায় মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে,এমন প্রত্যাশার কথা বলেছেন।