আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
স্ত্রীকে যৌন সম্পর্কে বাধ্য করা ভারতে অপরাধ? সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
- Author, ভিনীত ভাল্লা
- Role, বিবিসি সংবাদদাতা, দিল্লি
- Published
- পড়ার সময়: ৯ মিনিট
ভারতীয় ফৌজদারি আইন অনুযায়ী, কোনো নারীকে ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করা ধর্ষণ। কিন্তু যদি তার বয়স ১৮ বছর বা তার বেশি হয়, তিনি বিবাহিত হন এবং স্বামী তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে বাধ্য করেন, তাহলে সেই ঘটনা ধর্ষণ বলে গণ্য করা হয় না।
এই ব্যতিক্রমের আইনি বৈধতার বিষয়ে সিদ্ধান্ত এখন ভারতের শীর্ষ আদালতের হাতে। সুপ্রিম কোর্টে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত ১০টি আবেদনের একসঙ্গে শুনানি শুরু হওয়ার কথা ছিল বুধবার ১৮ই নভেম্বর থেকে।
তবে বিকেল পর্যন্ত মামলাগুলির শুনানি শুরু হয় নি বলেই জানা যাচ্ছে।
এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শুনানির সময়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছিলেন, যদি কোনো নারীকে তার স্বামী যৌন মিলনের জন্য বাধ্য করেন, তবে ওই নারী 'নিশ্চিতভাবেই একজন ভিক্টিম'।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি. মোহনার সঙ্গে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ওই বেঞ্চেরই অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেছিলেন, "প্রশ্ন হলো রাষ্ট্র একে ধর্ষণ হিসেবে বিবেচনা করে কি না।"
"এটাই প্রচলিত আইন, সেটা ঠিক হোক বা ভুল। এটা একটা শাস্তিমূলক আইন।"
তিনি এই প্রশ্নও তুলেছিলেন, এই আইনি ব্যতিক্রমের সাংবিধানিক বৈধতা নির্ধারণের আগে আদালত ধর্ষণ মামলা চালানোর অনুমোদন দিতে পারে কি?
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নির্ধারণ করবে যৌন সহিংসতার ঘটনায় অবিবাহিত নারীদের যেভাবে আইনি সুরক্ষা রয়েছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সেটা প্রযোজ্য কি না।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ (২০১৯-২০২১)-র তথ্যে এই সমস্যার তীব্রতার প্রতিফলন দেখা যায়। ১৮ থেকে ৪৯ বছর বয়সী বিবাহিত নারীদের মধ্যে যারা কখনো যৌন সহিংসতার শিকার হয়েছেন, তাদের মধ্যে ৮২ শতাংশ নারী এর জন্য দায়ী করেছিলেন তাদের বর্তমান স্বামীকে। ১৪ শতাংশ নারী তাদের সাবেক স্বামীদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ তোলেন।
সামগ্রিকভাবে, এই বয়সসীমার মধ্যে ৪.৬ শতাংশ বিবাহিত নারী জানিয়েছেন তাদের সম্মতি না থাকলেও শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য তাদের স্বামী বলপ্রয়োগ করেছেন। ৩.৮ শতাংশ নারী অভিযোগ তুলেছেন যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করতে তাদের স্বামীরা হুমকি দিয়েছেন বা অন্য কোনো উপায় অবলম্বন করেছেন।
বিশ্বের বেশির ভাগ দেশে, বৈবাহিক ধর্ষণ অপরাধ।
অন্যদিকে, ভারত সেই ৫০টা দেশের তালিকায় রয়েছে, যেখানে বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতির বিরুদ্ধে গিয়ে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ হিসেবে বিবেচিত হয় না।
আইনের দিক থেকে প্রশ্ন কী কী?
এই মামলায় ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৭৫ ধারার দুই নম্বর ব্যতিক্রমকে আইনত চ্যালেঞ্জ জানানো হয়েছে। এই দুই নম্বর ব্যতিক্রমকে ২০২৩ সালের ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ৬৩ ধারাতেও সমর্থন করা হয়েছে যার অধীনে, স্বামী যদি ১৮ বছর বা তার বেশি বয়সের স্ত্রীর সঙ্গে যৌন মিলন বা যৌনক্রিয়ায় লিপ্ত হন তাহলে তা ধর্ষণ হিসেবে গণ্য করা হয় না।
এখন সুপ্রিম কোর্টের বেঞ্চকে সিদ্ধান্ত নিতে হবে যে, এই আইনি ব্যতিক্রম বিবাহিত নারীদের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের অধীনে সমতা, ১৫ নম্বর অনুচ্ছেদের অধীনে বৈষম্য থেকে সুরক্ষা এবং ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে জীবন, মর্যাদা, গোপনীয়তা ও নিজ দেহের ওপর অধিকারের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে কি না।
আদালতকে এই প্রশ্নেরও মুখোমুখি হতে হবে যে, এই ব্যতিক্রম অপসারণ করলে নতুন অপরাধ সৃষ্টি হবে কি না।
আইন সংশোধন করার ক্ষমতা রয়েছে সংসদের।
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
আবেদনে কী কী উল্লেখ করা হয়েছে?
এই আবেদনগুলোর মধ্যে একটা দায়ের করেছেন এমন এক ব্যাক্তি, যিনি কর্ণাটক হাইকোর্টের ২০২২ সালের এক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আদালতের ওই সিদ্ধান্তে তার স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
চারটে আবেদন দিল্লি হাইকোর্টের ২০২২ সালের বিভক্ত রায়ের সঙ্গে সম্পর্কিত। ওই মামলায় দুই বিচারপতির বেঞ্চে দু'জনের মত ভিন্ন ছিল।
অন্যদিকে, 'অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন' (এআইডিডব্লিউএ) এবং একজন নারী বর্তমান আইনে বিদ্যমান ব্যতিক্রমকে সমর্থনকারী মতামতকে বাতিল করার দাবি করছেন। স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক যৌন মিলনের অভিযোগ তুলেছিলেন ওই নারী।
'মেন ওয়েলফেয়ার ট্রাস্ট' এবং 'হৃদয়া নেস্ট অফ ফ্যামিলি হারমনি' এবার সেই দ্বিতীয় মতামতকেই চ্যালেঞ্জ করছে, যেখানে ওই ব্যতিক্রম বাতিলের আহ্বান জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টে সরাসরি দায়ের করা চারটে আবেদনের মধ্যে রয়েছে ২০১৯ সালে 'ইয়ুথ ফর ইকুয়ালিটি', ২০২২ সালে সমাজকর্মী রুথ মনোরমা, ২০২৪ সালে এইডওয়া এবং ২০২৫ সালে 'অভেক্ষা উইমেন্স চ্যারিটেবল ট্রাস্ট'-এর দায়ের করা আবেদনও। এর সব কটাই ওই ব্যতিক্রমকে অসাংবিধানিক ঘোষণা করার দাবি তুলেছে।
কয়েকজন আবেদনকারী ভারতীয় দণ্ডবিধির ৩৭৬বি ধারাকেও চ্যালেঞ্জ করেছেন।
এই ধারার উল্লেখ করা আছে যে, বিবাহ বিচ্ছেদের পর স্বামী যদি তার সাবেক স্ত্রীকে জোর করে যৌন মিলনের জন্য বাধ্য করেন, তাহলে দুই থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে। ধর্ষণের জন্য নির্ধারিত সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড ধার্য করা হয়েছে। অর্থাৎ ওই সাজা ধর্ষণের সর্বনিম্ন সাজার চেয়ে কম।
এছাড়াও, আবেদনকারীরা ফৌজদারি কার্যবিধির ধারা ১৯৮বি-কে চ্যালেঞ্জ করেছেন, যে ধারা অনুযায়ী এই ধরনের মামলার শুনানির আগে আদালতকে কিছু অতিরিক্ত পদ্ধতিগত শর্ত পূরণ করতে হয়।
'রেড ডট ফাউন্ডেশন' ২০২৬ সালের মে মাসে একটা পিটিশন দায়ের করেছিল। এতে কর্ণাটক ও দিল্লি হাইকোর্টের ২০২২ সালের সিদ্ধান্ত, দিল্লি হাইকোর্টের ২০২৫ সালের এক আদেশ এবং অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড ও ছত্তিশগড় হাইকোর্টের সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ করা হয়।
এই ব্যতিক্রমের যারা সমর্থক, তাদের যুক্তি, বৈবাহিক সহিংসতার সঙ্গে মোকাবিলার জন্য বিদ্যমান আইনে পর্যাপ্ত বিধান রয়েছে এবং ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে একমাত্র সংসদের কাছে।
ভিন্ন হাইকোর্টের ভিন্ন রায়
গত কয়েক বছরে, বিভিন্ন হাইকোর্ট বৈবাহিক ধর্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন রায় দিয়েছে।
১৯৮৩ সালে, অন্ধ্র প্রদেশ হাইকোর্ট হিন্দু বিবাহ আইনের ধারা নয় নম্বর বাতিল করে। এটা একটা দেওয়ানি আইন যার অধীনে আদালত পৃথকভাবে বসবাসকারী স্বামী-স্ত্রীকে আবার একসঙ্গে বসবাস করার আদেশ দিতে পারে। একে 'বৈবাহিক অধিকার পুনঃস্থাপন' বলা হয়।
হাইকোর্ট জানিয়েছিল এই ধারা সেই সমস্ত নারীদের স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক রাখতে বাধ্য করতে পারে, যারা স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন।
অতএব, স্বামীর কাছে ফেরত পাঠালে রাষ্ট্র সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের অধীনে ওই নারীকে দেওয়া গোপনীয়তা, মর্যাদা ও সমতার অধিকারকে লঙ্ঘন করবে।
২০১৮ সালে, গুজরাট হাইকোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এক চিকিৎসকের বিরুদ্ধে তার স্ত্রীর আনা ধর্ষণের অভিযোগ খারিজ করে দেন। ওই চিকিৎসকের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ করেছিলেন। বিচারপতি পারদিওয়ালা এখন সুপ্রিম কোর্টের বিচারপতি।
জে বি পারদিওয়ালা বলেছিলেন যে ধারা ৩৭৫ এর ব্যতিক্রম দুই 'এই পরিস্থিতিতে স্বামীকে রক্ষা করে।' অর্থাৎ, যে সমস্ত ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাকে ৩৭৫-এর ধারা অনুযায়ী ধর্ষণ হিসেবে গণ্য করা যেতে পারে, কিন্তু যেহেতু বিবাহ বৈধ ছিল তাই স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন হলেও স্বামীর বিরুদ্ধে মামলা করা চলবে না।
আদালত আইপিসির ৩৭৭ নম্বর ধারার অধীনে দায়ের করা অভিযোগও প্রত্যাহার করে। এই ধারার অধীনে 'অস্বাভাবিক যৌন ক্রিয়া' কে অপরাধ হিসেবে গণ্য করত। সাধারণত ওরাল ও অ্যানাল সেক্সের ক্ষেত্রে ব্যবহার করা হতো এই ধারা।
তবে, আদালত আইপিসির ৪৯৮এ-র ধারা মেনে স্বামীর উপর নিষ্ঠুরতার অভিযোগ এবং ৩৫৪ ধারা অনুযায়ী নারীর মর্যাদা লঙ্ঘনের অভিযোগ বহাল রেখেছিল।
বিচারপতি পারদিওয়ালা সংসদকে এই ব্যতিক্রম বাতিল করার আবেদন জানান।
তিনি স্বামীদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে "বিয়ে আপনার স্ত্রীকে জোর করে ধর্ষণের লাইসেন্স নয়।" তিনি একে "সহিংস এবং অন্যায়" বলে অভিহিত করে যা অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত।
২০২২ সালের মার্চ মাসে, কর্ণাটক হাই কোর্টের বিচারপতি এম নাগপ্রসন্না এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীর আনা ধর্ষণের অভিযোগ খারিজ করতে অস্বীকার করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। আদালত মামলায় আইপিসির ধারা ৩৭৭ যোগ করার নির্দেশও দিয়েছিল।
বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ রাখা আইনকে "পিছিয়ে পড়া" আখ্যা দিয়ে আদালত বলেছিল, "পুরুষ পুরুষই, কৃতকর্ম কৃতকর্মই এবং ধর্ষণ ধর্ষণই। তা সেই কৃতকর্ম একজন পুরুষ অর্থাৎ 'স্বামী' একজন নারী অর্থাৎ 'স্ত্রী'-র উপর করুন না কেন।"
আদালত সংসদকে "নিশ্চুপদের কথা শুনতে" এবং এই ব্যতিক্রমকে অপসারণ করতে আহ্বান জানায়। ২০২২ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট আদালতের ওই রায়ে স্থগিতাদেশ জারি করে।
দুই মাস পর, দিল্লি হাইকোর্টের দুজন বিচারপতি এই প্রশ্নে ভিন্ন ভিন্ন রায় দেন।
বিচারপতি রাজীব শাকধর এই ব্যতিক্রম, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬বি ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৯৮বি ধারা বাতিল করে দিয়েছিলেন।
তিনি সেই যুক্তিকে খারিজ করে দিয়েছিলেন যেখানে বিয়ের পর সম্মতিকে স্থায়ী বলে ধরে নেওয়া হয়, এবং বৈবাহিক ধর্ষণকে অব্যাহতি দেওয়ার সুযোগ করে দেয়।
২০১৫-১৬ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে, ৯৯.১ শতাংশ যৌন সহিংসতার ঘটনা অগোচরে থেকে যায় এবং নারীদের তাদের স্বামীদের দ্বারা যৌন সহিংসতার শিকার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ১৭ গুণ বেশি।
তিনি বলেছিলেন যে, ধর্ষণ হয়েছে তা প্রকাশ না করার কারণে স্ত্রীরা নিজ পরিচয় গোপন রাখা, চিকিৎসা সংক্রান্ত সহায়তা এবং ক্ষতিপূরণের মতো সুবিধা থেকে বঞ্চিত হন।
তিনি আরও বলেন যে, এই আইনি অব্যাহতি থেকে স্বামীদের বাদ দেওয়ার অর্থ কোনো নতুন অপরাধ সৃষ্টি করা নয়।
অন্যদিকে, বিচারপতি সি হরি শঙ্কর তার রায়ে এই তিন বিধানকেই বহাল রেখেছিলেন।
তিনি স্বীকার করেছেন যে, স্বামী তার স্ত্রীকে যৌনমিলনে বাধ্য করতে পারেন না। কিন্তু তিনি বিবাহকে এক অনন্য সম্পর্ক হিসেবে বর্ণনা করেছেন, যেখানে "যৌন সম্পর্কের একটা বৈধ প্রত্যাশা" থাকে।
তার মতে, ধর্ষণের ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি অভিযুক্ত হলে স্ত্রীর ক্ষোভের মাত্রা ভিন্ন হয়।
তিনি সতর্ক করে দেন যে, আদালত যদি আইনে বিদ্যমান ব্যতিক্রম প্রত্যাহার করে তাহলে একটা নতুন ধরনের অপরাধ সৃষ্টি হতে পারে যার জন্য ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি, সাক্ষ্য আইনের ১১৪এ ধারাও প্রযোজ্য হবে, যদি যৌন মিলন প্রমাণিত হয় এবং কোনো নারী বলেন যে এতে তিনি সম্মতি দেননি।
বিচারপতি হরি শঙ্কর বলেছিলেন যে, এর ফলে স্বামীর পক্ষে এটা প্রমাণ করা "অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব" হয়ে পড়তে পারে যে তার স্ত্রী "বেডরুমের চার দেয়ালের মধ্যে" সম্মতি দিয়েছিলেন।
২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে হাই কোর্টের তিনটে রায়ে স্বামীদের ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার অধীনে বিচারের আওতায় আনা থেকেও নিষিদ্ধ করা হয়েছে।
রেড ডট ফাউন্ডেশন এই সিদ্ধান্তগুলোকেই চ্যালেঞ্জ জানিয়েছে। ধর্ষণের আওতায় না অভিযোগ না আনতে পারায় কয়েকজন নারী তাদের স্বামীদের বিরুদ্ধে ৩৭৭ ধারা প্রয়োগ করেছিলেন।
আইপিসির ২০১৩ সালের সংশোধনের পর, ওরাল এবং অ্যানাল সেক্সকে ধর্ষণের সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, ব্যতিক্রম দুই-কে সম্প্রসারিত করে "কোনো পুরুষ কর্তৃক তার স্ত্রীর সাথে যৌন মিলন বা যৌন কার্যকলাপ"-এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়।
পরবর্তীকালে, ২০২৪ সালে উত্তরাখণ্ড হাই কোর্ট এবং ২০২৫ সালে ছত্তিশগড় ও দিল্লি হাই কোর্ট ৩৭৭ ধারার অধীনে স্বামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমতি দেয়নি।
আদালত এই মর্মে রায় দিয়েছে যে, ব্যতিক্রম দুই-এর অধীনে স্বামী ও স্ত্রীর সম্মতির প্রশ্ন বিবেচ্য নয়।
ছত্তিশগড় হাইকোর্ট এমনই এক ঘটনায় এক ব্যক্তিকে এমন এক মামলায় খালাস করে দেয়, যিনি তার স্ত্রীকে মারাত্মক ভাবে আহত করার অন্য এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।
সরকারের অবস্থান
২০২৪ সালের অক্টোবর মাসে বর্তমান মামলায় সুপ্রিম কোর্টে দায়ের করা এক হলফনামায়, কেন্দ্র সরকার এই ব্যতিক্রম অপসারণের বিরোধিতা করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে "বিয়ে কোনো নারীর সম্মতি শেষ করে দেয় না" এবং সম্মতি ছাড়া বিবাহিত যৌন সম্পর্ক শাস্তি হওয়া উচিত। তবে, মন্ত্রণালয় এ-ও জানায় যে আইপিসির ৩৭৫ ও ৩৭৬ ধারা অনুযায়ী একে 'ধর্ষণ' বলা হয়, যা অন্তত ১০ বছরের কারাদণ্ড এবং প্রমাণ সাপেক্ষে কঠোর শাস্তির বিধান রয়েছে যা "অত্যন্ত কঠোর এবং তাই অসঙ্গতিপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।"
মন্ত্রণালয় জানিয়েছিল, স্বামীর নিষ্ঠুরতার জন্য ধারা ৪৯৮এ, নারীর মর্যাদা লঙ্ঘনের জন্য ধারা ৩৫৪এ, যৌন হয়রানির জন্য ৩৫৪এ, জোরপূর্বক বিবস্ত্র করার জন্য ৩৫৪বি ধারা এবং গৃহস্থালির সহিংসতা থেকে নারীদের সুরক্ষা আইন, ২০০৫ এর অধীনে 'যথাযথ প্রতিকার' রয়েছে।
এই মামলাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার বদলে, সরকার একে 'সামাজিক বিষয়' হিসেবে বর্ণনা করে, যে বিষয়ে "সংসদ ইতিমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছে" বলে জানিয়েছে।
২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের পর, বিচারপতি জে এস বর্মার নেতৃত্বে একটা কমিটি ২০১৩ সালে ফৌজদারি আইনে সংস্কারের সুপারিশ করেছিল।
কমিটি এই ব্যতিক্রম বাতিল করার এবং বিয়েকে প্রতিরক্ষা বা শাস্তি হ্রাসের ভিত্তি হিসেবে বিবেচনা না করার সুপারিশ করেছে।
তবে, ২০১৩ সালে আইপিসিতে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তনের সময়ে এবং ২০২৩ সালে বিএনএস গঠনের সময় সংসদ এই ব্যতিক্রমকে সরানো হয়নি।
সংসদ ২০০০ সালের ১৭২তম আইন কমিশনের প্রতিবেদন উল্লেখ করেছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল যে এমন করলে "বৈবাহিক সম্পর্কে অতিরিক্ত হস্তক্ষেপ" হয়ে উঠতে পারে।
২০১৩ সালের এক সংসদীয় কমিটিও বলেছিল যে এই ব্যতিক্রম তুলে নেওয়া 'বিবাহ নামক প্রতিষ্ঠানকে ধ্বংস' করতে পারে এবং পরিবারের উপর 'অতিরিক্ত চাপ' সৃষ্টি করতে পারে।
রাজ্যগুলোর সঙ্গে পরামর্শ করার পর, ১৯টা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের মধ্যে ১০টা এই ব্যতিক্রম বজায় রাখার পক্ষে সমর্থন দিয়েছে। এগুলোর মধ্যে ছিল আসাম, ছত্তিশগড়, গোয়া, উত্তর প্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, মণিপুর, উত্তরাখণ্ড, চণ্ডীগড় এবং লাদাখ।
দিল্লি, ত্রিপুরা এবং কর্ণাটক এর বিরোধিতা করে। অন্য ছয় রাজ্যের সরকার এ বিষয়ে কোনো মতামত দেয়নি।
জাতীয় নারী কমিশন বলেছিল, "ভুক্তভুগীদের সাহায্যের জন্য পোক্ত ব্যবস্থা না থাকায় স্ত্রী ও সন্তানরা অসহায় অবস্থার সম্মুখীন হতে পারেন।" কমিশন বিদ্যমান ব্যবস্থা বজায় রাখার পক্ষে ছিল।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ও একই অবস্থান গ্রহণ করেছিল। মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছিল যে এই আইন পরিবর্তন করলে "বৈবাহিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব পড়তে পারে এবং বিবাহ প্রতিষ্ঠানে গুরুতর সংকট সৃষ্টি করতে পারে।"
মন্ত্রণালয় আরও বলেছে যে এই আইনের অপব্যবহার হতে পারে কারণ "একজন ব্যক্তির পক্ষে সম্মতি আছে কি না তা প্রমাণ করা কঠিন এবং চ্যালেঞ্জিং হবে।"