হরমুজ প্রণালি খোলা রাখার প্রশ্নে আবারও পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান

ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা পুনর্ব্যক্ত করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা জলপথটি খুলে দিয়েছে। মার্কিন বাহিনী সেখানে নৌ-যান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। এদিকে, বাংলাদেশে প্রবল বর্ষণে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয় বলে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন ট্রাম্প।
    • হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ইরান। এই ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা জলপথটি খুলে দিয়েছে। মার্কিন বাহিনী সেখানে নৌ-যান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের সাথে 'উত্তেজনা হ্রাস' এবং 'যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের' আহ্বান জানিয়েছেন।
    • চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশের বাকি শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আর জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে।
    • বাংলাদেশের নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে প্রায় এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিব বর্ষ উদযাপনে প্রায় নয়শ' ৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করা হয় বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
    • ভারী বর্ষণের ফলে দেশের যেসব এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • দু'দফায় জানাজা শেষে বাংলাদেশের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে সংসদ প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • কাতারের সরকার জানিয়েছে, দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
    • কয়েক ঘণ্টার টানা বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরেও পানি উঠেছে কোথাও কোথাও। এতে ভোগান্তিতে পড়েন শহর দু’টির বাসিন্দারা।
    • চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন 'বাভি'র হাত থেকে বাঁচাতে উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. আমরা চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি দাবি করেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয় বলে রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন ট্রাম্প।

    ইরানি কর্মকর্তাদেরও সমালোচনা করে তিনি আরও বলেন, "এই লোকগুলোর সমস্যা আছে।"

    হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর হামলার সমুচিত জবাব ইরান পেয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

    "গত রাতে আমরা তাদের ওপর কঠোরভাবে হামলা চালিয়েছি," বলেন ট্রাম্প।

    এর আগে, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার জবাবে তারা ইরানের প্রায় দেড়শ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    "বাণিজ্যিক জাহাজগুলোতে আগের হামলার ব্যাপারে জবাবদিহি করার পর সমঝোতা স্মারক মেনে চলার প্রমাণ দেওয়ার জন্য ইরানকে আরো একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে," সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে সেন্টকম।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিবৃতিটি শেয়ার করেছেন।

    তিনি লিখেছেন, "ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।"

  3. হরমুজ প্রণালি খোলা আছে, নৌযান চলাচল নিশ্চিত করতে আমরা প্রস্তুত: যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Reuters

    ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা পুনর্ব্যক্ত করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা দাবি করেছে যুক্তরাষ্ট্র।

    সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা জলপথটি খুলে দিয়েছে। মার্কিন বাহিনী সেখানে নৌ-যান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

    "আইনসম্মতভাবে চলাচল করতে আগ্রহী সব জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। ইরানের অযাচিত শত্রুতা, হয়রানি, হুমকি এবং খামখেয়ালিমূলক ঘোষণা সত্ত্বেও নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী মোতায়েন এবং প্রস্তুত রয়েছে,” রোববার এক বিবৃতিতে বলেছে সেন্টকম।

    এর আগে, এক বিবৃতি দিয়ে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ইরান।

    "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের ইতি না টানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং কোনো জাহাজকে এর মধ্য দিয়ে যেতে দেওয়া হবে না," বিবৃতিতে বলেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

  4. টাইফুন ‘বাভি’ আঘাত হানায় প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে চীন

    টাইফুন 'বাভি'র আঘাত হানলো চীনে

    ছবির উৎস, Reuters

    চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন 'বাভি'র হাত থেকে বাঁচাতে উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীন।

    এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দেশটিতে দ্বিতীয়বার টাইফুন আঘাত হানলো।

    প্রায় ১,০০০ কিলোমিটার বা ৬২০ মাইল জুড়ে বিস্তৃত ঝড়টি শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপকূলীয় শহর তাইজৌতে প্রথম আঘাত হানে। পরে মধ্যরাতের দিকে এটি ওয়েনঝৌ শহরে আঘাত হানে।

    চীনের আগে, ফিলিপিন্সে টাইফুন বাভির প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হন।

    বর্তমানে বাভির শক্তি কিছুটা কমে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে বড় বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে।

    চীনের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার এটি আনহুই প্রদেশের পূর্বাঞ্চলে এবং মঙ্গলবার শানডং উপদ্বীপ হয়ে উত্তর পীত সাগরের দিকে অগ্রসর হতে পারে।

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশের প্রদেশগুলো থেকেও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

    ঝুঁকি থাকার কারণে ঝেজিয়াংয়ে স্কুল, কার্যালয় ও আউটডোর সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ৪০০টির বেশি ফ্লাইট এবং ডজনখানেক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

  5. রাষ্ট্রায়ত্ত নয়টি ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটিতে ঠেকেছে

    টাকা

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে প্রায় এক লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    রোববার সংসদ অধিবেশন চলাকালে সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন।

    ব্যাংকগুলো হলো- অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

    বিপুল পরিমাণ এই খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

    “ব্যাংকিংখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চহার কমানো প্রয়োজন। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারেও খেলাপি ঋণ কমানোর কথা বলা হয়েছে,” বলেন অর্থমন্ত্রী।

  6. চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

    এইচএসসি পরীক্ষা

    ছবির উৎস, Getty Images

    চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশের বাকি শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    আর জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে।

    রোববার সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

  7. ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে মুজিব বর্ষ উদযাপনে কত খরচ হয়েছিল, জানালেন অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    ছবির উৎস, Sangsad TV

    বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিব বর্ষ উদযাপনে প্রায় নয়শ' ৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করা হয় বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    এসব অর্থ ব্যয় করা হয়েছিল বিভিন্ন সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ; ছবি ও বেদী তৈরি এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ আরও অনেক খাতে।

    রোববার রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী।

  8. হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯

    হাম

    ছবির উৎস, Nur Photo via Getty Images

    হাম ও এর উপসর্গে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর হাম শনাক্ত হয়েছে।

    হাম শনাক্ত হয়ে শিশুটি মারা গেছে ঢাকায়। আর হামের উপসর্গে বাকি চার শিশুর মধ্যে দু'টি ঢাকাতে এবং সিলেট ও বরিশালে একটি করে শিশু মারা গেছে বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে।

    এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হাম উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হলো।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৯৬৯ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯০ শিশুর।

    এ নিয়ে গত প্রায় চার মাসে মোট আক্রান্তে সংখ্যা এক লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে।

  9. প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

    পরীক্ষার ফল

    ছবির উৎস, Najmun Jhumur

    ছবির ক্যাপশান, এবছর বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি ( প্রতীকী ছবি)

    বাংলাদেশে এবছর প্রায় ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রায় ৩২ হাজার ৯৬৫ জন ছাত্র-ছাত্রী।

    রোববার দুপুরে ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রাথমিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৪ দশমিক ৭১ শতাংশই ছাত্রী। সংখ্যার হিসেবে যা প্রায় ৪৩ হাজার ৩৫৪ জন।

    এর বিপরীতে ছাত্ররা বৃত্তি পেয়েছে ৩৫ হাজার ৮৯২ জন।

    এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি।

    মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ছয় লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে ছাত্রী তিন লাখ ৮৮ হাজার ৯২৪ জন এবং ছাত্র পরীক্ষার্থী ছিল দুই লাখ ৫৬ হাজার ১১৭ জন।

    তবে শেষমেশ পরীক্ষা দেয় চার লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর প্রায় ৬৫ দশমিক ১১ শতাংশ।

    অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    এর মধ্যে অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো: ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

    এছাড়া মোবাইলের মেসেজের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  10. দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, BBC/TANVEE

    মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    এক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো হলে তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না বলে জানান তিনি।

    রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই,"

    "হয় প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে অথবা তাকে পুশব্যাক করবে," রোববার সাংবাদিকদের বলেন চিফ প্রসিকিউটর মি. ইসলাম।

    ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে।

    বৃহস্পতিবার রাতে রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, কেবল তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।

    এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান কৌঁসুলি বলেন, সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    “আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে, এরকম নজির নাই...যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সংগত কারণেই যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ-তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে নিষ্পত্তি হবে,” বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মি. ইসলাম।

  11. জলাবদ্ধতায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ভারী বর্ষণের ফলে দেশের যেসব এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এর মধ্যে শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্দেশা দিয়েছেন তিনি।

    রোববার দুপুরে দেশের সকল বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠককালে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    দুর্গত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্য বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।"

    পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    জলাবদ্ধতায় তাদের নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতির অগ্রগতির বিষয়ে প্রতিদিন প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

  12. সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

    সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

    ছবির উৎস, BSS

    বাংলাদেশের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

    রোববার দুপুরে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ওই জানাজা তার পরিবার, আত্মীয়-স্বজন এবং সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন ছাড়াও আরও অনেকে অংশ নেন।

    প্রয়াতের বড় ছেলে নওশাদ জমির, যিনি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, তিনি এক বার্তায় জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার বাবার মরদেহকে নিজ এলাকা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

    বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে প্রয়াত মি. সরকারকে সংসদ প্রাঙ্গণে দাফন করার কথা রয়েছে।

    সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

    সাবেক এই স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের রোববার সকালে এক শোকবার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    আরও শোক প্রকাশ করেছেন বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আইনজীবী সমিতিসহ বিভিন্ন আইনজীবী সংগঠন।

    বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জমির উদ্দিন সরকার রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৯৪ বছর।

    মি. সরকার ১৯৩১ সালের পহেলা ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্ম নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ার সময় তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন।

    পরে বিএনপিতে যোগ দেওয়া জমির উদ্দিন সরকার আমৃত্যু দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

    জীবদ্দশায় পাঁচবারের সংসদ সদস্য জমির উদ্দিন সরকার জিয়াউর রহমানের মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।

    পরে ২০০১ সালের ২৮শে অক্টোবর অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। ২০০৯ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

    এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১শে জুন থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

  13. যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাকিস্তান

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের সাথে 'উত্তেজনা হ্রাস' এবং 'যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের' আহ্বান জানিয়েছেন।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক মত বিনিময় করেছেন।

    বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, "বিরোধ নিষ্পত্তি এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।"

  14. সোমবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

    পরীক্ষার্থী

    ছবির উৎস, Getty Images

    ভারী বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। এর মধ্যে সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কি-না, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে শিক্ষা মন্ত্রণালয়।

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, টানা বৃদ্ধির ফলে কোথায় কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেটির বিষয়ে জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদেরকে তথ্য পাঠাতে বলেছে মন্ত্রণালয়।

    সেইসঙ্গে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও পর্যালোচনা করছেন কর্মকর্তারা।

    “গতকাল (শনিবার) থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে," ‎রোববার ঢাকায় সাংবাদিকদের বলেন শিক্ষামন্ত্রী মি. মিলন।

    কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড় ধসের কারণে ইতোমধ্যেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এর মধ্যে অন্য বোর্ডে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, চট্টগ্রামে সেগুলো পরবর্তীতে পুনরায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।

    সোমবার পদার্থবিজ্ঞান, হিসাবিজ্ঞান, ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে।

    চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা শুরু হয়েছে গত দোসরা জুলাই।

  15. হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু করেছে ইরান এবং ওমান

    হরমুজ প্রণালি

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার স্থানীয় সময় রাতে ওমানের রাজধানী মাস্কটে আব্বাস আরাঘচি এবং ওমানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গে বলেছেন, এ আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালির উপকূলে অবস্থিত এই দুই দেশের মধ্যে জলপথে নৌযান চলাচল ও তার ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে সমন্বয় সাধন করা।

    তিনি বলেন যে, এ আলোচনায় উভয় দেশের লিগ্যাল ও টেকনিক্যাল দিকগুলো দেখেন এমন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, "উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানানোর পাশাপাশি ইসলামাবাদ সমঝোতা স্মারকের পাঁচ নম্বর অনুচ্ছেদের বিধানাবলি বিবেচনায় রেখে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে।"

    মি. বাঘাই আরও বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার জন্য নতুন কোনো পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের কাজটি দুই উপকূলীয় দেশের মধ্যকার আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত।

    বিশেষ করে বিগত কয়েক মাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং যুদ্ধ ও এ জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এর নিরাপত্তা সংক্রান্ত প্রভাবের বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

    আরো পড়তে পারেন:

    হরমুজ

    ছবির উৎস, Getty Images

  16. কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

    কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি

    ছবির উৎস, Reuters

    কাতারের সরকার জানিয়েছে, দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

    তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন আধুনিক কাতারের অন্যতম প্রধান রূপকার, এবং তার শাসন আমলে দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে।

    তারই ডিক্রি বা অধ্যাদেশের ওপর ভিত্তি করে ১৯৯৬ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'আল জাজিরা নেটওয়ার্ক' চালু করা হয়েছিল।

    আরো পড়তে পারেন:

  17. তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

    গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এর মধ্যে সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ও চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

    অন্যদিকে, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি যথাক্রমে বিপৎসীমার ১৪ এবং ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া সোমেশ্বরী নদীর পানি নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং ফেনী জেলায় মুহুরী, ফেনী, সোনাগাজী এবং হালদা নদীর পানি কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এর ফলে ওইসব নদীর দু'পাশের কিছু কিছু এলাকা প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা।

  18. টানা বৃষ্টিতে শহর-পাহাড় সবখানে ভোগান্তি

    ঢাকার পান্থপথে ঝড়ে উপড়ে গেছে গাছটি
    ছবির ক্যাপশান, ঢাকার পান্থপথে ঝড়ে উপড়ে গেছে গাছটি, স্থানীয় প্রশাসনের লোকজন গাছ সরানোর আগ পর্যন্ত দীর্ঘ সময় সড়কটি বন্ধ ছিল আজ
    সকাল থেকে প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ঢাকায় কাজে যাওয়াার পথে ভোগান্তিতে পড়েন বহু মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সকাল থেকে প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ঢাকায় কাজে যাওয়াার পথে ভোগান্তিতে পড়েন বহু মানুষ
    অনলাইন অর্ডার ডেলিভারিও বাধাগ্রস্ত হচ্ছে টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অনলাইন অর্ডার ডেলিভারিও বাধাগ্রস্ত হচ্ছে টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে
    চট্টগ্রামের বাঁশখালিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চট্টগ্রামের বাঁশখালিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে - শনিবারের ছবি
    টানা বৃষ্টিতে বান্দরবন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবনে ইতিমধ্যে পাহাড় ধসে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে বান্দরবন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা...
    চট্টগ্রাম-কক্সবাজার সড়টি ডুবে গেছে টানা ভারী বর্ষণে - শনিবারের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম-কক্সবাজার সড়টি ডুবে গেছে টানা ভারী বর্ষণে - শনিবারের ছবি
    বৃষ্টিতে ভিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছেন দুই শিক্ষার্থী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বৃষ্টিতে ভিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছেন দুই শিক্ষার্থী
    বৃষ্টিতে ভিজে চা খাচ্ছেন দুই শিক্ষার্থী

    ছবির উৎস, Getty Images

  19. ভারী বর্ষণে ঢাকা ও চট্টগ্রাম জলাবদ্ধতা, জনজীবন বিপর্যন্ত

    ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার ছবি

    ছবির উৎস, BBC/SHIMUL

    ছবির ক্যাপশান, ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকার ছবি

    কয়েক ঘণ্টার টানা বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘরেও পানি উঠেছে কোথাও কোথাও। এতে ভোগান্তিতে পড়েছেন শহর দু’টির বাসিন্দারা।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় প্রায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ানবাজার, গ্রিন রোড, পান্থপথ, মণিপুর, বিজয় সরণি, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বিজয়নগর, শাহজাদপুর, তেজগাঁও, রামপুরা, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় সড়ক ও অলিগলিতে পানি জমে গেছে।

    কোথাও কোথাও হাঁটু পর্যন্তও পানি জমেছে। এতে সড়ক, দোকানপাট এবং কিছু কিছু বাড়িঘরে পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৯৮ মিলিমিটার। এতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কাতালগঞ্জ, পতেঙ্গাসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে

  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে