শনিবার সারাদিন যা যা হলো
- পাকিস্তান সফর শেষে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তিনি বৈঠক করেছেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করে বলেছেন, "বসে বসে অযথা কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট দিতে হবে না”। ইরান "যখন ইচ্ছে আমাদের ফোন করতে পারে" বলেও মন্তব্য করেছেন তিনি।
- ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
- যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে তাদের আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তাহলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
- পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
- এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড।
- ইরানজুড়ে চলমান অস্থিরতার সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।





















