জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

ছবির উৎস, Getty Images
মার্কিন ও হুথি হামলার জেরে জুলাইয়ের পর আন্তর্জাতিক বাজারের প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার বা ৭৪ পাউন্ড ছাড়িয়ে গেছে।
ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের পর আর এত বেশি হয়নি। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি হলেও পরে তা ভেস্তে গেছে।
ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগরে তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯.৯০ ডলারে নেমে এলেও, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সংঘাত দেখা দিলে এর দাম আবার বেড়ে যেতে পারে।
চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বেড়ে যাওয়ায় তেলের দামের ওপর চাপও তীব্র হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার বা ৫২ পাউন্ড।
পরে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
তেলের দাম বাড়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশে পেট্রোলের দামও ব্যাপকভাবে বেড়েছে এবং গাড়িচালকদের জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


