আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে?
- Author, উপালা কেভিআর
- Role, বিবিসি নিউজ হিন্দি
- Published
- পড়ার সময়: ১০ মিনিট
সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে (সিনেমা হলে সাপ্তাহিক টিকিট বিক্রির অর্থ) জাদু দেখাতে পারেনি।
হিন্দি সিনেমার দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে না পারার কারণ হিসেবে বলা হচ্ছে, গতানুগতিক ধারার সিনেমার প্রতি মানুষের আগ্রহ না থাকা বা দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেকের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারা, চিত্রনাট্য তৈরির সময়ে তারকা ম্যানেজারদের হস্তক্ষেপ ইত্যাদি।
এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করেছি, কেন সাম্প্রতিক বছরগুলোতে অনেক হিন্দি সিনেমাই সফল হয়নি, করোনার প্রকোপের পর থেকে দর্শকরা কী ধরনের সিনেমা দেখতে চান এবং তাদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে কী করা যেতে পারে?
এই প্রসঙ্গে বিশদে জানতে আমরা চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ, বলিউডের চলচ্চিত্র প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা, চলচ্চিত্র প্রযোজক আহমেদ খান এবং বিপণন বিশেষজ্ঞ বরুণ গুপ্তার সঙ্গে কথা বলেছিলাম।
পাশাপাশি, মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্ত নীতিন গুপ্তা এবং গৌরব মিশ্রর কাছ থেকেও এই প্রসঙ্গে মতামত জানতে চেয়েছি।
'করোনার পর মানুষের পছন্দ বদলেছে'
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, বলিউডের ফিল্ম মডেল খুবই ঝুঁকিপূর্ণ। কারণ প্রতি শুক্রবারই ফিল্ম রিলিজ হওয়ার পর তার ফ্লপ বা হিট হওয়াটা পুরোপুরি নির্ভর করে দর্শকের পছন্দের উপর।
এই বিশ্লেষকের কথায়, "কখনো কখনো সব চাইতে বড় স্টারদের ফিল্মও ভাল চলে না, আবার কখনও বা একজন নতুন শিল্পী হঠাৎ সাফল্য পেয়ে যান। আজকের দিনে কেউ নিশ্চিত করে বলতে পারে না যে একটা ফিল্ম বক্স অফিসে কেমন করবে, বা কোন ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।"
এক্ষেত্রে করোনা মহামারির সময়কালও একটা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করেন।
মি. আদর্শের কথায়, "হিন্দি ফিল্মের ব্যবসায় ক্রমবর্ধমান অনিশ্চয়তার একটা প্রধান কারণ হলো কোভিড-১৯ মহামারি। সেই সময়ে মানুষের বিনোদনের মাধ্যম সীমিত ছিল। তাই তারা আরো বেশি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ ভারতীয় ছায়াছবির হিন্দি ডাব করা সংস্করণ দেখতে শুরু করেন। মহামারির সময়ে মানুষ যে ধরনের কনটেন্ট দেখেছে, তা তাদের পছন্দ ও চিন্তাভাবনা বদলে দিয়েছে। তারা আগের চেয়ে ভিন্ন, আরো আধুনিক এবং সাহসী গল্প দেখার সুযোগ পেয়েছেন।
"যারা দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব করা সংস্করণ দেখছিলেন, তারা বুঝতে শুরু করেছেন যে বলিউডের মশালা ফিল্মগুলো আর আগের মতো উপভোগ্য নেই। অন্যদিকে, শহুরে দর্শকদের কথা মাথায় রেখে এবং সামাজিক বিষয়ভিত্তিক সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে। এই অবস্থায় মশালা ফিল্মগুলো উপহাসের পাত্র হতে শুরু করে। এর ফলে, বলিউড তার দর্শকদের একটা বড় অংশ হারাতে শুরু করে" বলেন মি.আদর্শ।
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
দর্শকরা এখন ভেবেচিন্তে সিনেমা বাছাই করেন।
"মহামারির পর দর্শকরা আগের চেয়ে অনেক বেশি ভেবেচিন্তে সিনেমা দেখেন। এ কারণেই আজকাল অনেক সিনেমার বক্স অফিসে ভালো ওপেনিং হয় না, অথচ পুষ্পা, জওয়ান এবং অ্যানিমেলের মতো সিনেমাগুলো দারুণ ওপেনিং পায়। এই ফিল্মগুলোর সিনেমার সেই শক্তিকে প্রমাণ করেছে, যার উপর ভিত্তি করে শুধুমাত্র শহুরে, শিক্ষিত এবং মধ্যবিত্ত দর্শকদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও পৌঁছানো যায়" বলেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
এই ধরনের সিনেমাগুলো দর্শকদের একটা বড় অংশকে আকর্ষণ করে।
তার কথায়, "মহানগরের বাইরে বসবাসকারী দর্শকদের মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত করাটা জরুরি, এবং এক্ষেত্রে সিঙ্গেল-স্ক্রিন থিয়েটারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র নির্দিষ্ট কিছু মহানগর এলাকাতেই দর্শকরা শহুরে প্রেক্ষাপটে তৈরি সিনেমা দেখতে পছন্দ করেন।
"এটা সেইসব চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়নার মতো কাজ করে, যারা একটা নির্দিষ্ট ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে চান এবং মশালা ফিল্মকে নিকৃষ্ট বা নিম্নমানের বলে মনে করেন।"
তিনি ব্যাখ্যা করেছেন, চলচ্চিত্র শিল্পের টিকে থাকাটা নির্ভর করে 'মাস-সিনেমা'র উপর। অর্থাৎ, সেই সমস্ত ফিল্মের উপর, যা সব ধরনের মানুষের কাছে আপিল রাখে।
তরণ আদর্শ বলেছেন, "সত্যিটা হলো, চলচ্চিত্র শিল্পের টিকে থাকা পুরোপুরি মাস-সিনেমার উপর নির্ভরশীল। 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', 'ধামাল ৪', 'আওয়ারাপন ২', 'ধুরন্ধর ২', 'ভূত বাংলা' এবং 'হনুমান অংশ'-এর মতো ছবিগুলো মেট্রো শহরগুলোর বাইরে যেভাবে ব্যবসা করেছে, সেটা অসাধারণ।"
এই প্রসঙ্গে আরো একটা বিষয় তুলে ধরেছেন তিনি, যা সাম্প্রতিককালে বলিউডে নতুন ট্রেন্ড হয়ে উঠেছে এবং সেটা হলো ম্যানেজার সংস্কৃতি।
চলচ্চিত্র তৈরির খুঁটিনাটি বিষয়ে বড় বড় তারকাদের ম্যানেজারদের হস্তক্ষেপের বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি।
"হিন্দি সিনেমার ব্যর্থতার আরেকটা কারণ হলো তারকাদের ঘিরে গড়ে ওঠা ম্যানেজার সংস্কৃতি। চলচ্চিত্র জগতের সঙ্গে এই লোকগুলোর কোনো সংযোগ নেই, এর নাড়ি-নক্ষত্রও তারা বোঝেন না। তারা বছরের পর বছর ধরে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এমন নির্মাতাদের উপেক্ষা করেন।"
"অন্যদিকে, তারকা ম্যানেজাররা এই নির্মাতাদের ব্যাকডেটেড বলে মনে করে। কিন্তু সত্যিটা হলো, বোর্ডরুমে ফিল্ম তৈরি হয় না। এটা তৈরি হয় ভালোবাসা, আবেগ এবং নিষ্ঠা দিয়ে।"
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফিল্মের গানেরও ভূমিকার কথাও টেনে এনেছেন তিনি।
তরণ আদর্শ বলেছেন, "দর্শকদের আকৃষ্ট করার ক্ষেত্রে মিউজিক বরাবরই একটা বড় ভূমিকা পালন করেছে। আগে ফিল্মের গান মুভি রিলিজের অনেক আগেই প্রকাশ করা হতো। এই গানগুলো ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করত এবং দর্শকদের প্রেক্ষাগৃহ পর্যন্ত টেনে আনত। কিন্তু আজকাল আর আমরা গান লেখার পেছনে ততটা সময় দিই না।"
"অনেক সময়ে দেখা যায়, সিনেমার গল্প একরকম ছিল, আর রিলিজের পরে সেটা এতটাই বদলে যায় যে দুটোকে সম্পূর্ণ ভিন্ন বলে মনে হয়। অভিনেতাদের চিত্রনাট্য লেখা এবং চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিভাগে হস্তক্ষেপ করা বন্ধ করা উচিত।"
'সিনেমার সাফল্যের জন্য মজবুত কনটেন্ট অপরিহার্য'
প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালার মতে, বলিউডের সিনেমার সাফল্য অনেকাংশেই তার গল্প, বিষয়বস্তু এবং শিল্পী নির্বাচনের ওপর নির্ভর করে। তার মতে যদি গল্প ভালো হয় এবং অভিনেতাদের সঠিকভাবে নির্বাচন করা হয়, তাহলে ফিল্মের ফ্লপ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
মি. নাদিয়াদওয়ালা এই বছর 'ওয়েলকাম ৪' নির্মাণ করেছেন, যা ভারতীয় মূল্যে বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি টাকা আয় করেছে।
তার মতে, "যখন গল্পটা সঠিক হয় এবং সেই অনুযায়ী অভিনেতাদের নির্বাচন করা হয়, তখন ঝুঁকি অনেকটাই কমে যায়। বড় বাজেটের ছবি এবং বড় বাজেটের জাঁকজমকপূর্ণ ছবির মধ্যে পার্থক্য আছে। এমন বড় বাজেটের ছবিও আছে, যেখানে প্রতিটি পয়সা ভেবেচিন্তে খরচ করা হয় এবং তার প্রভাব পর্দায় স্পষ্টভাবে দেখা যায়। এই ধরনের ছবির ঝুঁকি অনেকটাই কমে যায়।"
তাছাড়া দ্বিতীয়বার ফিল্মের শ্যুটিং বা বাজেট নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়াটাও ঝুঁকি বাড়িয়ে তোলে।
ফিরোজ এ নাদিয়াদওয়ালার কথায়, "বাজেট নিয়ন্ত্রণে রেখে পরিবারের সঙ্গে দেখার মতো একটা ভালো ফিল্ম তৈরি করার চেষ্টাই থাকা উচিত আমাদের। নির্মাণের আগে এটাও ভাবা দরকার যে আগে ফিল্ম মুক্তির আগে কতটা আয় সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে ফিল্ম তৈরির কাজ শেষ করতে হবে কিন্তু মানের সঙ্গে কোনো আপোস করা যাবে না।"
"তাছাড়া বাজেট বাড়ানো উচিত নয়। মুক্তি পাওয়ার পর বক্স অফিসের আয়ের পাশাপাশি ডিজিটাল, স্যাটেলাইট এবং গানের স্বত্ব থেকে আয়ের বিষয়ও বিবেচনা করতে হবে।"
আসলে সব কিছুর মূলে হলো মানুষের বিনোদন।
"আপনার পণ্য যদি বিনোদন কেন্দ্রিক হয় তাহলে আপনাকে দর্শকদের মন বুঝতে হবে। আপনি কাউকে ভয় দেখিয়ে, কাঁদিয়ে, হাসিয়ে বা রোমাঞ্চিত করে বিনোদন করতে পারেন। এইসব কথা মাথায় রেখেই আমরা আমাদের কোম্পানির জন্য 'ফ্যামিলি ইউনিভার্স' নাম বেছে নিয়েছি। এর অর্থ হলো এমন বিনোদন যা পুরো পরিবার একসঙ্গে দেখতে পারে এবং কেউ অস্বস্তি বোধ করে না।"
তবে বিনোদনের ক্ষেত্রে স্টার ফ্যাক্টর মানে বড় তারকার উপস্থিতি সবসময় কাজ করে না বলেও উল্লেখ করেছেন তিনি।
ফিরোজ এ নাদিয়াদওয়ালার কথায়, "সিনেমাকে প্রেক্ষাগৃহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র স্টার পাওয়ার বা তারকার খ্যাতিই যথেষ্ট নয়। একজন তারকার জনপ্রিয়তা অবশ্যই আপনাকে নির্দিষ্ট সংখ্যক দর্শক এনে দিতে পারে, কিন্তু যদি ফিল্মের বিষয়বস্তু মজবুত না হয়, তাহলে দর্শকদের আপনি কী দেখাবেন? যদি বিষয়বস্তু মজবুত হয়, তাহলে স্টার পাওয়ার ফিল্মের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে।"
"একটা দুর্দান্ত ফিল্ম ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে বিষয়বস্তু, সংলাপ, চিত্রনাট্য এবং চরিত্র—সবগুলোই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের 'ওয়েলকাম', 'হেরা ফেরি' এবং 'আওয়ারা পাগল দিওয়ানা'-র মতো ফ্র্যাঞ্চাইজিগুলোই এর বড় উদাহরণ।"
সানি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ এবং মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের নিয়ে মাল্টি-স্টারার ছবি 'বাপ'-এর নির্মাণকারী পরিচালক-প্রযোজক আহমেদ খান বলেন, "ফিল্ম প্রোডিউসারদের জন্য ঝুঁকিটা অনেক বড়। ফিল্ম যদি ভালো ব্যবসা না করে, তাহলে প্রযোজকের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। আমার মতে, একটা ছবির আয় এবং নির্মাণ ব্যয় উসুল করার যে মডেল, সেটি পাঁচভাগে বিভক্ত - বক্স অফিস, ডিজিটাল, স্যাটেলাইট, মিউজিক এবং ওভারসিজ (দেশের বাইরে কত আয়)।"
আহমেদ খান ব্যাখ্যা করেছেন ছায়াছবি তৈরির প্রক্রিয়ায় একাধিক মানুষের অবদান রয়েছে।
তার কথায়, "নির্মাণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে পরিচালক ও প্রযোজক থেকে শুরু করে অভিনেতা, কলাকুশলী এবং স্টুডিও পর্যন্ত প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।"
"আজকাল সিনেমা হলে দর্শকের সংখ্যা সীমিত, কিন্তু তারা সিনেমা দেখতে যাওয়ার জন্য একটা কারণ খোঁজেন। সেটা নতুন অভিনেতাদের নিয়ে প্রেমের গল্প হোক বা যুদ্ধ-ভিত্তিক নাটক। ফিল্ম আকর্ষণীয় হলে দর্শক অবশ্যই দেখতে যাবেন," বলেছেন তিনি।
দর্শকদের প্রেক্ষাগৃহ পর্যন্ত টানার জন্য টিজার এবং ট্রেলারও বড় ভূমিকা পালন করে, অন্তত প্রথমদিকে মানুষের নজর কাড়ার ক্ষেত্রে।
মি. নাদিয়াদওয়ালার কথায়, "প্রত্যেক চলচ্চিত্র নির্মাতাই দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু চলচ্চিত্রের প্রথম পর্যায় অর্থাৎ ট্রেলার এবং টিজারই নির্ধারণ করে দেয় যে ছবিটা দেখার জন্য দর্শকদের মধ্যে কতটা কৌতূহল থাকবে। আমাদের উচিত দর্শকদের পছন্দ বোঝা এবং সেই অনুযায়ী সঠিক ট্রেলার প্রকাশ করা।"
কিন্তু প্রেক্ষাগৃহে আসা মানুষের সংখ্যা কমছে কী?
এই প্রসঙ্গে তিনি বলেছেন, "মহামারির আগে চলচ্চিত্র শিল্পের টার্নওভার কখনো ১,০০০ কোটি টাকা হয়নি। এর অর্থ হলো, মানুষ দলে দলে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। তাই, আমি মনে করি না যে দর্শকের সংখ্যা কমে গিয়েছে। বরং, এখন যারা ওটিটি-তে সিনেমা দেখতেন, তারাও প্রেক্ষাগৃহে ফিরছেন।"
"চলচ্চিত্র নির্মাণের মূল কৌশল বড় বাজেট বা বড় তারকা নয়। আমার কাছে, 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এর মতো ফিল্ম বানানো হলো একটা বিশেষ আয়োজন করা, যেখানে এতজন অভিনেতা একই ফ্রেমে থাকবেন এবং প্রতিটা দৃশ্যে এমন সব মজার কাণ্ড করতে দেখা যায়, যা দর্শকরা ভালোবাসেন।"
তার মতে নতুন শিল্পীদের নিয়ে তৈরি জুটিও কাজ করতে পারে যদি গল্প ভাল হয়, এবং মানুষ তার সঙ্গে একাত্মতা খুঁজে পান।
"একটা নতুন জুটির প্রেমের গল্পও ইভেন্ট সিনেমা হয়ে উঠতে পারে, যদি দর্শক সেখানে নিজেদের যৌবন ও পুরানো স্মৃতির ঝলক খুঁজে পান। আরেক ধরনের ইভেন্ট ফিল্ম হলো, যেখানে চোখধাঁধানো অ্যাকশন, গাড়ির ধাওয়া করা, ব্লাস্ট, ঘোড়দৌড়, একাধিক নায়ক এবং শক্তিশালী সংলাপ থাকে এবং ইভেন্ট ফিল্ম কিন্তু বরাবরই কাজ করে।"
স্টারডমের থেকে বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দিচ্ছেন দর্শকরা
ম্যাক্স মার্কেটিং-এর প্রতিষ্ঠাতা-পরিচালক বরুণ গুপ্তার মতে, বলিউডে কোনো ফিল্ম তৈরির সিদ্ধান্ত মূলত সেটা বাণিজ্যিক দিক থেকে কতটা সফল হতে পারে তার ভিত্তিতে নেওয়া হয়। কাজ শুরু হওয়ার আগে গল্প, তার ধরণ, পরিচালকের আগের কাজের রেকর্ড এবং অভিনেতাদের আগের চলচ্চিত্রে অভিনয় মূল্যায়ন করা হয়।
তার মতে, গত দশকে শিক্ষিত, উচ্চ-মধ্যবিত্ত এবং জেন-জি প্রজন্মের দর্শকদের পছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই দর্শকরা এখন তারকার চেয়ে সিনেমার বিষয়বস্তুকে বেশি প্রাধান্য দেন।
বরুণ গুপ্তা একে সেই সমস্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন, যারা বৈচিত্র্যময় ও আকর্ষণীয় বিষয় নিয়ে সিনেমা বানাতে চান।
"আজকালকার দর্শক বুদ্ধিমান, সচেতন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমার সঙ্গে পরিচিত। তারা সহজেই বুঝতে পারেন কোনটা শুধুমাত্র পর্দায় দেখানোর জন্য আর কোনটা বাস্তব ও খাঁটি বিষয়বস্তু যা তাদের মন ছুঁতে পারে," বলেছেন তিনি।
আগে দর্শকরা শুধু ছবিতে কোনো বড় তারকার কারণেই প্রেক্ষাগৃহে ভিড় করতেন কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে বলেই মনে করেন তিনি।
দর্শকদের আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে হলে ছবির ব্যাপ্তির সঙ্গে মানানসই বিষয়বস্তু, স্টারডম এবং জাঁকজমকের সঠিক মিশ্রণ প্রয়োজন।
এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে, সদ্য মুক্তি পাওয়া 'রামায়ণ'-এ ভারতের বিভিন্ন চলচ্চিত্র জগতের বড় তারকাদের মেলবন্ধনের পাশাপাশি সংস্কৃতির ঝলকও রয়েছে।
বরুণ গুপ্তার মতে ক্রাইম থ্রিলারের মতো সিনেমার পক্ষে সিনেমা হলে দর্শক টানাটা ক্রমশ কঠিন হয়ে পড়ছে, কারণ এই ধরনের সিনেমার জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশি উপযোগী হয়ে উঠছে।
তবে, 'মিসিং লেডিস', 'মুঞ্জ্যা', 'টুয়েলভথ ফেল' এবং 'হনুমান অংশ'-এর মতো উদাহরণ দিয়ে তিনি বলেছেন ভাল সিনেমা এখনো দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারে।
তিনি বলেন, "মহামারীর সময় দর্শকরা আগের চেয়ে অনেক বেশি বিচক্ষণ হয়ে উঠেছেন, কারণ তারা ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে সারা বিশ্বের কনটেন্ট দেখেছেন। যতক্ষণ পর্যন্ত গল্প বলার ধরনে বিশ্বাসযোগ্যতা এবং প্রযোজকদের সঠিক পরিকল্পনা থাকবে ততক্ষণ দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করতেই থাকবেন।"
তিনি আরও বলেন যে, দর্শকদের যেন সিনেমা দেখার পর মনে হয় যে তাদের টাকা ও সময় ব্যয় করা সার্থক হয়েছে। এক্ষেত্রে প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র পরিবেশকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করেছেন তিনি।
টিকিটের দাম থেকে শুরু করে প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা পর্যন্ত নানা বিষয় দর্শকদের সিদ্ধান্তকে প্রভাবিত করে।
বরুণ গুপ্তার মতে, চলচ্চিত্র নির্মাণে সৃজনশীলতা ও ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি। পরিচালকদের উচিত তাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও বোধের উপর ভিত্তি করে কাজ করা দরকার এবং অন্যদিকে প্রযোজকদেরও ব্যবসায়িক কৌশল বিবেচনা করা।
তিনি বলেন, "প্রযোজক ও পরিচালকের নিজের নিজের কাজ অর্থাৎ সৃজনশীল স্বাধীনতা এবং বাণিজ্যিক সম্ভাব্যতাকে এক করে ফেলা উচিত নয়। কারণ তখনই প্রজেক্ট পথভ্রষ্ট হতে শুরু করে।"
দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে কী প্রয়োজন?
এনএক্সটি সিনেমাস-এর হেড অফ অপারেশনস-এর পদে রয়েছেন নীতিন গুপ্তা।
হিন্দি সিনেমার বিষয়বস্তু, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং ট্রেলার সবই যেন দর্শকদের আকৃষ্ট করে।
তার মতে, "প্রতিটা শহরের ও বিভিন্ন সামাজিক শ্রেণীর দর্শকদের পছন্দ ভিন্ন হতে পারে, কিন্তু এদের প্রত্যেকের কাছেই বিষয়বস্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।"
গুজরাতি চলচ্চিত্র 'লালো' এবং হিন্দি চলচ্চিত্র 'হনুমান অংশ'-এর সাফল্যের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই ফিল্মগুলো দারুণ ব্যবসা করেছে এবং সর্বস্তরের দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।
নীতিন গুপ্তা মনে করেন যে, দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার মূল চাবিকাঠি হলো ভালো বিষয়বস্তু। তার মতে, বড় তারকাখচিত কোনো ফিল্ম প্রথম সপ্তাহান্তেই ভালো ব্যবসা করতে পারে, কিন্তু তার গল্প ও বিষয়বস্তু যদি শক্তিশালী না হয়, তবে তা বক্স অফিসে বেশিদিন টিকবে না।
এক মাল্টিপ্লেক্স চেনের কর্মকর্তা গৌরব মিশ্রর মতে আজকালকার দর্শক, তাদের বয়স বা সামাজিক শ্রেণি নির্বিশেষে, এমন গল্প দেখতে চান যা তাদের বিনোদন করে, স্ক্রিন থেকে চোখ ফেরাতে দেয় না এবং মনে ছাপ ফেলে।
তিনি ব্যাখ্যা করেন যে, শ্রমজীবী শ্রেণি এমন বিনোদন চায় যা টিকিটের পয়সা উসুল করে। মধ্যবিত্ত দর্শকরা পরিবারের সঙ্গে দেখা যায় এমন পরিপূর্ণ বিনোদনমূলক অভিজ্ঞতা আশা করেন।
শিক্ষিত দর্শকরা শক্তিশালী গল্প এবং মৌলিকত্ব পছন্দ করেন, অন্যদিকে জেন-জি প্রজন্ম নতুনত্ব, তাদের জীবনের সঙ্গে যোগ এবং ছাপ ফেলে যায়, এমন অভিজ্ঞতা খোঁজে।
গৌরব মিশ্রের মতে, "শেষ পর্যন্ত, প্রত্যেক দর্শক এমন একটা ফিল্ম দেখতে চান যা যেটা তার সময়ের সার্থকতা প্রমাণ করে।"
তিনি বলেছেন যে দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে ভাল মানের চলচ্চিত্র, ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা, সাশ্রয়ী মূল্যের টিকিট এবং উন্নত প্রেক্ষাগৃহের অভিজ্ঞতাও জরুরি।
গৌরব মিশ্র বিশ্বাস করেন, ভারতে প্রেক্ষাগৃহের সিনেমার ভবিষ্যৎ উজ্জ্বল।
তার কথায়, "যতদিন বড় পর্দায় দেখার মতো সত্যিই বিশেষ গল্প তৈরি হবে এবং দর্শকরা তা উদযাপন করতে একত্রিত হতে ইচ্ছুক থাকবেন, ততদিন বড় পর্দার জাদু অব্যাহত থাকবে।"