আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হাম উপসর্গ নিয়ে মৃত্যু তিনশো ছাড়াল, একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ শিশু। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছে বিজেপি। যুদ্ধ জাহাজের সহায়তায় দু’টি মার্কিন বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেলবন্দর ফুজাইরাহতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইরান থেকে চালানো ড্রোন হামলার পর এই আগুন ছড়িয়ে পড়ে।
    • সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের একটি ট্যাংকারে আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    • সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে, আর চতুর্থটি সাগরে গিয়ে পড়েছে।
    • হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে 'বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যে দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।
    • ইরানের সতর্কতা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
    • পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টা নাগাদ বেসরকারি ফলাফলে বিজেপি ১৯০টি আসনে বিজয়ী হয়েছে।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের বিরোধী জোটের প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
    • গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ শিশু। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়াল।
    • আবারো পরিবর্তন আসছে বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাকে। সেক্ষেত্রে এর আগের ডার্ক গ্রিন ও গাঢ় নীল দুই ধরনের শার্ট ফিরিয়ে আনা হচ্ছে। তবে, প্যান্টের রং পরিবর্তন করে দেওয়া হবে খাকি প্যান্ট।

    বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।

    আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের তেল বন্দরে বড় অগ্নিকাণ্ড

    সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেলবন্দর ফুজাইরাহতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইরান থেকে চালানো ড্রোন হামলার পর এই আগুন ছড়িয়ে পড়ে।

    ফুজাইরাহ আমিরাতের সবচেয়ে বড় বন্দর এবং তেল সংরক্ষণ কেন্দ্র। যুদ্ধবিরতির আগেও সেখানে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    এর কিছুক্ষণ আগে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

    যদিও এই ঘটনায় ইরান এখনো কোনো মন্তব্য করেনি।

  3. ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আরব আমিরাতের

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে, আর চতুর্থটি সাগরে গিয়ে পড়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফলে ওই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    এর কিছুক্ষণ আগে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জবাব দিচ্ছে।

    যদিও এ বিষয়ে ইরানের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  4. পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে বিজয়ী বিজেপি

    পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

    ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত পৌনে ১০টা নাগাদ বেসরকারি ফলাফলে বিজেপি ১৬৭টি আসনে বিজয়ী হয়েছে।

    অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে ৫৯টি আসনে।

    যে ৬১টি আসনে ফলাফল ঘোষণা এখনো বাকি রয়েছে, সেগুলোর মধ্যে বিজেপি ৪১টি আর তৃণমূল কংগ্রেস ২০টি এগিয়ে রয়েছে।

    কংগ্রেস আর সিপিআই (এম) বিজয়ী হয়েছে দুইটি করে আসনে।

    অন্যদিকে অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট বিজয়ী হয়েছে একটি আসনে।

  5. হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও আগুন

    হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে 'বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।

    দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সিউল সময় রাত প্রায় ৮:৪০ মিনিটে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের জলসীমার কাছাকাছি নোঙর করা একটি দক্ষিণ কোরিয় কোম্পানির পরিচালিত জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, জাহাজটির ২৪ জন নাবিকের মধ্যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

  6. সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের বিরোধী জোটের প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার রাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন নির্বাচন কমিশন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    মি. মাছউদ বিবিসি বাংলাকে বলেন, “নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করতে আমরা নথিতে স্বাক্ষর করেছি। আজকের মধ্যেই গেজেট প্রকাশ হবে বলে আশা করছি”।

    নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে জামায়াত এনসিপি জোটের যে একটি আসন নিয়ে সংকট চলছিল সেটির সমাধান হতে যাচ্ছে।

    এর আগে এনসিপি নেত্রী মনিরা শারমিন দলীয় মনোনয়ন জমা দিলে সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় ২৩শে এপ্রিল বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

    এ সিদ্ধান্তের বিরুদ্ধে মিজ শারমিন ২৬শে এপ্রিল ইসিতে আবেদন করলে তার আপিল খারিজ করে কমিশন। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মিজ শারমিন, যা শুনানির অপেক্ষায় আছে।

    এদিকে, আদালতের নির্দেশে মিজ তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করার পর সেটি বাছাই করে শনিবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

    এমন অবস্থায় নিজের রিটের শুনানি না হওয়ায় রোববার মিজ শারমিন নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ না করতে ইসিতে আবেদন করেন। যে কারণে নির্বাচন কমিশন একদিন অপেক্ষাও করেছিল।

    সোমবার রাতে নির্বাচন কমিশনার মি. মাছউদ বিবিসি বাংলাকে বলেন, “আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু আদালত আমাদের কিছু জানায়নি। যে কারণে অপেক্ষার পর আজকেই শেষ বিকেলে আমরা নুসরাতের নামে গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি”।

    এর আগে গত ৩০শে এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯জনের নামে গেজেট প্রকাশের পর রোববার রাতে তাদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

  7. যুদ্ধ জাহাজের সহায়তায় দু’টি মার্কিন বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যে দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।

    চ্যানেল এক্স-এ দেওয়া সেন্টকমের এক বিবৃতি বলা হয়েছে, এই ডেস্ট্রয়ারগুলোর সহায়তায় দুইটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজও সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    যদিও এর আগে ইরান দাবি করেছিল যে তারা মার্কিন জাহাজগুলোকে হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা দিয়েছে।

    একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা দিতে ইরান সতর্কতামূলক গুলিও চালিয়েছে।

    এর আগে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল যে দুটি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন জাহাজে আঘাত হেনেছে, যদিও তা সেন্টকম অস্বীকার করেছে।

  8. আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

    সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের একটি ট্যাংকারে আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    আরব আমিরাত বলেছে, তাদের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনক সংশ্লিষ্ট একটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    দেশটির একটি বিবৃতিতে বলা হয়, “এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব নিশ্চিত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বাধাগ্রস্ত করা প্রত্যাখ্যান করা হয়েছে।”

    বিবৃতিতে আরও বলা হয়, “বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ও ইরানের আইআরজিসির হামলা একটি ডাকাতির ঘটনার মতো। এটি আঞ্চলিক স্থিতিশীলতা, জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।”

    ইরানকে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

  9. যুদ্ধজাহাজে ইরানি হামলার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজে দুইটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে তা সত্য নয়।

    এক্স’র এক পোস্টে সেন্টকম বলেছে, “যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হয়নি”।

    তারা আরও জানায়, “যুক্তরাষ্ট্রের বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’-এ সহায়তা করছে এবং ইরানের বন্দরে নৌ অবরোধ কার্যকর করছে।”

    এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালিতে রুখে দিয়েছে।

    ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সর্তকতা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সেটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

  10. হাম উপসর্গ নিয়ে মৃত্যু তিনশো ছাড়ালো, একদিনে মারা গেছে ১৭ জন

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ জন। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

    এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়াল।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৩১১ জন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও নিশ্চিত হামে দুইজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫ জন। তবে এই তথ্যের মধ্যে আগেরদিন মারা যাওয়া দুজনের নাম রয়েছে, যাদের হাম উপসর্গে মৃত্যু হলেও সেদিন তথ্য পাওয়া যায়নি।

    বিবৃতিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ২৫৯ জন।

    এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৫,৪৬৭ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৪৮২ জন।

  11. হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানি গণমাধ্যমে

    ইরানের সতর্কতা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।

    স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ।

    আইআরজিসি-র ঘনিষ্ঠ এই সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করার পর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাস্ক দ্বীপের কাছে জাহাজটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

    সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ লিখেছে যে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর মার্কিন ‘ফ্রিগেটটি’ পিছু হটতে বাধ্য হয়।

    ইরানের গণমাধ্যমে এই হামলার খবর জানানো হলেও, এ নিয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

    এর আগে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে, তাদের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে।

  12. যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজের নাবিকদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পাকিস্তান

    গত মাসে যুক্তরাষ্ট্র যে ইরানি কন্টেইনার জাহাজটি জব্দ করেছিল, সেটিতে থাকা ২২ জন নাবিককে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ অর্থাৎ সোমবার তাদের ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার।

    মার্কিন বাহিনী গত মাসে তাউসকা নামের জাহাজটি জব্দ করে। জাহাজটির ইঞ্জিন কক্ষে গুলি চালানোর পর সেটিকে জব্দ করা হয়েছিল। ইরান এই ঘটনাকে মার্কিন দস্যুতা বলেও অভিহিত করেছিল।

    আর ওই ঘটনার বিষয়টি তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানি জাহাজটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে চলাচল করেছিল বলে সেটিকে জব্দ করা হয়েছিল।

    সে সময় জাহাজ ও এর নাবিকদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিল ইরান।

  13. আগের শার্টে ফিরে যাচ্ছে পুলিশ, বদলে যাচ্ছে প্যান্টের রং

    আবারো পরিবর্তন আসছে বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাকে। সেক্ষেত্রে এর আগের ডার্ক গ্রিন ও গাঢ় নীল দুই ধরনের শার্ট ফিরিয়ে আনা হচ্ছে। তবে, প্যান্টের রং পরিবর্তন করে দেওয়া হবে খাকি প্যান্ট।

    সোমবার সচিবালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি সারাদেশে পুলিশ বাহিনীর মধ্যে তাদের যে বিদ্যমান পোশাক আছে এটাতে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা ওয়াইডলি অ্যাক্সেপ্টেডও বা মানানসই না। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টি বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়”।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেসে যাতে দেওয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে শার্ট ছিল মেট্রোর জন্য ও সারাদেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট বা পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি”।

    তিনি জানান, এই বিষয়টি নিয়ে পুলিশের সাথে বিস্তারিত আলাপ-আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দেওয়া হচ্ছে।

    মি. আহমদ বলেন, নতুন এই পোশাক পরিধান করতে পুলিশের আর কিছুদিন সময় লাগবে। কারণ একটা প্রস্তুতির বিষয় আছে। কাপর প্রোডাকশনের বিষয় আছে। এটা এখনো আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আজকে ঘোষণা দিলাম”।

  14. হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা হলে মার্কিন বাহিনীর উপর হামলার হুমকি ইরানের

    ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তারা হামলা চালাবে।

    এর আগে ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দেয় ইরান।

    ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালীর কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

    ইরানের মেজর জেনারেল আলী আব্দোল্লাহি বলেন, “ইরান বারবার বলে আসছে যে এই প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে”।

    এই বিবৃতিটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতেও প্রচার করা হয়েছে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে।

  15. রোববারের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা শপথ গ্রহণ করেছেন। রোববার রাতে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের এমপিকে শপথ পাঠক করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
    • ব্যক্তিগত সফরে চীন যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র বাংলাদেশে প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুকে।
    • বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
    • কুমিল্লায় একজন উপজেলা বিএনপি সভাপতিকে আটকের জের ধরে থানা ঘেরাও করে দলটির নেতাকর্মীরা। এই সময় সেখানের বাস টার্মিনালও অবরোধ করেন দলটির কর্মী সমর্থকরা।
    • ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রকে একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ অথবা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যে কোন একটি বেছে নিতে হবে।
    • দেশের উচ্চ আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে গণমাধ্যমকর্মীদের প্রবেশে একধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে মুক্ত গণমাধ্যম দিবসে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
    • চব্বিশ ঘণ্টায় হাম এবং উপসর্গ নিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই শিশু বলে জানা গেছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রোববার একটি 'জরুরি সতর্কতা' জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর 'ছেড়ে' যাওয়ার আহ্বান জানিয়েছে।
    • যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে