পত্রিকা: 'নাশকতা মোকাবিলা: সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি'

'নাশকতা মোকাবিলা: সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি' যুগান্তরের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সাংগঠনিক ও রাজনৈতিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি। তবে দলটি কিছুতেই আইন নিজের হাতে তুলে নেবে না।
এছাড়া ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিকভাবে তৎপর থাকবে দলটি।
তবে তাদের মূল ফোকাস থাকবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডেডলাইনের দিকে। আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে সাংগঠনিক নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনকেও মাঠে থাকার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।
এছাড়া দলীয় সংসদ-সদস্যদেরও রাজপথে থাকার বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিসেম্বরের মধ্যে চব্বিশের গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।


'টুঙ্গিপাড়া থানা ও এমপির বাড়িতে আগুন' কালের কণ্ঠের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তাঁরা থানার লকার ভেঙে বেশ কয়েকজন আসামিকে ছিনিয়ে নেন বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির ভবনসহ আটটি ঘরে আগুন দেওয়া হয়ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে টুঙ্গিপাড়া থানার পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের ছাড়িয়ে আনতে থানায় যান।
এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের দেশি অস্ত্রশস্ত্রে সংগঠিত হয়ে থানায় আসতে বলা হয়।
পরে সবাই এক হয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেন। পুলিশ তাঁদের মোকাবেলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে পুলিশ পিছু হটে যায়।

'একের পর এক হামলায় চাপে এনসিপি নেতারা' আজকের পত্রিকার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, যুক্তরাজ্য সফরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরকে কেন্দ্র করে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে।
গত এক সপ্তাহে দেশে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া এবং মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ঘটনাগুলো ঘটেছে।
চলতি ঘটনাগুলোর কারণে দেশে-বিদেশে এনসিপি এবং তাদের অনেক নেতা-কর্মীর সাবেক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা-কর্মীদের একের পর এক হামলা বা হুমকির মুখে পড়ার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
১০ই নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈছাআর অন্যতম সমন্বয়ক ও এনসিপির শিক্ষার্থীদের সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এর এক দিন পরই রাতের বেলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

'বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ' বণিক বার্তার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, দেশে গ্যাস সংকট মোকাবেলায় দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দিয়ে গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা। ২০১৮ সাল থেকে দেশে এ ধরনের অবকাঠামো যুক্ত হয়েছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকট, উচ্চ মূল্য জটিলতার পরিপ্রেক্ষিতে সরকার বেশ কয়েকটি এফএসআরইউ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে। যার অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে চীনা কোম্পানির এফএসআরইউ নির্মাণ প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে গত বৃহস্পতিবার।
আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এফএসআরইউ কার্যকর কোনো সমাধান কিনা কিংবা এলএনজি আমদানি, টার্মিনাল ভাড়া নেয়ার ক্ষেত্রে বাংলাদেশে দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদে আটকে যাচ্ছে কিনা এমন উদ্বেগের কথা জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ।
দেশের জ্বালানি সংকট মোকাবেলায় দ্রুত ও ব্যয়সাশ্রয়ী বিকল্প হিসেবে ভাসমান এলএনজি টার্মিনাল গুরুত্ব পেলেও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মকাণ্ড ও জ্বালানি নিরাপত্তায় ল্যান্ডবেজড টার্মিনালকেই কার্যকর সমাধান হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

'রূপপুরের বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে' মানবজমিনের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ।
মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি; মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই এই সংযোগ দেয়া হয়েছে। এ সময় সময় সেখানে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হবে।
এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হয়ে পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষামূলক এই পর্যায়ে পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।

'শিল্পাঞ্চল আবার অশান্ত ৬৪০ কারখানায় ছুটি' সমকালের শিরোনাম।
খবরটিতে বলা হচ্ছে, মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের অসন্তোষ আবার ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। গতকাল মঙ্গলবার গাজীপুর রণক্ষেত্রে পরিণত হয়। এ ছাড়া সাভার-আশুলিয়া, টঙ্গী ও রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ রয়েছে ৬৪০টি পোশাক কারখানা, যা গত ৩১শে অক্টোবর আন্দোলন শুরুর পর সর্বোচ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাব, হা-মীম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় গতকাল ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।
শ্রমিকরা কাজ করতে রাজি না হওয়া ও বিক্ষোভের কারণে গতকাল পর্যন্ত বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৬৪০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩/১ ধারায় ১১৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে যোগ না দিলে এই ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
গত শনিবার অনুষ্ঠিত তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও এই খাতের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর যৌথ সভায় সিদ্ধান্তটি হয়। এই ধারায় কারখানা বন্ধ থাকার অর্থ হচ্ছে, শ্রমিকরা কাজ করতে না চাইলে যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না তারা।

'সেতু ২৫৬, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, প্রশ্ন প্রয়োজনীয়তা নিয়ে' প্রথম আলোর শিরোনাম।
খবরে বলা হচ্ছে, সংসদ সদস্যরা নিজের নির্বাচনী আসনে সেতু চান। তাঁদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা।
'উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ' শিরোনামের প্রকল্পটি আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। প্রকল্পটি ২০২৩ সালের। এটির ব্যয় ও সেতুর সংখ্যা বাড়িয়ে অনুমোদন চাইছে এলজিইডি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব সেতু নির্মাণ করা হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। তবে প্রশ্ন উঠছে যে সেতুগুলোর মধ্যে কটি এখনই নির্মাণ করা জরুরি?
কোন এলাকায় নির্মাণ করা হলে বেশিসংখ্যক মানুষ সুফল পাবে? সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো এলাকাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বৈষম্য তৈরি করা হচ্ছে কি না?
বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত টাকা সরকার কোথায় পাবে, সে প্রশ্নও রয়েছে। কারণ ঋণে নয়, সরকারের নিজের টাকায় সেতুগুলো নির্মাণের কথা বলা হয়েছে প্রকল্পে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই করতে হয়। তবে নতুন প্রকল্পে থাকা ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের ৯৮টি সেতুর সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়নি।

'আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ' নয়াদিগন্তের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, সরকারি দপ্তরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের উদ্যোগ কার্যত আটকে গেছে আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন এবং সরকারি ক্রয় আইনের সাথে তার অসামঞ্জস্যের কারণে।
সরকারি ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার যুক্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থা পরিবর্তন করা হলেও বিকল্প নিয়োগপদ্ধতির প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো প্রস্তুত না করেই নতুন নীতি কার্যকর করা হয়।
ফলে পুরনো পদ্ধতিতে নিয়োগ বন্ধ হয়েছে, অথচ নতুন পদ্ধতিতে নিয়োগ দেয়ার পথও পুরোপুরি তৈরি হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে হাসপাতাল, সরকারি দফতর, গণপূর্ত, রেলপথ, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের জনবল ব্যবস্থাপনায়।
পরিস্থিতি সামাল দিতে অবশেষে পুরনো নীতিমালার আওতায় শুরু হওয়া ক্রয়প্রক্রিয়া সম্পন্ন এবং মেয়াদোত্তীর্ণ কিছু চুক্তি সাময়িকভাবে চালু রাখার অনুমতি দিয়েছে অর্থ বিভাগ।
গত ১৬ই নভেম্বর জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২১শে সেপ্টেম্বর ২০২৬ বা তার আগে শুরু হওয়া নির্দিষ্ট আউটসোর্সিং ক্রয়প্রক্রিয়া আগের বিধান অনুসরণ করে সম্পন্ন করা যাবে। তবে এসব চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর।

দ্য ডেইলি স্টারের শিরোনাম 'CRIME IN KHULNA: Pay or perish ' অর্থাৎ 'খুলনায় অপরাধ: টাকা দাও, নওতো প্রাণ দাও'।
খবরে বলা হচ্ছে, ৩০ লাখ টাকা চাঁদা দাবি এরপর প্রাণনাশের হুমকির মুখে খুলনার রূপসা স্ট্যান্ড রোডের 'মল্লিক ব্রাদার্স ফার্মেসি' গত ৯ নভেম্বর বন্ধ করে দিতে বাধ্য হয়।
এই আতঙ্ক আশপাশের অন্য ব্যবসায়ীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফলে আরও প্রায় ১০টি ফার্মেসি তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
মল্লিক ফার্মেসির মালিক বশির হাসান পল্টু জানান, ১৪ই অক্টোবর তিনি প্রথম একটি ফোন কল পান। ওই দিন তার কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়। এরপর ৮ নভেম্বর হেলমেট পরা কয়েকজন যুবক তাঁর প্রতিষ্ঠানে এসে হত্যার হুমকি দেয়।
যদিও বশির ১২ই নভেম্বর ফার্মেসি পুনরায় খুলেছেন, তবুও প্রতিটি দিন অস্বস্তির মধ্যে কাটাচ্ছেন। কারণ গতকাল এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি।
এই ঘটনাটি একটি নমুনা। এটি খুলনার ব্যবসা-বাণিজ্যের ওপর চাঁদাবাজ চক্রের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের চিত্র। ব্যবসায়ীদের ভাষ্যমতে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার শর্ত হয়ে দাঁড়িয়েছে অপরাধী গোষ্ঠীগুলোকে 'প্রোটেকশন মানি' দেওয়া।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম 'No more wage boards, RMG owners want yearly pay revisions' অর্থাৎ ' নতুন করে আর কোনো ওয়েজ বোর্ড নয়, বার্ষিক বেতন পুনর্বিবেচনা চান পোশাকশিল্প মালিকেরা'
খবরে বলা হচ্ছে, পোশাকশিল্পের মালিকেরা এ বছরের নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার পর আর কোনো মজুরি বোর্ড গঠন করতে চান না। বরং তাঁরা বার্ষিক ইনক্রিমেন্টের জন্য একটি নির্দিষ্ট নিয়ম চালু করতে চান।
তিন থেকে পাঁচ বছর পরপর ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার সময় প্রায়শই সহিংস শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এমন পরিস্থিতি এড়ানোর জন্য শিল্পখাতের নেতারা ২৩ নভেম্বর মজুরি বোর্ডের পরবর্তী সভা বসবে। ওই সভায় নতুন মজুরি প্রস্তাবের পাশাপাশি মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বার্ষিক মজুরি বৃদ্ধির একটি পদ্ধতি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার পরিকল্পনা করছেন তারা।
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর শীর্ষ নেতারা 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-কে জানিয়েছেন, ভবিষ্যতে মজুরি বোর্ড ব্যবস্থা বাতিল করার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে।




