আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

পাকিস্তান ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উইটকফ ও কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের পর ইসলামাবাদ ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো

    • পাকিস্তান সফর শেষে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তিনি বৈঠক করেছেন।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করে বলেছেন, "বসে বসে অযথা কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট দিতে হবে না”। ইরান "যখন ইচ্ছে আমাদের ফোন করতে পারে" বলেও মন্তব্য করেছেন তিনি।
    • ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে তাদের আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তাহলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
    • পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
    • এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড।
    • ইরানজুড়ে চলমান অস্থিরতার সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ‘কথা বলতে চাইলে শুধু ফোন করলেই হবে’— ইরানের উদ্দেশে ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, ইসলামাবাদে তার দূতদের সফর তিনি বাতিল করেছেন।

    ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি এইমাত্র আমার প্রতিনিধিদের পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে ইরানিদের সঙ্গে বৈঠকের সফর বাতিল করেছি। ভ্রমণে খুব বেশি সময় নষ্ট হয়, কাজের চেয়ে সময় অপচয়ই বেশি!”

    তিরিআরো লিখেছেন, “এ ছাড়া তাদের ‘নেতৃত্বের' ভেতরে প্রচণ্ড কোন্দল ও বিভ্রান্তি রয়েছে। কেউ জানে না আসলে কার হাতে দায়িত্ব, তারাও না। আর আমাদের হাতে সব তাস আছে, ওদের হাতে একটিও নেই! তারা যদি কথা বলতে চায়, শুধু ফোন করলেই হবে!!!”

  3. উইটকফ ও কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প, ফক্স নিউজের প্রতিবেদন

    ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।

    সংবাদমাধ্যমটি তাদেরপ্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্ধৃত করেছে, “সব তাস আমাদের হাতেই। তারা যখন ইচ্ছে আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে বসে অযথা কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট নিতে হবে না।”

    ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধিকে ট্রাম্প বলেছেন, “আমি আমার লোকজনকে বলেছি—অল্প আগে ওরা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বলেছি ‘না', সেখানে যাওয়ার জন্য তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইট নিচ্ছ না।"

  4. আবার ইসলামাবাদ সফর করতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সিবিএসের প্রতিবেদন

    বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী মাধ্যম সিবিএস নিউজ জানায়, পাকিস্তানি কর্মকর্তারা আশা করছেন—ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বা সোমবার আবার ইসলামাবাদে ফিরবেন।

    সংবাদমাধ্যমটি আরো জানায়, আগে ইসলামাবাদ ছাড়ার পর তিনি বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটের পথে রয়েছেন।

  5. ইরানের সঙ্গে কী আলোচনা হলো- জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    পাকিস্তান ও ইরানের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

    তিনি জানান, "বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। এছাড়া পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।"

    এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির মধ্যে এই বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল।

    যেখানে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুসংহত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে বলেও জানান তিনি।

  6. ইসলামাবাদ ছাড়লেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    পাকিস্তান সফর শেষে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

    এদিকে, কিছুক্ষণ আগে একটি গাড়িবহরের ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে, ওই গাড়িবহরে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে বহন করে ইসলামাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

    প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

  7. পাল্টাপাল্টি অভিযোগ মমতা ব্যানার্জী ও অমিত শাহ'র

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচারকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে। পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক ময়দানের উত্তাপও।

    শনিবার অমিত শাহের একাধিক সভা এবং কর্মসূচি ছিল রাজ্যে। সেখান থেকে দুর্নীতি, আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি।

    এরই একটি সভা থেকে মি. শাহকে বলতে শোনা গিয়েছে, “প্রতিবার ভোটের সময় দিদির গুন্ডারা ঝামেলা করে। তাই গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে ঘরের বাইরে যেন না দেখতে পাই। যদি বার হয় তা হলে পাঁচ তারিখের পর উল্টো করে ঝোলাব।”

    মমতা ব্যানার্জীর একাধিক নির্বাচনী কর্মসূচি ছিল। এরই মধ্যে একটি জনসভা থেকে অমিত শাহের মন্তব্য এর জবাব দিয়েছেন তিনি। বলেছেন, “আমরা চেয়ারকে রেসপেক্ট করি। কিন্তু কী করে আপনি বলছেন... আপনি আরো ঘুরুন। আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে। কিন্তু আপনি কী করে বলছেন, ঝুলিয়ে দেওয়া হবে। সোজা করা হবে। হিংসার কথা বলছেন! আমি জানি, এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যারা আছেন, তাদের বলছি কেস করুন।”

    অমিত শাহের পাল্টা বক্তব্য, “আমি গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান। কাল বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি গুন্ডাদের ভয় দেখাচ্ছি।”

    তিনি প্রশ্ন তোলেন, “তো বলুন কী করব? কোলাকুলি করব?”

  8. এসএসসির প্রশ্নপ্রত্র ফাঁসের অপপ্রচার নিয়ে সতর্ক করলো শিক্ষা বোর্ড

    এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড।

    শনিবার এই সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। যেখানে দাবি করা হয়েছে যে, সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে একটি অসাধু চক্র।

    পুলিশের সিটি ইন্টেলিজেন্স বিভাগ সামাজিক মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    এছাড়া প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং অবৈধ আর্থিক লাভ অপচেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়।

  9. বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

    ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে।

    এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    তিনি বলেন, ইরানকে একঘরে করে ফেলার লক্ষ্যেই এই অবরোধ দেওয়া হয়েছে।

    "শত্রুরা আমাদের অবকাঠামো ধ্বংস করছে এবং আমাদের অবরুদ্ধ করে রাখছে যাতে সাধারণ মানুষ সরকারের ওপর অসন্তুষ্ট হয়," বলেন তিনি।

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় "বাড়িতে ১০টি বাতি জ্বালানোর পরিবর্তে দুটি বাতি জ্বালানোর" আহ্বান জানান তিনি।

    এদিকে ইরানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ‘তভানির’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনগণকে তাদের বিদ্যুৎ ব্যবহারের ওপর সতর্ক নজর রাখতে বলেছেন।

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অবৈধ বা অননুমোদিত বিদ্যুৎ সংযোগের কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

  10. পঞ্চগড়ে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও

    পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    শনিবার বিকেলে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

    দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিবিসি বাংলাকে জানান, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হন ইউএনও।

    “অনেক গাড়ির লাইন দেখে উনি (ইউএনও) বৈধ কাগজপত্র না থাকা কয়েকজনকে জরিমানা করেন। এসময় হঠাৎ করেই কিছু লোকজন তার ওপর হামলা করে। স্থানীয়রা তাকে সেভ করে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    জানা গেছে, শনিবার দেবীগঞ্জ উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। এর ফলে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।

    একপর্যায়ে মোটরসাইকেল চালকদের লাইনে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান পেট্রোল পাম্পে দায়িত্বরতরা।

    এসময় ফুয়েল কার্ড এবং বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনকে জরিমানা করেন পেট্রোল পাম্প পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

  11. 'শুধু ভোটের সময়ে এসে মোদীজি মমতাকে কটাক্ষ করেন'- পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী

    পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

    শনিবার একটি সভা থেকে সরাসরি মমতা ব্যানার্জীকে উদ্দেশ করে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কখনও ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও ১০-১৫ দিন অন্তর আমাকে মামলায় হাজিরা দিতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদীজি? মমতাজিকে কত ঘণ্টা জেরা করা হয়েছে? আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে- টানা পাঁচ দিন।"

    "মমতাজির উপরে কোনো আক্রমণ হয় না। কেন? কারণ, তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না।”

    পাশাপাশি বলেছেন, “শুধু ভোটের সময়ে এসে মোদীজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে নিয়ে কিছু বলবেন না। তিনি জানেন, ভারতে একটি শক্তিই বিজেপির বিরুদ্ধে লড়াই করে। সেই শক্তি হলো কংগ্রেস। এখানে কংগ্রেসকে মজবুত করুন।”

    রাজ্যে আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, নিরাপত্তাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি বামপন্থিদেরও সমালোচনা করেছেন।

  12. যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুমকি ইরানি সেনাবাহিনীর

    যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে তাদের আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তাহলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

    ইরানি সেনাবাহিনীর কমান্ড সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিটি তাসনিম নিউজ এজেন্সিসহ একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাসনিম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত একটি সংবাদ সংস্থা।

    বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যদি ওই অঞ্চলে সাগরে “অবরোধ, ডাকাতি ও জলদস্যুতা” অব্যাহত রাখে, তাহলে তারা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে “জবাবের মুখে পড়বে”।

    উল্লেখ্য, ১৩ই এপ্রিল ইরানি বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সামুদ্রিক চলাচলের ওপর অবরোধ আরোপের পর যুক্তরাষ্ট্র একাধিক জাহাজ আটক করেছে।

  13. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়ে ইরানের 'নীতিগত অবস্থান' ব্যাখ্যা করেছেন।

    বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার পর চলমান আলোচনা প্রক্রিয়ার ওপর "আস্থা প্রকাশ" করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

  14. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে সন্দিহান ইরান, জিয়ার গল, বিবিসি পার্সিয়ান (ইসলামাবাদ থেকে)

    পাকিস্তান যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, তখন ইরানের মধ্যে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে চরম অবিশ্বাস ও সংশয় বিরাজ করছে। মূলত অতীতে আলোচনা চলাকালীনই মার্কিন হামলার তিক্ত অভিজ্ঞতা এই আস্থাহীনতার মূল কারণ।

    ২০২৫ সালের জুন মাসে যখন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছিলেন, ঠিক তখনই ইরানজুড়ে সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

    দুই পক্ষের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বি-টু বোমারু বিমান এবং বাঙ্কার-বাস্টার অস্ত্র ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।

    তখন থেকেই ওয়াশিংটন ও ইসরায়েল দাবি করে আসছে যে, ইরান পুনরায় তাদের পারমাণবিক কর্মসূচি এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল তৈরির চেষ্টা করছে।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের মাস্কাটে উইটকফ ও কুশনার আবারও আরাঘচির সাথে সাক্ষাৎ করেন।

    কিন্তু সেই কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে, আলোচনার অগ্রগতিতে তিনি "সন্তুষ্ট নন"।

    এবারও একই মার্কিন দূতরা আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন। ইরানি কর্মকর্তারা বলছেন, তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন না। আলোচনার চেয়ে তারা এখন 'সামরিক প্রস্তুতি' জোরদার করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

    ইরানের কিছু কট্টরপন্থি নেতা সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেই হামলার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প।

  15. যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তানকে ‘মতামত' জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠক করেছেন এবং এরপর এক বিবৃতিতে যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান ও প্রস্তাবনাগুলো তুলে ধরেছে তেহরান।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে, বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য "যুদ্ধবিরতি সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি" নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, এই রক্তক্ষয়ী যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে আরাঘচি ইরানের নিজস্ব "অভিমত ও বিবেচ্য বিষয়গুলো" পাকিস্তানের কাছে হস্তান্তর করেছেন।

    বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাবে ইসলামাবাদ।

  16. ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে উড়ো খবরের ব্যাপারে সতর্কবার্তা পাকিস্তানের

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

    শনিবারের ওই বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসনে পাকিস্তানের অবস্থান তুলে ধরা হয়।

    বৈঠকে ইসহাক দার আবারও উল্লেখ করেছেন যে, পাকিস্তান সক্রিয়ভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওই অঞ্চল এবং এর বাইরে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

    এছাড়া এই মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এড়াতে কঠোর সতর্কবার্তা জারি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, "কোনো অননুমোদিত বা বেনামী সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশ করবেন না।"

    সকল সংবাদমাধ্যমকে শুধু "অফিসিয়াল বা দাপ্তরিক বিবৃতির" ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  17. আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

    দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই- ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

    দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর শনিবার সকালে তার সাজা কার্যকর করা হয়।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স এবং তাসনিম এই খবর নিশ্চিত করেছে।

    সরকারি তথ্য মতে, এরফান কিয়ানিকে ২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন ‘অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ চালানোসহ বেশ কিছু গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

    ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

    ইরানি মুদ্রার মানে রেকর্ড পতন এবং জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি কারণে গত বছরের ডিসেম্বরে দেশটিতে অস্থিরতা শুরু হয়েছিল, যা ২০২৬ সালের জানুয়ারিতে তীব্র রূপ নেয়।

    ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, সহিংস দমন-পীড়নে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

  18. যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল-হেজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা

    ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

    সবশেষ সংবাদ অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

    আইডিএফ জানিয়েছে, গত রাতে তারা দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে হেজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তু হওয়া লঞ্চারগুলো রকেট ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং ইসরায়েলের বেসামরিক নাগরিক ও আইডিএফ সেনাদের জন্য "তাৎক্ষণিক হুমকি" হিসেবে কাজ করছিল।

    এদিকে শনিবার সকালে এক বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে যে, তারাও ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

    গত ২৩শে এপ্রিল দুই পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও, চুক্তি স্বাক্ষরের পর থেকেই আইডিএফ এবং হেজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।

  19. ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে সংশয়, ডেভিড উইলিস, উত্তর আমেরিকা সংবাদদাতা

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

    মঙ্গলবার এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে ক্ষুব্ধ হয়ে, তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়।

    এই পরিস্থিতিতে, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে চলমান সংঘাত অবসানে নিজস্ব পরিকল্পনা তৈরির জন্য আরও কিছুটা সময় পায় ইরান।

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সম্প্রতি ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার পথে কিছুটা অগ্রগতিও হয়েছে।

    এই সংকট নিরসনে মার্কিন প্রতিনিধি দলের সদস্য স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে তারা সেখানে কতটুকু সফল হবেন, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে পৌঁছে স্পষ্ট করেছেন যে, তিনি মূলত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য সেখানে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় তিনি অংশ নেবেন না।

    এর অর্থ হলো, ইরান কোনো বার্তা পাঠাতে চাইলে তা পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পৌঁছাতে হবে। তাই এই পরোক্ষ যোগাযোগের মাধ্যমে দ্রুত কোনো বড় ধরনের সাফল্যের সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

    এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, যুদ্ধ অবসানে চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিজ দেশে তার জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে।

  20. ছবিতে: শান্তি আলোচনার জন্য নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তান