সোমবার সারাদিন যা যা হলো:
- আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক দিবস পালন করছে নেপালিরা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিনে নিহতদের স্মরণে দেশটির বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো হয়।
- সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে তাদের জ্বালানি রপ্তানি ও বাণিজ্য যেন 'জিম্মি' হয়ে না পড়ে, সেজন্য তারা বিকল্প পথ তৈরি করছে।
- বাংলাদেশের জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
- ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে নিয়েছেন। এটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।
- ভারত থেকে বাংলাভাষী মুসলিম একজন মহিলাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।
- সহকারী শিক্ষকদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী। এজন্য দুই মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
- "যদি ৩০ দিনের মাঝে আপিল করা না হয়, তাহলে পরবর্তীতে আর কোনো আপিল গ্রহণ করার সুযোগ হবে না, সেটা যে কারো আপিল-ই হোক, সেটা হোক শেখ হাসিনার, হোক মাওলানা আবুল কালাম আজাদের," আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
- ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর নতুন খসড়া প্রস্তাব অনুমোদন পেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিমানবন্দরগুলো টানা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।