লাইভ, সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসেছে আজ। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট ঘোষণার কথা রয়েছে। এদিকে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা-স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. পুশ ইনের বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

    সোমবার থেকে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

    মি. আহমদ বলেন, “বিজিবি ও বিএসএফের ডিজি লেভেলে মিটিংটা একবার বাংলাদেশে হয়, একবার ভারতে হয়। এবার আমাদের যাওয়ার পালা।”

    “ওখানে সমস্ত বিষয়গুলা আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়। ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো ওখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে। সেটা আগে আলোচনা হোক, দেখি” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    বিএসএফ প্রতিদিনই পুশইনের চেষ্টা করছে সরকারের পদক্ষেপ কী? এমন প্রশ্নে মি. আহমদ বলেন, সমস্ত কিছু আলোচনা হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ বলেন, “আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশ ইনের চেষ্টাকে আমরা বাধা দেবো ইনশাল্লাহ, এ পর্যন্ত তাই হয়েছে। তবে এ বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।”

  2. ঈদের সময় সড়ক দুর্ঘটনায়ই সবচেয়ে বেশি মানুষ, ৪০২ জন নিহত হয়েছেন

    মহাসড়কে দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ গতিসীমা মেনে না চলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সড়ক, রেল ও নৌপথের মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে

    ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।

    ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের এই সংখ্যা জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি।

    রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক।

    ঈদের ওই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

    এছাড়া নৌপথে ১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩জন ও আহত হয়েছেন ১৬ জন।

    সড়ক, রেল ও নৌপথের মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজার ৩৪০ জন।

    যাত্রী কল্যান সমিতির মহাসচিব বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ দুই ঈদে সারাদেশে যাতায়াত করে। ঈদকে কেন্দ্র করে সরকারের ১০-১২ দিনের তৎপরতা নয়, বরং ঈদযাত্রায় এত বিপুলসংখ্যক মানুষের জীবন বাঁচাতে, যাতায়াতের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

  3. ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসেছে আজ, বাজেট উপস্থাপন ১১ই জুন

    জাতীয় সংসদ

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, রোববার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন

    রোববার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।

    একইসঙ্গে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এটি। এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট।

    আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বেলা তিনটার দিকে এই অধিবেশন শুরু হয়।

    শনিবার বিকেলে চিফ হুইপ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ১১ই জুন বাজেট উপস্থাপন করা হবে। ৩০ জুন বাজেট পাস করতে হবে। তাই প্রতিদিন সকাল-বিকেল দুইবেলা বৈঠক হতে পারে।

    এ ছাড়া এ অধিবেশনে কিছু বিল আসবে বলেও জানান তিনি।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে