জ্বালানি ও অর্থনীতি খাতের জন্য ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে দুইশ' কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই ঋণ সহায়তা চান বলে বাসসের খবরে বলা হয়েছে।
"আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আহ্বানে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ারও অনুরোধ জানাই," বলেন মি. রহমান।
আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ বিঘ্নিতজনিত সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের প্রভাব নিয়ন্ত্রণে, বিশেষ করে স্বল্পোন্নত দেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এর ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় থেকে সুরক্ষায় একটি দৃঢ় ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।