আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. অমিত শাহের বিরুদ্ধে 'আপত্তিকর মন্তব্যের' মামলায় খালাস পেলেন রাহুল গান্ধী

    উত্তর প্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালত কংগ্রেস নেতা এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্য-সংক্রান্ত মানহানির মামলায় খালাস দিয়েছে।

    আদালতের বিচারক শুভম বর্মা সোমবার, ২৬শে অক্টোবর এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাহুল গান্ধী আদালতেই উপস্থিত ছিলেন। উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের চেয়ারম্যান কুনওয়ার সিং নিষাদ রাহুল গান্ধীর খালাস পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

    অভিযোগকারী বিজয় মিশ্রের আইনজীবী সন্তোষ কুমার পাণ্ডে জানান, আদালত রাহুল গান্ধীকে খালাস দিয়েছে। তবে আদালত আমাদের জমা দেওয়া সিডিটিকে সঠিক বলে মেনে নিয়েছে এবং তার বক্তব্যও গ্রহণ করেছে, কিন্তু সেই বক্তব্যকে মানহানিকর বলে মনে করেনি।

    এই মামলাটি ২০১৮ সালের, যখন কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন।

    এই মামলার শুনানিতে যাওয়ার সময়ে রাহুল গান্ধীর কনভয়ের কয়েকটি গাড়ি উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তবে দুর্ঘটনাটি ছিল সামান্য এবং এতে কেউ গুরুতর আহত হননি।

    সুলতানপুর জেলার হালিয়াপুর থানা এলাকার মধ্যে এক্সপ্রেসওয়ের ৯০ কিলোমিটার পয়েন্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চারটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্স জড়িত ছিল।

    হালিয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতুল কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, রাহুল গান্ধীর গাড়ির পেছনে থাকা চারটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্স পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছিল।

  2. এবারও জামিন পেলেন না জামায়াতের আখতারুজ্জামান

    সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এবারও জামিন পেলেন না জামায়াত সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। ফলে আপাতত কারাগারেই থাকতে হবে থাকে।

    সোমবার শুনানি শেষে আখতারুজ্জামানের জামিন আবেদন খারিজ করে দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

    এর আগে, একই মামলায় গত চৌঠা অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

    উল্লেখ্য যে, গত দোসরা অক্টোবর ঢাকার শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার হন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।

  3. কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

    ঢাকার কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

    এ ঘটনায় উদ্ধার আরেকজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা 'আশঙ্কাজনক' বলে জানিয়েছের চিকিৎসক।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সাতটি ইউনিটের চেষ্টায় বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    আগুনে ঘটনাস্থলেই একজন পুরুষ ব্যক্তি পুড়ে মারা গেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

    তবে তার নাম-পরিচয় সম্পর্কে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

    কারখানাটি থেকে উদ্ধার অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার চাঁনখারপুল এলাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

    আগুনে তার শরীরের বর্হিভাগের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

  4. পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের সফর নিশ্চিত করেছে তেহরান

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকে অংশ নেবেন।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও জানিয়েছেন যে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে আজকের এই যৌথ বৈঠকের প্রস্তাবটি ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরের সময় দিয়েছিলেন।

    আলী বাঘেরি এর আগে জানান, সাম্প্রতিক যুদ্ধের সময় “ইরানের সফল জাতীয় নিরাপত্তা অভিজ্ঞতা” থেকে শিক্ষা নিয়ে ইরান ও এই তিন দেশ “আঞ্চলিক নিরাপত্তা” নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে পারে।

    বার্তা সংস্থা রয়টার্স দুটি অবগত সূত্রের বরাত দিয়ে জানায়, মক্কা চুক্তিভুক্ত দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ তেহরানে আঞ্চলিক সমন্বয়-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন।

    এমন এক সময় এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

    অক্টোবরের শুরুর দিকে রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মক্কা চুক্তির সদস্য এই তিন দেশের কর্মকর্তারা সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে সম্মত হন।

  5. মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

    ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনার জেরে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির জায়গায় নতুন এমপি হতে যাচ্ছেন আরেক বিএনপি নেত্রী এলিজা জামান।

    দলের সমর্থন পাওয়ার পর সোববার তিনি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    মিজ জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। একইসঙ্গে, তিনি পিরোজপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে আগামী ১২ই নভেম্বর 'পরোক্ষ ভাট' হওয়ার কথা রয়েছে।

    সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, আসনটি বিএনপি'ই পাচ্ছে।

    এক্ষেত্রে এলিজা জামানের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন।

    তার আগে, আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হলে সিদ্ধান্তটির বিরুদ্ধে বুধবার পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৯শে অক্টোবর তারিখে।

  6. যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির আলোচনার প্রস্তাবে যা বললো ইরান

    ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, “ইউরোপ নিজেই সমস্যার অংশে পরিণত হয়েছে”।

    “গত দুই বছরে ইউরোপীয় দেশগুলো কোনো গঠনমূলক ভূমিকা পালন করেনি,”বলেন তিনি।

    উল্লেখ্য, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল ২৩শে অক্টোবর ইস্তানবুলে ইউরোপীয় ও আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন প্রস্তুত।

    এরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তখনও ইউরোপীয় দেশগুলো এসব হামলার নিন্দা জানায়নি। বরং তারা এমন বিবৃতি দিয়েছে, যা তার ভাষায় “মার্কিন সামরিক আগ্রাসনের প্রতি সমর্থনের” শামিল।

  7. 'ক্রসফায়ার' যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব: আইজিপি

    বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির।

    সোমবার দুপুরে পুরনো ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    "কে আসবে, আপা কবে আসবে, কী হবে? ওইটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব, আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব," বলেন আইজিপি মি. ফকির।

    "যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটাই করব,” যোগ করেন তিনি।

    পুলিশের সমালোচনা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইজিপি বলেন, "আমরা (পুলিশ) যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। তাহলে আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।

    “আপনারা সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। যত বাহিনীই বলি, সেনাবাহিনী বলি, তারা দেশ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, ইন্টারনাল শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন-সবকিছুই আপনার-আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আপনারা পুলিশকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা কইরেন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না,” বলেন আইজিপি।

  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।