আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, সরকার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়ে ৯৬ ডলার ছাড়িয়ে গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়..

সরাসরি কভারেজ

  1. সৌদি আরবের তেলবাহী জাহাজে হুথিদের হামলার 'কঠোর নিন্দা' পাকিস্তানের

    পূর্বঘোষিত নৌ-অবরোধের অংশ হিসেবে, লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দু'টি তেলবাহী ট্যাংকারে হুথিরা যে হামলা চালিয়েছে, সেটার বিরুদ্ধে 'কঠোর নিন্দা' জানিয়েছে পাকিস্তান।

    বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে হামলার বিষয়ে নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

    পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, "আমি লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৌচলাচলের স্বাধীনতাকে বিপন্ন করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে।"

    সেইসঙ্গে, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের কথা পুনব্যক্ত করেন মি. শরীফ।

    উল্লেখ্য যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে।

  2. কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

    যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান।

    দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা হামলা শুরু করেছে।

    বিবৃতিতে জর্ডানে হামলার বিষয়ে কিছু বলা হয়নি।

    তবে মার্কিন বিমান হামলার পাল্টা জবাবে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে জর্ডান।

    দেশটির সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ইরান থেকে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জর্ডানের সেনারা।

    আরেকটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ায় কোনো প্রাণহানি ঘটেনি বলে জানানো হয়েছে।

    এর আগে, বুধবার সন্ধ্যায় ছয়টি ড্রোন হামলা প্রতিহত করার তথ্য দিয়েছিল জর্ডানের সেনাবাহিনী।

  3. আন্দোলনরত ‘ককরোচ পার্টি’কে ফের আলোচনায় বসার আহ্বান জানাল ভারত সরকার

    ভারতের প্রধানমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধিদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন এর আগেও আনুষ্ঠানিকভাবে তাদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।

    বার্তাসংস্থা এএনআইকে জিতেন্দ্র সিং বলেছেন, “সরকারের পক্ষ থেকে আমরা আলোচনার জন্য সর্বদা প্রস্তুত এবং প্রয়োজন মতো সময় দিতেও প্রস্তুত। সরকার গতকাল বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে।”

    “আমরা আমাদের সমস্ত তরুণ বন্ধুদের খোলা আমন্ত্রণ জানাচ্ছি যে, সরকার আপনাদের সুবিধামতো যেকোনো সময়ে সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”

    তিনি জানিয়েছেন, জেপি নাড্ডার কার্যালয়ে অথবা তার বাসভবনে এই বৈঠক হতে পারে।

    তিনি বলেন, “কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আমি ব্যক্তিগতভাবে আলোচনায় উপস্থিত থাকব। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে একটি সমাধানের দিকে এগিয়ে যাব।”

    আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়ে তিনি এও বলেছেন যে, “ছাত্রছাত্রীদের স্বার্থে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোরই এটা একটা অংশ। আমি আপনাদের সকলকে আলোচনায় বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।"

  4. ইউক্রেনকে অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

    চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।

    বৃহস্পতিবার ফিলিপিন্সের ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি নিয়ে সতর্ক করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি “অগ্রহণযোগ্য” বলে বৈঠকে উল্লেখ করেছেন মি. ল্যাভরভ।

    ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি 'রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে' পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

    এদিকে, বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মি. রুবিও এবং সের্গেই ল্যাভরভ 'মার্কিন-রুশ সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা" নিয়ে আলোচনা করেছেন।

  5. যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই দু'দিনের সরকারি সফরে ইরানে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি।

    বৃহস্পতিবার তেহরান পৌঁছলে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী আলী মাদিনেজাদেহ। পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী।

    ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে মি. জাইদি তেহরানে গেছেন বলে বলে ইরাক সরকারের মুখপাত্র হায়দার আব্বুদ জানিয়েছেন।

    সফরকালে মি. জাইদি ওই অঞ্চলের ‘উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠা ছাড়াও ইরানের কাছ থেকে গ্যাস আমদানিসহ বেশকিছু বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি।

  6. দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়, বলল পুলিশ

    দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে শামিলদের প্রতি পুলিশের আচরণ নিয়ে সমালোচনা চলছে। এরই মাঝে বিক্ষোভকারীদের মধ্যে আহত একজন নারীর মৃত্যুর খবর ঠিক নয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

    বৃহস্পতিবার দিল্লি পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে উল্লেখ করে,“সামাজিক মাধ্যমে খবর ছড়াচ্ছে যে যন্তর মন্তরের বিক্ষোভকারী একজন নারীর মৃত্যু হয়েছে। এই খবরটি মিথ্যা ও বিভ্রান্তিকর।”

    “আমরা আপনাদের জানাচ্ছি যে, ওই নারী জীবিত আছেন এবং বর্তমানে তিনি দিল্লির ডা. রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় নিযুক্ত ডাক্তাররা জানিয়েছেন যে, তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন বিপদমুক্ত।”

    তথ্য যাচাই না করে শেয়ার করার বিষয়ে সতর্ক করেছে পুলিশ।

    দিল্লি পুলিশ ওই পোস্টে লিখেছে, “নাগরিকদের যাচাই না করা কনটেন্ট শেয়ার না করতে বা গুজব না ছড়াতে অনুরোধ করা হচ্ছে।”

    সোমবার দিল্লিতে ‘পার্লামেন্ট চলো’ কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। পুলিশি অভিযানের সময় ২১ বছরের এক ছাত্রীও গুরুতর আহত হন। তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

  7. আসামের বন্যায় আরো ১০ জনের মৃত্যু

    ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলা জানানো হয়েছে।

    এর ফলে গত দুদিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

    বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চরাইদেও, ধেমাজি, জোড়হাট। পাশাপাশি ডিব্রুগড়, কামরূপ, তিনসুকিয়া, লখিমপুর-সহ একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

    বন্যার জলে ৯৩৯টা গ্রাম জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও।

    ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আসামে বন্যার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে বা তার পথ পরিবর্তন করা হয়েছে।

  8. ইরানের প্ররোচনায় সংঘাতে জড়িয়েছে হুথিরা: মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনের হুথিরা ইরানের “প্ররোচনায়” লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।

    ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান (আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলনের ফাঁকে মি. রুবিও বলেন, “সাম্প্রতিক সংঘাতগুলোয় হুথিরা মূলত বিচক্ষণতা দেখিয়েছে এবং এর বাইরে থেকেছে। কিন্তু এখন মনে হচ্ছে তারা প্রতারিত হয়েছে এবং সৌদি আরব ও তার জাহাজগুলোতে হামলার পথে গেছে।”

    তিনি সাংবাদিকদের আরও বলেন, “আমি আশা করি তারা উত্তেজনা কমাবে। সত্যি বলতে, আমার ধারণা হুথিরা ইরানের দ্বারা বিভ্রান্ত হয়েছে এবং এই সংঘাতে জড়িয়ে পড়েছে।”

  9. ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বাংলাদেশ সরকার

    বাংলাদেশ পুলিশ ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার।

    তাদের মধ্যে তিন জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) এবং দু'জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, 'জনস্বার্থে' ওই ১৭ জন পুলিশ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

    সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

  10. জামায়াতের বহিষ্কৃত এমপি'র বিষয়ে কী বলছে নির্বাচন কমিশন?

    'নৈতিক স্খলনের' কারণে গাজী নজরুল ইসলামকে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল থাকছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য।

    বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও এলাকায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    তিনি বলেন, সংসদ সদস্য মি. ইসলামকে তার দল বহিষ্কার করলেও 'নৈতিক স্খলনের' বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই।

    তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মি. মাছউদ।

  11. ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস করলেন কারা?

    ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ১২ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে এ দফায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ছয় হাজার ১৬৫ জন।

    বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসি'র ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা।

    পূর্বসূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১০ই অগাস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

    ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে প্রায় দুই হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

    এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা এক হাজার ৭৫৫টি, যেখানে প্রায় ৬৫০ জনই স্বাস্থ্য ক্যাডার, অর্থাৎ চিকিৎসকরা নিয়োগ পাবেন।

    এছাড়া বাকিদের মধ্যে প্রশাসন ক্যাডারে দুইশ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

  12. ইরানে ফের বোমা বিস্ফোরণের শব্দ

    বৃহস্পতিবার দিনের বেলা ইরানে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় বোমা হামলা চালানো হয়েছে বলে ইরানের সরকারি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

    তবে ওই হামলায় কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

    দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু করার পর এতদিন কেবল রাতেই হামলা চালাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এখন দিনের বেলাতেও হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে।

    গত মঙ্গলবারের হামলায় মার্কিন সেনারা বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওস।

  13. বিজেপির সঙ্গে ২০ জন 'বিশ্বাসঘাতক' আছে: বিক্ষোভ তৃণমূল এমপির

    নারী সংসদ সদস্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ভারতের লোকসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর, বৃহস্পতিবার মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী সংসদ চত্বরে একা বিক্ষোভ দেখান।

    তার গলায় একটি প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা রয়েছে, "বিজেপির সঙ্গে সংসদে ২০জন বিশ্বাসঘাতক রয়েছেন"।

    একই সঙ্গে সংসদ চত্বরে তাকে এই স্লোগান দিতেও দেখা যায়।

    ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা বুধবার সংসদে জানান, একাধিক নারী সংসদ সদস্যের তরফ থেকে তিনি মি. ব্যানার্জীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহার করার লিখিত অভিযোগ পেয়েছেন।

    লোকসভায় মি. ব্যানার্জীকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব উঠলে, কণ্ঠ ভোটের ভিত্তিতে মি. বিড়লা সেই প্রস্তাব স্বীকার করেন।

  14. ইরানে হামলায় বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন গণমাধ্যম

    ইরানের ওপর হামলায় বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র- মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওসের খবরে একথা বলা হয়েছে। গত ২১শে জুলাই রাতে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় দূরপাল্লার একটি বি-১ বোমারু বিমান ব্যবহার করা হয় বলে তারা জানায়।

    খবরটিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ১২ দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের বোমারু বিমান ব্যবহার করলো যুক্তরাষ্ট্র।

    এর আগে, গত ২৮শে ফেব্রুয়ারি প্রথম দফায় যুদ্ধ শুরুর পর ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলায় বি-টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।

    অ্যাক্সিওস বলছে, মার্কিন বি-১ বোমারু বিমানটি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে অভিযানে অংশ নিয়েছিল। এ ধরনের সামরিক বিমান প্রায় ৯০০ কিলোগ্রামের বেশি ওজনের ২৪টি বোমা কিংবা কয়েক ডজন ক্রুজ মিসাইল বহনে সক্ষম।

    নতুন সংঘাতে বি-১ বোমারু বিমানের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পরিধি উল্লেখযোগ্যমাত্রায় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

    যদিও মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবারের হামলা নিয়ে যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বি-১ বোমারু বিমান ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি।

  15. সিকিমে তিস্তা প্রকল্পের টানেল ধসে মৃতের সংখ্যা বাড়লো

    সিকিমের নামচি জেলার সামারডুং-এ তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন টানেল থেকে আরো নয়জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে।

    ওই টানেলের একাংশ ধসে পড়ায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন নামচির এসপি সোনম দোলমা। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো ঘটনাস্থলে উদ্ধারের কাজ চলছে।

    সোমবার দুপুরে হঠাৎই ধসে যায় নির্মীয়মাণ ওই টানেলের একটা অংশ। সেখানে উপস্থিত শ্রমিকদের দু’জন কোনো মতে বের হতে পারলেও ২৫জন টানেলের ভেতরে আটকে পড়েন।

    উদ্ধারকাজ শুরু হলে সিকিম পুলিশ, দমকল বিভাগ, এনডিআরএফ, এসডিআরএফ এবং কয়লা খনি বিশেষজ্ঞরা এতে যোগ দেন।

    জাতীয় জলবিদ্যুৎ কর্পোরেশন, এনএইচপিসি এক বিবৃতিতে বলেছে যে, হঠাৎ মিথেন গ্যাস নির্গমনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে।

    এই টানেলটি এনএইচপিসি-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ।

  16. অসুস্থতার কথা জানালেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে

    ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

    বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি আরো জানান, বিশ্রামের জন্য সাময়িকভাবে দূরে থাকলেও সন্ধ্যার মধ্যে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ মি. দীপকে লিখেছেন, “গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি।”

    “আজ যন্তর মন্তরে আমার সাথে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।"

    অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

    বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। অন্যদিকে, পুলিশের অভিযোগ, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া ভিড়কে আটকাতে গেলে তাদের উদ্দেশ্য করে পাথর ও বোতল ছোঁড়া হয়।

    এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন মি. দীপকে। বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

  17. চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

    অতিবৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭শে জুলাই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    এক্ষেত্রে অন্যান্য শিক্ষাবোর্ডের সঙ্গে মিল রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আপাতত পরীক্ষা দেবেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের পরীক্ষার্থীরা।

    নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা যে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, সেগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান মি. মিলন।

    মন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন বোর্ডে যেসব পরীক্ষার্থীরা এইচএসসি'র বিভিন্ন বিষয়ে অংশ নিতে পারেননি, নিজ নিজ বোর্ডে নাম নিবন্ধন করে তারাও পুনরায় পরীক্ষা দিতে পারবেন।

  18. আরো বাড়লো জ্বালানি তেলের দাম

    ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দেওয়ায় এবং অন্তত একটি সৌদি তেলবাহী ট্যাংকার ইয়েমেনের হুথিদের হামলার লক্ষ্যবস্তু হওয়া প্রভাব বিশ্ববাজারে তেলের দামের ওপর পড়তে শুরু করেছে।

    বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

    ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে তেলে দাম ৭৫ ডলারের নিচে ছিল এবং যুদ্ধের এক পর্যায়ে তা ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

    এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্দবিরতিতে সম্মত হলে জ্বালানি তেলের দাম আবার কমে আসে। জুলাইয়ের শুরুতে আবার দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর ফের দাম বাড়তে শুরু করেছে।

  19. সরকার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদেরকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    "যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো উনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি," বলেন মি. আহমদ।

    উল্লেখ্য যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    খবরটি পত্রিকার খবরে দেখেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন কি-না, সেটি নিশ্চিত করেননি।

    "তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর দিতে হয়। এটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না," বলেন মি. আহমদ।

  20. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 'নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায়' তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে, হত্যাচেষ্টার অভিযোগে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান।
    • চার মাসের ব্যবধানে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আটশো ছাড়িয়েছে।
    • বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭ তম অবস্থানে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
    • ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
    • দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করা সংক্রান্ত পুলিশের নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
    • নারী সংসদ সদস্যদর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ভারতের লোকসভার বর্ষাকালিন অধিবেশন থেকে বুধবার সাসপেন্ড হন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী। একই দিনে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়।
    • জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
    • এলএনজির ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট)-এ যান্ত্রিক ত্রুটির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
    • সৌদি বন্দরগুলো ব্যবহার না করতে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সতর্কবার্তার পর বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করেছে বলে জানা গেছে।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে।
    • সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে- নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়।