আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

বাংলাদেশে ঢাকার কাছে গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্ট করছেন সজল দাস, সম্পাদনায় কাদির কল্লোল

  1. গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়েছে বলে জানা গেছে।

    এর আগে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর পর সেখানে অগ্নিসংযোগ করা হয়।

    স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে।

    এদিকে, বিক্ষোভ ঘিরে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন বৈঠকে বসেছে বলে জানা গেছে।

  2. গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

    গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

    বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।

    এসময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেয় তারা। মহাসড়ক অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়।

    পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।

    গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিবিসি বাংলাকে জানান, সকালে ছয়দানা এলাকার একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

    "আন্দোলনরত শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে," বলেও জানান মি. হোসাইন।

    এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দেয় বলেও জানান তিনি।

    ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকরা। বিশৃঙ্খলার কারণে কদিন ধরেই বন্ধ রয়েছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার অনেক কারখানা।

  3. গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এরপর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও আগুন দেয় তারা।
    • ঢাকায় অন্তত তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
    • ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামলায় রাজু মোল্লা নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
    • গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
    • বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
    • সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। গত ১৫ই নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
    • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এসআরবি। পরে জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
    • সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
    • ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।
    • বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
    • গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েও পাঁচজনের মৃত্যু হয়েছে।
    • ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট ‘কোয়াডে’র নেতাদের সঙ্গে বৈঠক করতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন।
    • গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: