লাইভ, হ্রদের তীর ভেঙে বন্যার ‘উচ্চ সতর্কতা’ জারি করলো চীন

চীন সতর্ক করেছে যে, সাম্প্রতিক ভূমিধসের পর সৃষ্ট একটি হ্রদের বাঁধ ভেঙে ভাটির দিকে দ্বিতীয় দফা বন্যার ‘প্রবল ঝুঁকি’ রয়েছে। এদিকে, নেপালে বুধবার আঘাত হানা আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পাঁচশ জনের কাছাকাছি পৌঁছে গেছে। চোখ রাখুন বিবিসি বাংলায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা ও তোয়াহা ফারুক

  1. নেপালকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, AFP via Getty Images

    ভয়াবহ বন্যার পর নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মাত্রার দুর্যোগ “এর আগে কখনও দেখা যায়নি” এবং “মজবুত ভবনগুলোও পানিতে ভেসে গেছে”।

    ট্রাম্প জানান, ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, তাদের মধ্যে কয়েকজন “দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন”।

    যুক্তরাষ্ট্র নেপালের নেতৃত্বের সঙ্গে কথা বলেছে এবং যে কোনো ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে বলেও তিনি জানান।

  2. নেপালের বন্যা নিয়ে জরুরি বৈঠক করেছেন শি জিনপিং

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    নেপালের ভয়াবহ বন্যার পর উদ্ধারকাজ নিয়ে কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

    বন্যায় নিখোঁজদের মাঝে চীন ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। সবাইকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।

    উদ্ধার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতিতে চালানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

    সিনহুয়া জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সেইসাথে, উদ্ধারকাজে অন্য দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করবে দেশটি।

  3. নেপালি সরকার প্রকাশিত নিখোঁজদের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতীয় নাগরিকদের নাম

    আবারও বন্যার শঙ্কা রয়েছে নেপালে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, আবারও বন্যার শঙ্কা রয়েছে নেপালে

    নেপালের সরকার বন্যার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ থাকা শত শত পর্যটকের নাম প্রকাশ করেছে। ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে যে, এই বন্যায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে।

    সরকারি তালিকায় ৫৩৭ জন বিদেশি নাগরিকের নাম, জন্মতারিখ এবং জাতীয়তা উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে বুধবার বন্যা আঘাত হানার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

    এই তালিকায় রয়েছে ১৭৮ জন ভারতীয় নাগরিক, ৬৫ জন মার্কিন নাগরিক, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৩ জন অস্ট্রেলীয় এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক।

  4. তিব্বতে বন্যায় পাঁচজনের মৃত্যু, নিখোঁজ ৫৫৮

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ভয়াবহ বন্যায় তিব্বতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

  5. নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯

    নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

    সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোট জেলা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তবে সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান জেলায়।

    চিতওয়ানের মধ্য দিয়ে ত্রিশূলী নদী প্রবাহিত হয়েছে, যা পরে সেতি গান্ডাকি নদীতে গিয়ে মিশেছে।

  6. হ্রদের তীর ভেঙে বন্যার ‘উচ্চ সতর্কতা’ জারি করলো চীন

    ক্রমাগত অস্থির আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে

    ছবির উৎস, VCG via Getty Images

    ছবির ক্যাপশান, ক্রমাগত অস্থির আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে

    চীন সতর্ক করেছে যে, সাম্প্রতিক ভূমিধসের পর সৃষ্টি হওয়া একটি হ্রদের তীর ভেঙে যাওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে, যা ভাটির দিকে দ্বিতীয় দফা বন্যার কারণ হতে পারে।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত নেপাল-তিব্বত সীমান্তের কাছে অবস্থিত ওই বাঁধসদৃশ হ্রদে আনুমানিক ২৫ লাখ ঘনমিটার পানি জমা হয়েছে।

    বাঁধসদৃশ হ্রদ হলো এমন একটি জলাধার, যা নদীর প্রবাহ ধ্বংসাবশেষের কারণে বাধাগ্রস্ত হয়ে তৈরি হয়।

    চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের মতে, ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলে গঠিত এই বাঁধসদৃশ হ্রদটি বৃহস্পতিবার থেকেই উপচে পড়তে শুরু করেছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তের মধ্যে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি হ্রদটিতে প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে, যা ‘তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি’ তৈরি করছে।

    ঝুঁকির কারণে উদ্ধারকাজ কিছু সময় স্থগিত রেখে পরে আবার শুরু করে চীন।

  7. গতকাল সারাদিন যা যা হয়েছে:

    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করলো সংসদের বিরোধী দল। বাংলাদেশে প্রথম ওয়াকআউটের ঘটনা নিয়ে আরো পড়তে পারেন- জাতীয় সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল
    • বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।
    • “মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই”- এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
    • “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়- এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না”- দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
    • নেপালের পুলিশ বুধবারের আকস্মিক বন্যায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ ৩৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
    • নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
    • নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনজুড়ে পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
    • আকস্মিক বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
    • নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
    • চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।
  8. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে