র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনে বাংলাদেশের সংসদে একটি বিল পাস হয়েছে। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনিয়েছেন, ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি ঢাকার কোনো প্রতিনিধিও অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
    • পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং এ বিষয়ে কোনো আলোচনা-ও চলছে না।
    • স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনে বাংলাদেশের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।
    • বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ-এর কাছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর দাবি করা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
    • বাংলাদেশে হাম রোগের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে অর্থ দেওয়ার প্রস্তাব করবেন।
    • ‘উসকানিমূলক ও শত্রুভাবাপন্ন’ আচরণের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া।
    • লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে ‘যাকার’ নামে একটি দ্বীপ দখল করে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
    • ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা। ইয়েমেনের সামরিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
    • চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলের একটি বন্দরে নোঙর করা বিদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. 'হুথিরা কারো প্রক্সি নয়', মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া

    হুথি মিলিশিয়া সদস্যদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনে তাদের সমর্থিত বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত চলছে

    ইয়েমেনে হস্তক্ষেপ করার বিষয়ে তেহরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

    তাদের দাবি, হুথিরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় এবং তারা কোনো দেশের প্রক্সি বা প্রতিনিধি নয়।

    বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, "মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মিথ্যাচার কখনো বাস্তবতাকে ঢাকতে পারে না। হুথিরা তাদের নিজস্ব সিদ্ধান্ত নিজেরা নেয়। তারা কারো থেকে কোনো নির্দেশ নেয় না, কিংবা তারা কারও প্রক্সি বা প্রতিনিধিও নয়।"

    এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সাংবাদিকদের বলেছিলেন, "হুথিরা ইরানের এজেন্ট এবং প্রক্সি। ইয়েমেনের উত্তেজনার পেছনে তারাই (ইরান) রয়েছে।"

    উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব, ইয়েমেনে তাদের সমর্থিত বাহিনী এবং হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

    সৌদি আরব তার বিভিন্ন স্থাপনায় হামলার জবাবে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালিয়েছে।

    এদিকে, এমন খবরও সামনে আসছে যে, ইয়েমেনের মোখা বন্দর এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে হুথিরা। এছাড়া, তারা লোহিত সাগরের মূল বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

    এই পদক্ষেপ, বৈশ্বিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বাব এল-মান্দেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে পারে।

  3. প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরানো হলো ‘মাননীয়’ সম্বোধন

    সরকারি নথিতে মাননীয় প্রধানমন্ত্রী না লিখে শুধু প্রধানমন্ত্রী ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সরকারি নথিতে মাননীয় প্রধানমন্ত্রী না লিখে শুধু প্রধানমন্ত্রী ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে

    প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ধরনের নথি ও দাপ্তরিক কার্যক্রমে পদবির আগে ‘মাননীয়’ শব্দটি বাদ দেওয়ার এই প্রক্রিয়া শুরু হয়।

    বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে জানানো হয় যে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

  4. সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

    বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলজেরিয়া ও আমিরাতের পাল্টাপাল্টি অবস্থান রয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলজেরিয়া ও আমিরাতের পাল্টাপাল্টি অবস্থান রয়েছে

    ‘উসকানিমূলক ও শত্রুভাবাপন্ন’ আচরণের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, এই পদক্ষেপের সুনির্দিষ্ট কোনো বিবরণ দেয়নি দেশটি।

    আলজেরিয়ার এই ঘোষণার পরপরই আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন যে, কূটনৈতিক সম্পর্কে এমন কোনো "ধাঁধাঁ কিংবা ইশারা-ইঙ্গিত দেওয়া উচিত নয় যা বুঝতে ব্যাখ্যার প্রয়োজন হয়", বরং তা হওয়া উচিত "যুক্তিসঙ্গত, যোগাযোগ ও স্বচ্ছতার" ওপর ভিত্তি করে।

    সাম্প্রতিক বছরগুলোতে দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। আলজেরিয়ার গণমাধ্যম আমিরাতের তীব্র সমালোচনা করে আসছিল এবং আঞ্চলিক বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছিল দেশটির বিরুদ্ধে।

    আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের কর্মকাণ্ড এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর গ্রহণযোগ্য বা সহ্য করার মতো নয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করার জন্য "সব পথ করে দিয়েছে"।

    অন্যদিকে, আনোয়ার গারগাস আলজেরিয়ার নাম উল্লেখ না করে বলেন যে, সফল কূটনীতি নির্ভর করে একটি স্পষ্ট অবস্থান এবং স্বার্থ ও মতপার্থক্যগুলোর কার্যকর ব্যবস্থাপনার ওপর।

    আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আমিরাতের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে তলব করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলজেরিয়া ও আমিরাতের অবস্থান ভিন্ন।

    আলজেরিয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধী, অথচ মার্কিন মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ২০২০ সালে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত এবং আলজেরিয়ার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মরক্কো।

  5. লোহিত সাগরের দক্ষিণে একটি দ্বীপের দখল নিয়েছে হুথিরা

    ইয়েমেনের বন্দরনগরী মোখারও নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইয়েমেনের বন্দরনগরী মোখারও নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা

    লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে ‘যাকার’ নামে একটি দ্বীপ দখল করে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    "রকেট হামলার পর সশস্ত্র বাহিনীর স্থল অভিযানের মাধ্যমে" দ্বীপটি দখল করা হয় জানিয়ে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও বলছে যে, বৃহস্পতিবার হুথি বাহিনী "আমেরিকার মৃত্যু হোক, ইসরাইলের মৃত্যু হোক" এই স্লোগান দিতে দিতে বন্দর শহরটিতে প্রবেশ করে।

    সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহজুড়ে ইয়েমেনে চলমান সংঘাতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম জানিয়েছে যে, প্রায় ২০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

  6. যেসব বিদেশি জাহাজের ওপর ১০ শতাংশ পরিবহন শুল্ক স্থগিত করলো ইরান

    একটি তেলবাহী জাহাজ দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে অস্থিরতা চলছে

    তেল, গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য বহনকারী বিদেশি জাহাজের ওপর আরোপ করা ১০ শতাংশ ফ্রেইট বা পরিবহন শুল্ক সাময়িক স্থগিত করেছে ইরান।

    ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞার কারণে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

    ফার্স জানিয়েছে, এই অতিরিক্ত শুল্ক যে সমস্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সরকার সেগুলোর একটি তালিকা প্রকাশ না করা পর্যন্ত শুল্ক সংগ্রহ স্থগিত রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই অতিরিক্ত শুল্ক- তেল, গ্যাস ও অন্যান্য তরল পণ্যের পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছিল।

    শুল্ক স্থগিত করার ফলে পরিবহন খরচ কমবে এবং বিদেশি শিপিং কোম্পানিগুলোকে ইরানে আসা বা সেখান থেকে পণ্য পরিবহনে আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

  7. হুথিদের দখলে লোহিত সাগরের একটি ইয়েমেনি বন্দর

    অস্ত্র হাতে কয়েকজন হুথি সেনা দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ এর ঘোষণা দিয়েছিল হুথি বিদ্রোহীরা (প্রতীকী ছবি)

    ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা। ইয়েমেনের সামরিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পর এই ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর নতুন হুমকি তৈরি করল।

    ইয়েমেন সরকারের চারজন সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ বহির্গমন পথ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির ওপর হুথিরা নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে এবং কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জের ওপর হামলা চালাচ্ছে।

    গত ২৮শে মার্চ ইসরায়েল এর ওপর হামলার মধ্য দিয়ে ইরানের সাথে বর্তমান যুদ্ধে জড়িয়ে পড়ে হুথিরা।

    তবে কিছুদিন তারা অনেকটাই নীরব ছিল। এরপর জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে।

    ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় লোহিত সাগরের নৌপথের ওপরই নির্ভর করে আসছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব।

    বৃহস্পতিবার ওই অঞ্চলে উত্তেজনা চরমে ছিল। হুথিদের হামলার মুখে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো দক্ষিণ-পশ্চিমের শহর খামিস মুশাইতে জরুরি সতর্কতা জারি করে।

    সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রে জানা গেছে, সংকট যাতে আরও মারাত্মক আকার ধারণ না করে, সে জন্য ইয়েমেনি হুথি মিত্রদের সংযত করতে ইরানকে সৌদি বার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান।

  8. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস

    বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ব্যাপক অভিযোগ ছিল র‍্যাবের বিরুদ্ধে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের ব্যাপক অভিযোগ ছিল র‍্যাবের বিরুদ্ধে

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে এটি পাস হয়। বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    এছাড়া, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন বিল ২০২৬- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

  9. চীনের পূর্বাঞ্চলে কার্গো জাহাজে আগুনে অন্তত ২৫ জন নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

    পুড়ে যাওয়া জাহাজের সামনে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি

    ছবির উৎস, Xinhua

    ছবির ক্যাপশান, জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে

    চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, চীনের পূর্বাঞ্চলের একটি বন্দরে নোঙর করা বিদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

    সিসিটিভি জানিয়েছে, জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানান।

    স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে চিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে জাহাজটিতে আগুন লাগে।

    সিসিটিভির তথ্য অনুযায়ী, তিন ঘণ্টার কিছু বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    এক প্রত্যক্ষদর্শী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

    রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। মেরিনট্রাফিক নামে একটি জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ১৯০ মিটার (৬২৩ ফুট) দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ, যা ৩১শে অগাস্ট চিংদাওতে পৌঁছেছিল।

    এর প্রায় এক মাস আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে একটি জাহাজ কারখানায় বিস্ফোরণের ঘটনায় একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও ১২ জন আহত হন।

  10. হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু

    হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এখনও কমছে না

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এখনো কমছে না, ফাইল ছবি

    হাম রোগের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    ফলে, সব মিলিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে ১০ই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত হাম ও এই রোগের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৯ জনে দাঁড়ালো।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নয়ই সেপ্টেম্বর সকাল আটটা থেকে ১০ই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে সাতজন মারা তাদের মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ দুই জনের মৃত্যু হয়েছে।

    এই সময়ে নতুন করে প্রায় এক হাজার ২০০ জন রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।

  11. অধ্যাপক ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ-এর কাছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে বৃহস্পতিবার রায় দিয়েছে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

    এ বিষয়ে আদালত এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেনি বলে জানা গেছে। তবে সংক্ষিপ্ত রায় অনুযায়ী, এনবিআর এর যে দাবি গ্রামীণ কল্যাণ এর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    অর্থাৎ এ বিষয়ে কর পরিশোধের বিষয়ে এনবিআর এর দাবিটিই বহাল থাকলো।

    হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রামীণ কল্যাণের আইনজীবীরা।

    সংবাদ সম্মেলনে গ্রামীণ কল্যাণ এর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, “এই মামলায় আজ যে রায় হয়েছে, সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। রায়ের কপি পেলে আমরা আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করবো।”

    তিনি জানান, গ্রামীণ কল্যাণ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের পর থেকে এই প্রতিষ্ঠানে আর যুক্ত নেই। এমনকি গ্রামীণ গ্রুপেরও চেয়ারম্যান নন তিনি।

  12. রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকান ৫০০০ ডলার পাবে: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে অর্থ দেওয়ার প্রস্তাব করবেন।

    এই পরিকল্পনা বাস্তবায়নে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত দলের প্রথমবারের মতো জাতীয় সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এ প্রস্তাব দেন।

    পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়িত হবে বা এর অর্থায়ন কীভাবে করা হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। শুধু বলেছেন, এই অর্থ যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করতে হবে।

    ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিকল্পনাকে ট্রাম্পের শুল্কনীতি থেকে যুক্তরাষ্ট্র সরকারের অর্জিত রাজস্বের সঙ্গে যুক্ত করেছেন।

    ডেমোক্র্যাটরা এটিকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে আখ্যা দিয়েছে এবং অন্যরা প্রশ্ন তুলেছেন, এমন প্রতিশ্রুতি আইনগতভাবে বৈধ বা বাস্তবসম্মত কি না।

    নির্বাচনী বছরে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার আহ্বানের প্রেক্ষাপটে, কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আমেরিকানদের এমন অর্থ প্রদানের প্রস্তাব দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম।

    বর্তমানে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক আমেরিকান রয়েছেন। ফলে প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দেওয়া হলে যুক্তরাষ্ট্র সরকারের প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।

    পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এমন সময়ে এই প্রশ্ন উঠছে, যখন যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ছে, যার একটি কারণ হিসেবে ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে উল্লেখ করা হচ্ছে।

  13. ভারতের বিরুদ্ধে কলকাতার ম্যাচে ব্রাজিলের কারা খেলবেন?

    ভারতের বিরুদ্ধে দল ঘোষণা ব্রাজিলের

    ছবির উৎস, Jose Breton/Pics Action/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, কলকাতায় খেলতে আসবেন ভিনিসিয়াস জুনিয়র

    কলকাতার যুবভারতী স্টেডিয়ামে তেসরা অক্টোবর ভারতের বিরুদ্ধে ফিফার বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে জাতীয় দলের পূর্ণ শক্তি নিয়েই খেলতে চলেছে 'সাম্বা'র দেশ। বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ তারা তাদের দল ঘোষণা করেছে।

    ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক-সহ মোট ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে খেলা ১০ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন সেই স্কোয়াডে।

    একই দল প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও পরে ভারতের বিরুদ্ধে খেলবে বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ।

    ১৯৭৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলে গিয়েছিলেন পেলে। সেবার অবশ্য তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে নয়, কসমস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন কলকাতার মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে।

    তবে এবারের ম্যাচটি ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে, তাই এই ম্যাচে কারা খেলবেন তা নিয়ে আগ্রহ ছিল ক্রীড়া প্রেমীদের মধ্যে।

    গোলকিপার হিসাবে স্কোয়াডে জায়গা পেয়েছেন হুগো সৌজা, পেদ্রো মরিস্কো, ওতাভিও। ডিফেন্ডার হিসাবে খেলবেন আর্থার ডায়াস, ডগলাস সান্টোস, গাব্রিয়েল মাগায়েয়াস, জাইর, মারকুইনহোস, মাথেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।

    মিডফিল্ডার পজিশনে নাম রয়েছে আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদোন, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুই, গাব্রিয়েল বোনতেম্পোর।

    তালিকায় জায়গা পেয়েছেন এন্দ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র।

    ব্রাজিল তাদের দল ঘোষণা করলেও ভারতীয় টিমে কারা খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

    এই ম্যাচের টিকিট নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।

  14. জমি দুর্নীতি মামলায় গ্রেফতার অভিষেক ব্যানার্জীর আপ্তসহায়ক সুমিত রায়

    সুমিত রায় (বামে) ও অভিষেক ব্যানার্জী (ডানে) - ফাইল ছবি

    ছবির উৎস, ANI & Samir Jana/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, সুমিত রায় (বামে) ও অভিষেক ব্যানার্জী (ডানে) - ফাইল ছবি

    সিআইডির হাতে গ্রেফতার হলেন অভিষেক ব্যানার্জীর আপ্তসহায়ক সুমিত রায়। চাকরি দুর্নীতি ও জমি দুর্নীতি সংক্রান্ত দুটি মামলায় জড়িয়েছিল তার নাম। জমি দুর্নীতির মামলাটিতে গ্রেফতার করা হয়েছে তাকে।

    গত অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে বিশেষ রক্ষাকবচ পেয়েছিলেন মি. রায়।

    তবে ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায় যে সুমিত রায় তদন্তে যথাযথ সহযোগিতা করছেন না, তাই পূর্বে দেওয়া রক্ষাকবচ তুলে নেয় সুপ্রিম কোর্ট।

    এর ফলে, সুমিত রায়কে গ্রেফতার করায় আর কোনো বাধা ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশের কিছুক্ষণ পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডির হাতে গ্রেফতার হলেন মি. রায়।

    পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে ভুয়া নথির মাধ্যমে জমি দখলের অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে।

    সুমিত রায়ের মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিনিধি আইনজীবী দাবি করেছেন যে জুন মাসে ৭১ লাখ টাকা-সহ মোট ১৫ কোটি টাকা জমা হয়েছে সুমিত রায়ের অ্যাকাউন্টে।

    এই অর্থের উৎস কী, তা নিয়ে তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করেছেন। যদিও সুমিত রায়ের আইনজীবীর দাবি, এই ঘটনায় সুমিত রায়ের যোগাযোগ নগণ্য।

    এই গ্রেফতারি তখন হলো যখন অভিষেক ব্যানার্জী তার চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।

  15. স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, জানালেন প্রতিমন্ত্রী

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে কে বা কারা প্রার্থী হতে পারবেন এবং দলীয় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা কী, এসব বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দলীয় নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্য যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

    “সরকারের মেসেজ খুবই পরিষ্কার। যেহেতু এটি দলীয় নির্বাচন নয়, তাই আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। রাষ্ট্রের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা,” বলেন তিনি।

    এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব জায়গায় যেন দলের একক প্রার্থী থাকে, এই বিষয়টিও নিশ্চিত করতে চায় বিএনপি। প্রতিমন্ত্রী জানান, দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    “এখানে দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই। কারণ দলীয় মনোনয়ন থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না। তবে বিএনপি যেটি সিদ্ধান্ত নিয়েছে যে, স্থানীয় বিএনপি একটা সমর্থন দেবে,” জানান তিনি।

    স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার সম্পন্ন করতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী।

  16. ব্রিকসে অংশ নিতে ভারত যাচ্ছে না বাংলাদেশের কেউ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি ঢাকার কোনো প্রতিনিধিও অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ব্রিকস এর ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

    “যখন পজিটিভ এনভায়রনমেন্ট হবে, উই উইল গো অন আ বাইল্যাটেরাল ভিজিট (আমরা দ্বিপক্ষীয় সফরে যেতে পারি), এখানে তো তাড়াহুড়ো নাই কিছু,” বলেন তিনি।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে ব্রিকস শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন কি না এ নিয়ে নানা প্রশ্ন ছিল।

    এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।

  17. মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানালো পাকিস্তান

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার

    ছবির উৎস, Foreign Office Pakistan

    ছবির ক্যাপশান, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং এ বিষয়ে কোনো আলোচনা-ও চলছে না।

    বৃহস্পতিবার ইসলামাবাদে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন।

    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক, যারা বর্তমানে এই জোটের অংশ, তারা বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।”

    তিনি বলেন, সবার আগে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তাদের বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।

    তার মতে, এ বিষয়ে সিদ্ধান্ত পরে সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে নেবে।

    মুখপাত্র আরও বলেন, বর্তমানে এই বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।

  18. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না, এ বিষয়ে নির্দেশ জারি করেছে সরকার।
    • চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
    • গ্যাস, বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে বাংলাদেশের জাতীয় সংসদে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই দিন বিরোধী দলের সার সংকট নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন।
    • বাংলাদেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
    • মার্কিন ও হুথি হামলার জেরে জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারের প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার বা ৭৪ পাউন্ড ছাড়িয়ে গেছে।
    • বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প দেওয়া হবে।
    • ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
    • ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৩ জন।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে