আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, দিল্লিতে একটি ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তুপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ে, যেখানে শিক্ষার্থীদের শিশুসহ পিজি বা পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে আন্দোলনে অংশ নেওয়ার ফলে শাস্তি পাওয়া ২০ জন কর্মকর্তার শাস্তি বাতিল করেছেন রাষ্ট্রপতি। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. ঢাকা মেডিকেলে একদিনে তিনজন কারাবন্দি মারা গেছেন

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন কারাবন্দি মারা গেছেন। তাদের প্রত্যেককেই কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।

    রোববার দিনের বিভিন্ন সময়ে তারা মারা গেছেন।

    বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ।

    তিনি জানান, প্রত্যেকেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    এই তিন ব্যক্তি হলেন আবুল বাশার, আব্দুল কাইয়ুম এবং মো. শাহাদাত হোসেন লিটন।

    মি. আহমেদ বলেন, “এদের একজন লিটন ৩০ বছরের সাজাপ্রাপ্ত বন্দি, তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ওখান থেকে সম্ভবত ১০-১২ দিন আগে হার্ট অ্যাটাক করলে সরাসরি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আসে। আজকে ওখানেই মারা গেছেন।”

    এছাড়া আরেকজন আবুল বাশার, কিছুদিন আগে চাঁদপুর জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে।

    কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মি. আহমেদ জানান, তবে রোববার আবার অসুস্থ হয়ে পড়লে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে আবার ডিএমসিতে পাঠানো হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

    একইসঙ্গে, এনআই অ্যাক্টের একটি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল কাইয়ুম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শনিবার অসুস্থ হলে তাকে ডিএমসিতে পাঠানো হয়। পরে চিকিৎসা শেষে কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয় তাকে।

    তবে, রোববার আবার তিনি অসুস্থ হলে ডিএমসিতে পাঠালে সেখানেই মারা যান বলে জানান কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ।

  2. বিদেশে ঘুরতে গেলে বাংলাদেশি নাগরিকরা বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবে

    বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।

    রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ১৮ হাজার ডলারের মধ্যে প্রতিবার নগদে পাঁচ হাজার ডলার এবং বাকি টাকা কার্ডে ব্যবহার করতে হবে।

    বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা সহজ করা এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়ম অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত পরিমাণের ৫০ শতাংশ তারা ব্যয় করতে পারবে।

    নতুন এই সীমা পঞ্জিকাবর্ষ প্রতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।

  3. গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়ে আট ইসলামিক দেশের যৌথ বিবৃতি

    গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি ইসলামী দেশ।

    তারা বলছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রীর এই পরিকল্পনাটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনাকে বিপন্ন করছে।

    সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে, “ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো পরিকল্পনা ও কৌশলকে সবচেয়ে জোরালো ভাষায়” নিন্দা জানান।

    যুক্তরাষ্ট্রের সমর্থিত ও ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত শান্তি চুক্তির কথা উল্লেখ করে আট দেশের মন্ত্রীরা এই বিবৃতিতে বলেন, “এই ধরনের পদক্ষেপ শান্তি অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। বিশেষ করে গাজার সংঘাত অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং যেখানে জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র বিরোধিতা করা হয়েছে, এটি তার পরিপন্থী।”

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে, কিন্তু গন্তব্য স্থানের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় আছে।

    তার পরদিন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভর্নর বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে এবং পরবর্তী ছয় বছরে বাকি প্রায় বিশ লাখ বাসিন্দাকে বিতাড়িত করা।

    ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একজন কট্টর সমর্থক, তিনি শুক্রবার গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।

  4. গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৫৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং সিলেটে একজন মারা গেছে।

    একইসঙ্গে, গত ১৫ই এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৯৪ জন মারা গেছে। একইসময়ে হামে মারা গেছে একশো জন। সব মিলিয়ে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু প্রায় হাজার ছুঁতে চলেছে।

    আর গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ভুগছেন এমন এক হাজার ৪৩ রোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

  5. দিল্লিতে একটি ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তুপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

    দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। এই ভবনটিতে শিক্ষার্থীদের শিশুসহ পিজি বা পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল।

    মতিবাগ-২ এলাকার একটি শিব মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

    ভবনটির ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    বিজেপির বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে গিয়েছেন।

    তিনি বলেন, “ধ্বংসস্তুপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এখনও ফোন করছে এবং মনে হচ্ছে আরো কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন।”

    সাংবাদিকদের তিনি জানান, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে এই ভবনের পিজিগুলোতে থাকত। ভবনটি ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তুপের ভেতরে পাঁচ, দশ নাকি বিশজন শিক্ষার্থী রয়েছেন সেটি বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত, শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে। উদ্ধার কার্যক্রম চলছে।”

    এখন পর্যন্ত দুইজন ছাত্রকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মি. শর্মা।

    সংবাদ সংস্থা এএনআই এর তথ্য অনুযায়ী, দুপুর প্রায় দেড়টার দিকে দিল্লির ফায়ার ডিপার্টমেন্ট এই ভবন ধসে পড়ার খবরটি পেয়েছে।

    এই খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ত্রান ও উদ্ধার অভিযান শুরু করে।

    বর্তমানে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

    এই দুর্ঘটনায় কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

  6. খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: বাঘের গালিবাফ

    ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে এবং খেলার নিয়ম বদলে গেছে।

    রোববার সংসদের বৈঠক শুরু হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান এখন “পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের” মধ্যে রয়েছে।

    কিন্তু “মার্কিন ঘাঁটিগুলোতে সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে দেশটির নেতারা হতাশায় ভুগছেন এবং ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি এবং ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন,” বলেন তিনি।

    যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া এই জ্যেষ্ঠ আলোচক আরো বলেন, “আমেরিকানদের এটা বুঝে নেওয়া উচিত যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ এবং আগ্রাসনকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক অভিযানটি ছিল কেবল এর শুরু মাত্র।”

    “যদি তারা এখনও সেটি না বুঝে থাকে, তাহলে তাদের অনেক দেরি হওয়ার আগেই সেটি বুঝে নেওয়া উচিত যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের জবাব দেয়া হবে আরো দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে” বলেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

  7. রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

    রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে গত বছর আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

    এই কর্মকর্তারা তাদের দণ্ড মার্জনা করার আপিল আবেদন করলে সেটি মঞ্জুর করে ওই আদেশ বাতিলের আদেশ দেন রাষ্ট্রপতি।

    রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক ২০টি প্রজ্ঞাপন জারি করেছে।

    যাদের শাস্তি বাতিল হয়েছে তারা হলেন, কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্ব), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ম, আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু।

    এছাড়া যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া এবং শফিউল বশর।

    এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছর ২৪শে জুন জাতীয় রাজস্ব ভবনের প্রবেশ পথে অবস্থান করে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা “সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯” লংঘন করেছে।

    ওই আন্দোলনের সময় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় অবরুদ্ধ রাখা হয় এবং সারা দেশে দুইদিনের কর্মবিরতি পালন করা হয়। এর ফলে আমদানি-রপ্তানি স্থবির হয়ে গিয়েছিল।

    পরে তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেন এবং তাকে সংসথার কার্যালয়ে 'অবাঞ্ছিত’ ঘোষণা করেন। সেই দাবিতে তারা 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেছিলেন।

    এমন প্রেক্ষাপটে এনবিআরের সেবাবে 'অত্যাবশকীয়' সেবা বলে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সংকট পাঁচ উপদেষ্টাকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়।

    পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। কিন্তু এরপর তাদের বিরুদ্ধে তদন্ত ও নানা শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করে সরকার।

    সেই সময় ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করেছিল দুদক।

    পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এনবিআর।

    এর মধ্যে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত, এবং বেতন গ্রেড অবনমনও রয়েছে।

  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে