তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

তাহসিফ সৌরি
Published
পড়ার সময়: ১ মিনিট

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেলে তুরাগ নদে পানিতে ভাসমান অবস্থায় তাহসিফ সাউরির মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে নৌ পুলিশ।

এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।

২০২৪ সালের পাঁচই অগাস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার যে ভিডিওটি প্রকাশ পেয়েছিল সেটি ধারণ বা ছড়ানোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে আলোচনা রয়েছে।

যদিও বিষয়টি বিবিসির পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।

ঘটনা সম্পর্ক যা জানা যাচ্ছে

মঙ্গলবার বাসা থেকে বের হন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি। বুধবার বিকেলে তুরাগ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বিবিসি বাংলাকে জানান, বুধবার বিকেল সাড়ে চারটার তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

"আমরা ট্রিপল নাইন (৯৯৯) এর মাধ্যমে ফোন পেয়ে উনাকে উদ্ধার করেছি। উনার নাম হলো তাহসিফ সাউরি, অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট," বলেন তিনি।

পুলিশ বলছে, মরদেহটি ভাসমান অবস্থায় কচুরিপানার মধ্য থেকে উদ্ধার করা হয়। এসময় তার পরনে ছিল সাদা ট্রাউজার এবং কালো জামা।

মরদেহে আঘাতের চিহ্ন ছিল কি না এমন প্রশ্নের জবাবে মি. উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

"আমরা পোস্টমর্টেমে পাঠিয়েছি। সেখান থেকে বিস্তারিত জানা যাবে, আমরা প্রাথমিকভাবে ওটা নির্ধারণ করতে পারিনি," বিবিসি বাংলাকে বলেন তিনি।

তার নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও কোনো তথ্য পুলিশে হাতে নেই। তবে এটি হত্যাকাণ্ড কি না এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

মি. উদ্দিন বলছেন, "ওনার পরিবার সোহরাওয়ার্দি হাসপাতালে আছে। গতকাল রাতে তিনি বাইরে ছিলেন কিন্তু বাসায় ফেরেননি।"

এদিকে, এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান।

"এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নৌপুলিশ যখন নিয়ে আসবে, তারা বাদি হয়ে মামলা করতে পারে। যেহেতু নৌপুলিশের আওতাধীন এলাকা, তারাই বিষয়টি দেখবে," বিবিসি বাংলাকে বলেন তিনি।