লাইভ , ২২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন মালিকরা
পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতনের বিষয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি কারখানা মালিক ও শ্রমিকপক্ষের নেতারা। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন ফের রিমান্ডে
ছবির উৎস, BSS
জুলাই হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ড দিয়েছে আদালত। এ দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল।
এর আগে, গত ১৭ই নভেম্বর গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন জানালে মি. খোকনের সাত দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে ফের আদালতে হাজির করা হয়।
২২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন মালিকরা
ছবির উৎস, Screen Grab
পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতনের বিষয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি কারখানা মালিক ও শ্রমিকপক্ষের নেতারা।
মঙ্গলবার দুপুরের বৈঠকে সবশেষ ২২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। এর বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন পোশাক কারখানার মালিকরা।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বিষয়টি নিয়ে দু'পক্ষের সঙ্গে আরও আলোচনা চলছে, যার মাধ্যমে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে মজুরি বোর্ড।
ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের মধ্যেই আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিতে গেলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পরে বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। সেইসঙ্গে, অন্তত ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তথ্য দিয়েছে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ।
হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু
ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images
বাংলাদেশে হামে শিশু মৃত্যুর ঘটনা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে নিহতের সংখ্যা এক হাজার ৩৬১-তে দাঁড়াল।
হাম উপসর্গে নতুন করে মারা যাওয়া নয় শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিন জন করে মারা গেছে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ২৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করতে ফের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
ছবির উৎস, Nur Photo via Getty Images
বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে চতুর্থ দিনের মতো মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড।
পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার দুপুর দুইটায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বোর্ডের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
এর আগে, শ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকার দাবির বিপরীতে সোমবার পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি মজুরি প্রস্তাব দেওয়া হয়। তবে সেটি যথেষ্ট নয় দাবি করে অসন্তোষ প্রকাশ করেন শ্রমিক নেতারা। পরে বিষয়টি নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়।
প্রায় নয় ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার আবারও বৈঠকে বসার দিন ধার্য করে মজুরি বোর্ড।
শেখ হাসিনা দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
ছবির উৎস, BSS
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
"আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে," বলেন মিজ ইসলাম।
শেখ হাসিনাকে গ্রেফতার করার মতো সক্ষমতা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আছে কি-না, জানতে চাইলে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি?
"উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল," যোগ করেন শামা ওবায়েদ ইসলাম।
আওয়ামী লীগ সভাপিতর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক 'স্টান্টবাজি' উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না"
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
"বাহাত্তরের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না," বলেন মিজ ইসলাম।
ভারতে থাকা অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার কূটনৈতিক যোগাযোগ চালাচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তাদের সবাইকে এই এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।"
গতকাল যা যা ঘটেছে:
কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল করেছে এনভিডিয়া। জেনসেন হুয়াংয়ের ফেরার খবরে এনভিডিয়া কোম্পানির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে।
২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। নতুন এই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস যৌথভাবে ওই বছরের নারী বিশ্বকাপ ফুটবল আয়োজন সুযোগ পেতে যাচ্ছে।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নতুন যে প্রস্তাব মালিকপক্ষ জমা দিয়েছে, সেটি নিয়ে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা। আলাপ-আলোচনার মাধ্যমে সেটি বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সংলাপে বসেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে সক্রিয় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে নির্দেশ হাই কোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ। এখন আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভর্তি পরীক্ষার আবেদনের সময় কিছুটা বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ পুলিশের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা এস এম আসলাম হোসেনকে ঢাকায় বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। তিনি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যাচ্ছে।
বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয় মনিটরিংয়ের আওতায় আনার জন্য 'বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গাজীপুরের শ্রীপুরে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোয় গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও হামলাকারীদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি লক্ষ্য করা গেছে, সেটি 'মেরামতে' দেশটিকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, জুলাই হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। টার্মিনালটি পরিচালনার জন্য ৩০শে নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করা হবে বলেও জানান তিনি।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।