নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে

ছবির উৎস, AFP via Getty Images
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।
ভোটেকোশি ও ত্রিশুলি নদীর বন্যায় নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা হচ্ছে।
নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আজ সকাল ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, ৩২০টি।
পুলিশ জানিয়েছে, নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।
মরদেহ কোথায় পাওয়া গেছে?
- রাসুওয়া – ৩৮
- নুয়াকোট – ১০৩
- ধাদিং – ৫৬
- চিতওয়ান – ৩২০
- গোরখা – ৬৫
- তানাহুন – ৩৮
- নওয়ালপরাসি পূর্ব – ২১৬
- নওয়ালপরাসি পশ্চিম – ১৬৯
- ভারত – ৫
সূত্র: নেপাল পুলিশ
