পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?

    • Author, তাফসীর বাবু
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • Published
  • পড়ার সময়: ৫ মিনিট

"এই অঞ্চলে যে গার্মেন্টস কারাখানাগুলো আছে, সেখানে অধিকাংশতেই শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নাই। প্রত্যেকটিতে তারা কাজ করে। সমস্যা হচ্ছে, বাইরের দুই একটা ফ্যাক্টরি থেকে লোক এসে আমাদের এখানে হাঙ্গামা করে, গেটে হাঙ্গামা করে, ঢিল ছুঁড়ে।"

কথাগুলো বলছিলেন তৈরি পোশাক প্রস্তুকারক একটি গ্রুপ অব কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা। তার অনুরোধে কোম্পানির নাম প্রকাশ করা হচ্ছে না।

তিনি জানান, আশুলিয়ায় তাদের গ্রুপের চারটি কারখানা আছে। কোনটিতেই অভ্যন্তরীণ কোনো সমস্যা ছিল না। শ্রমিকরা বিক্ষোভ করেননি। কিন্তু তবুও কারখানাগুলো বন্ধ করে দিতে হয় 'হামলার ভয়ে।'

তিনি বলেন, "অন্য কোন কারণ নেই। আমাদের শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু বাইরের হাঙ্গামার কারণে গার্মেন্টস ওয়ার্কার এবং ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে ছুটি দিতে হয়। এখানকার অধিকাংশ কারখানাতেই এই অবস্থা।"

কিন্তু হামলার ঘটনা বন্ধ এবং কারখানা চালু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে কোনো সহেযোগিতা আছে কি-না, এমন প্রশ্নে তৈরি পোশাক কারখানার এই উর্দ্ধতন কর্মকর্তা বিবিসিকে বলেন, কাঙ্খিত সহযোগিতা তারা পাননি।

তিনি বলেন, "গার্মেন্টসে আজ পর্যন্ত আমরা যতবারই বন্ধ দিছি, আমরা কোনো রকমের প্রশাসনিক সাহায্য পাইনি। যেখানে গন্ডগোল তৈরি হয়, সেখানে প্রশাসনিক লোক যায়। কিন্তু ধরেন, এই ফ্যাক্টরিটা চলবে। আমি প্রটেকশন দিলাম যে বাইরে থেকে আক্রমণ হবে না -এরকম কোনো সুযোগ আমরা পাইনি এখন পর্যন্ত।"

তৈরি পোশাক কারখানার এই কর্মকর্তা যে চিত্রের কথা বলছেন, সেটাই এখন সাভার, আশুলিয়া হয়ে গাজীপুর পর্যন্ত দেখা যাচ্ছে।

এলাকাগুলোতে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ হচ্ছে, বন্ধ হচ্ছে পোশাক কারখানা।

এরমধ্যেই শ্রমিকদের অসন্তোষের মূল যে উৎস, মজুরি বৃদ্ধির দাবি, সেটা নিয়ে দুই দফায় বৈঠক করেছে নিম্নতম মজুরি বোর্ড। কিন্তু মজুরি নিয়ে আলোচনা যখন চলছে, তখন বিক্ষোভ কেন থামছে না?

শ্রমিক অসন্তোষকে ঘিরে সেখানে আসলে কী হচ্ছে? আর এর অর্থনৈতিক ক্ষতিই বা কতটা?

উৎপাদন বন্ধ, পণ্য কীভাবে পাঠাবেন জানেন না মালিকরা

গত সোমবার ও মঙ্গলবার আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় বেশকিছু কারাখানার গেটে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে।

কবে খুলবে সেটা জানে না শ্রমিকেরা। এমনকি মালিকপক্ষও নিশ্চিত না আদৌ কারখানা খোলা যাবে কিনা।

বিশেষকরে গাজীপুরে লাগাতার কয়েকদিনের শ্রমিকবিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর সেখানেও অনিশ্চয়তা বেড়েছে।

এমনকি একদিনে তিনশত তৈরি পোশাক কারখানা বন্ধেরও নজির আছে।

বন্ধ হয়ে যাওয়া এসব কারাখানায় উৎপাদন না হওয়ায় তারা ক্রেতাদের পণ্য কীভাবে পাঠাবেন তা নিয়ে দু:শ্চিন্তায়।

"ধরেন আমাদের একটা কারখানায় পনের দিনে চার লাখ পিস প্যান্ট উৎপাদন সক্ষমতা আছে। এখন পনের দিন বন্ধ থাকায় চার লাখ পিস উৎপাদন হলো না। আমারতো এখানেই ক্ষতি বিশ কোটি টাকা। এই ক্ষতিটা একদম দেখা যাচ্ছে। যেটা দেখা যায় না, সেটা হলো এখান থেকে আরো বিশ কোটি টাকা লাভ করা সম্ভব ছিলো। সেটাও হলো না। টাকা তো লস হলোই এর সঙ্গে আবার এই দিনগুলোর বেতনও দিতে হবে শ্রমিকদের।" বলেন আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার কোম্পানি সেক্রেটারি রওশন আলী খোন্দকার লিটন।

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে তো এসব পোশাক উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে কি ক্ষতি কাটিয়ে ওঠা যাবে?

এমন প্রশ্নে তার বক্তব্য হচ্ছে, এটা কাটানো কঠিন।

"ধরেন, উৎপাদনে যে দেরি হয়ে যাবে তাতে দেখা যাবে এক চতুর্থাংশ পণ্য বিদেশি ক্রেতা আর নেবে না। কারণ ঐ দেশে হয়তো সিজন পরিবর্তন হয়ে গেছে। আরেক ভাগ পণ্য হয়তো দেরিতে হলেও তারা নেবে, কিন্তু তখন বলবে ডিসকাউন্ট দিতে। আরেকটা অংশ হয়তো বহুগুণ খরচ বহন করে জাহাজের বদলে বিমানে পাঠাতে হবে।"

তিনি যোগ করেন, "কিন্তু ওভারঅল এটা ওভারকাম করার মত সুবিধা বা ক্ষমতা কোনো গার্মেন্টস মালিকের নাই। এবং এসবের ফলে কিছু ক্রেতা হারিয়ে যাবে চিরতরে।"

মজুরি নির্ধারণ নিয়েও বিলম্ব কেন?

গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে শ্রমিক অসন্তোষ এবং বিক্ষোভ শুরু হয় মূলত বেতন বাড়ানোর দাবিতে।

একপর্যায়ে আন্দোলন বড় হতে থাকলে সরকার মজুরি বোর্ড গঠন করে।

গত পহেলা নভেম্বর মজুরি বোর্ড গঠন হওয়ার পর বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে দ্বিতীয় বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে বত্রিশ হাজার টাকা ন্যুনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

এছাড়া মজুরি বোর্ড আগেই সিদ্দান্ত নেয় ন্যুনতম যে মজুরি ঠিক হবে সেটা আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

তবে শ্রমিকদের মজুরি প্রস্তাবের পর মালিকরা কত মজুরি প্রস্তাব দেয় তা নিয়ে আগ্রহ ছিলো। তবে শেষপর্যন্ত গত সোমবারের বৈঠক স্থগিত হওয়ায় মালিকদের প্রস্তাব প্রকাশ্যে আসেনি।

মজুরি নিয়ে মালিক-শ্রমিক মতবিরোধও স্পষ্ট হয়েছে।

বিশেষকরে শ্রমিকসংগঠনগুলোর মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে যে, তাদের যে দাবি, মালিকপক্ষ তার চেয়ে অর্ধেকেরও কম মজুরি প্রস্তাব করতে যাচ্ছে।

এরমধ্যেই গত সোমবারের বৈঠক স্থগিত হওয়ায় সন্দেহ, সংশয় আরো গাঢ় হয়।

মজুরি বোর্ডের পক্ষ থেকে একজন শ্রমিক প্রতিনিধির অসুস্থতার কারণে বৈঠক স্থগিতের কথা বলা হলেও এমন ধারণা ছড়িয়ে পড়ে যে, সরকার মজুরি নির্ধারণ নিয়ে সময়ক্ষেপন করতে চায়। যার মূল কারণ, মালিকপক্ষের সম্ভাব্য কম মজুরি প্রস্তাবের কারণে যেন নতুন করে অস্থিরতা ছড়িয়ে না পড়ে।

তবে সরকারের পক্ষ থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য ইতোমধ্যেই গত মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে মজুরি নির্ধারণ নিয়ে বিলম্বের অভিযোগ নাকচ করে দেন।

"উভয় পক্ষ আলোচনা করে একটা সহনীয় পর্যায়ে তারা ন্যুনতম মজুরিটা নির্ধারণ করবেন। সেজন্য কিছুদিন সময় প্রয়োজন। এটা একটা প্রক্রিয়ার বিষয়।"

সরকারের দুর্বলতা কোথায়?

এক্ষেত্রে তিনটি দুর্বলতার কথা সামনে আনছেন মালিক-শ্রমিকরা।

প্রথমটি হচ্ছে, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ থামাতে না পারা।

দ্বিতীয়ত, কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাওয়া।

তৃতীয়টি হচ্ছে, মজুরি চূড়ান্ত করতে বিলম্ব।

জানতে চাইলে বিকেএমইএ'র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বিবিসি বাংলাকে বলেন, তারা কোন বিলম্ব করতে চান না।

তিনি বলেন, "আমাদের প্রস্তাব তো রেডি। বৈঠক স্থগিত না হলে আমরা এতোদিন প্রস্তাব দিয়ে দিতাম। এখন আগামী সপ্তাহে যে বৈঠক হবে, সেখানেই প্রস্তাব দেওয়া হবে।"

তার মতে, শ্রমিকদের মজুরি দাবি 'অযৌক্তিক' হয়েছে।

"একটা কথা আছে যে, কামান চাইলে পিস্তল পাওয়া যাবে। আমার মনে হয় ঐরকম একটা থিওরিতে আসলে তারা প্রস্তাবটা দিয়েছেন। কিন্তু আমি মনে করি এই ধরনের অযৌক্তিক প্রস্তাব দেওয়াটা আসলে উচিত হয়নি। এতে সাধারণ শ্রমিকদের মনে (মজুরি নিয়ে) একটা উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। এখন সেটা যদি বাস্তবে তারা না পায়, তাহলে কিন্তু আরেকটা অসন্তোষের রিস্ক তৈরি হলো।" বলেন ফজলে শামীম এহসান।

মালিকপক্ষের কথায় বোঝা যায়, তাদের মজুরি প্রস্তাব কম হবে। ফলে সেই প্রস্তাব জমা হলে সেটা নতুন করে অসন্তোষ এবং বিক্ষোভ তৈরি করতে পারে সেই আশঙ্কাও আছে।

নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বিবিসিকে বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়াটা দ্রুত করা দরকার।

"যদি একটা ভালো প্রস্তাব আসে, তাহলে আমার ধারণা, আন্দোলনটা এরপর চললেও সেটার তখন খুব একটা ভিত্তি থাকবে না। এবং তখন এ ধরনের আন্দোলনগুলো একটা পর্যায়ে গিয়ে মিটিয়ে ফেলা যাবে। এবং সেখানে বাইরের রাজনৈতিক উপাদানগুলো খুব বেশি সেখানে উস্কাতে পারবে না। কিন্তু তা না করে যদি এটিকে প্রলম্বিত করা হয় তাহলে সব বিষয় একসঙ্গে ঘনিভূত হয়ে সমস্যাটিকে আরো জটিলতর করতে পারে" বলেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।

গার্মেন্টস মালিকরা বলছেন, আগামী সপ্তাহেই তারা মজুরি প্রস্তাব দেবেন। কিন্তু এরপর এটা চূড়ান্ত হতে আলাপ-আলোচনা কতদিনে গড়াবে সেটা অনিশ্চিত।

কিন্তু প্রশ্ন হচ্ছে, মজুরি নিয়ে আলোচনার মধ্যেই কারখানা বন্ধ কিংবা বিক্ষোভ কেন হচ্ছে?

এরজন্য সরকার মূলত আওয়ামী লীগকেই দায়ী করছে।

গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বলেন, "এখন যে অসন্তোষ চলছে, আমাদের কাছে যে তথ্য আছে, আমি বলব তারা শ্রমিকের মধ্যে মিশে গিয়েছে। কিছু শ্রমিক নামধারী তারা এই অসন্তোষটাকে জিইয়ে রাখতে চায়। তারা ফ্যাসিবাদি শক্তি, তারা আওয়ামী লীগ।"