আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া, আরাঘচিকে বলেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে বাংলাদেশে সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদের সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া।
    • রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেভাবে পরিবর্তন ঘটছে, তাতে ইরান ইস্যুর গুরুত্ব উপেক্ষা করা কঠিন।
    • আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসাবে বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদিকে নিয়োগ দিয়েছে ভারত।
    • দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া সোমবার পূর্ব লেবাননে তাদের সামরিক হামলার পরিধি বাড়িয়েছে আইডিএফ।
    • ইরান যুদ্ধের প্রসঙ্গে জরুরি একটি বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
    • রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
    • জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
    • ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে। সোমবার শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে তার আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।
    • লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুইজন শিশু ও দুইজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. যুদ্ধ নিয়ে আরো আলোচনার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান “বিশ্বের সবচেয়ে বড় সুপারপাওয়ার বা পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে দাঁড়িয়েছে।”

    ওয়াশিংটন “এখনও তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি” উল্লেখ করেন মি. আরাঘচি।

    তিনি আরো বলেন, “এ কারণেই তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

    তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

    ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, এই যুদ্ধ ইরানের কাছে প্রমাণ করেছে “রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু এবং মিত্র রয়েছে।”

    সোমবারই রাশিয়া পৌঁছেছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

  3. লেবাননে নিহতের সংখ্যা বেড়ে আড়াই হাজারের বেশি

    হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক অভিযান শুরুর পর থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।

    দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এই তথ্য জানিয়েছে।

    এই হামলায় এখন পর্যন্ত সাত হাজার ৮০৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনএনএ।

    তবে বিবিসি স্বাধীনভাবে এই সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি।

  4. পূর্ব লেবাননেও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল

    ইসরায়েলি সেনাবাহিনী সোমবার পূর্ব লেবাননে সামরিক হামলা চালিয়েছে।

    ইসরায়েল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরথাকলেও, লেবাননের ওপর ইসরায়েলি হামলা এখন আরো বিস্তৃত করেছে, আগে মূলত দক্ষিণাঞ্চলেই সীমাবদ্ধ ছিল তাদের হামলা।

    ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করেছেন, তাদের বাহিনী পূর্ব লেবাননের বেকা উপত্যকার পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের হেজবুল্লাহর অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ার সাথে লেবাননের পূর্ব সীমান্তের কাছের লক্ষ্যবস্তুগুলোতে এই হামলাগুলো চালানো হয়েছে।

  5. কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

    সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই খবর প্রকাশ করেছে।

    প্রধানমন্ত্রী বলেন, "যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"

    তিনি আরো বলেন, "যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যদি তারা এটা করতে না পারে, তবে জনগণের জন্য নেওয়া সমস্ত কর্মসূচি যেমন: নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বন্ধ মিল কারখানা চালুর যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কর্মসূচি, বৃক্ষরোপণের যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়নে তারা ব্যাঘাত সৃষ্টি করবে।"

    দেশের অগ্রগতি যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।"

    প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে, তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ পাঁচই আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে।"

    সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।"

    প্রধানমন্ত্রী বলেন, "আজ আমাদেরকে শপথ নিতে হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ বসে থাকলে চলবে না। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগাতে হবে, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে লাগাতে হবে, তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।"

    তিনি বলেন, "আমাদের চোখের সামনে দিয়ে গত ৫০ বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে, পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা ১৯৭১ সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ ৫০ বছরে তারা কোথায় চলে গিয়েছে! তারা যদি পারে আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারব। এই দেশের মানুষ পারবে।"

  6. ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক করতে যাচ্ছেন স্টারমার

    ইরান যুদ্ধের প্রসঙ্গে জরুরি একটি বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

    তার সরকারের জরুরি কমিটি কোবরার একটি বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

    এই কমিটিতে মন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন।

    কোনো উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পদক্ষেপগুলো কী হবে এই কমিটিতে তারা সেটি সমন্বয় করেন।

    সোমবার সকালে ল্যাঙ্কাশায়ারে ইউএসডিএডব্লিউ ট্রেড ইউনিয়ন সম্মেলনে দেওয়া এক ভাষণে কিয়ের স্টারমার মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থান আবারও স্পষ্ট করেন।

    তিনি বলেন, “আমাদের স্বার্থ নেই এমন কোনো যুদ্ধে আমি এই দেশকে কখনোই টেনে নিতে দেব না।”

  7. মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে রাশিয়া, আরাঘচিকে বলেছেন পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে বিবিসি ফার্সি এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, বৈঠক চলাকালীন প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া।

    প্রতিবেদন অনুযায়ী, মি. আরাঘচি বলেছেন, ইরান এবং রাশিয়ার সম্পর্ক একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব” যেটি ভবিষ্যতে আরো শক্তিশালী হতে থাকবে।

    রুশ প্রেসিডেন্টও জোর দিয়ে বলেন, মস্কো ইরানের সাথে তার “স্ট্র্যাটেজিক রিলেশনস বা কৌশলগত সম্পর্ক” বজায় রাখবে।

    আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা ছবিতে দেখা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে একটি টেবিলে বসে পুতিনের সঙ্গে বৈঠক করছেন।

    পুতিনের সঙ্গে রয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এবং রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কস্তিউকভ।

  8. বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদি

    বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসাবে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদিকে নিয়োগ দিয়েছে ভারত।

    সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

    বাংলাদেশে বর্তমানে দায়িত্বরত প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন মি. ত্রিবেদি।

    ভারতের দ্যা হিন্দু পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটে জন্ম হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে বরাবর তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

    অলইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন।

    তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

    ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের সরকারে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী, পরবর্তীতে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করেন।

    মি. ত্রিবেদি দুইবার লোকসভার সদস্য আর তিনবার রাজ্যসভার সদস্য ছিলেন।

    বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভারতে অবস্থানের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

    বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

    এমন এক প্রেক্ষাপটে ঢাকায় দিনেশ ত্রিবেদিকে নতুন হাইকমিশনার নিয়োগ করল ভারত।

  9. বজ্রপাতে দেশের চার জেলায় আরো আটজন মারা গেছে

    বাংলাদেশের চার জেলায় বজ্রপাতে আরো আটজন মারা গেছেন।

    সোমবার এই ঘটনা ঘটে।

    এর মধ্যে, হবিগঞ্জ একজন, সুনামগঞ্জে তিনজন, নেত্রকোণায় তিনজন এবং নোয়াখালিতে একজন বজ্রপাতে মারা গেছেন বলে জানা গেছে।

    এর আগে, রোববারও সারাদেশে বজ্রপাতে ১১ জন মারা গিয়েছিলেন।

  10. পশ্চিমবঙ্গ নির্বাচনে ভোটাধিকার ফিরে পেতে পারেন বাদ পড়া একাংশ ভোটার

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বের প্রাক্কালে আজ (সোমবার) প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, বিবিসিকে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল।

    এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন সেই সব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু অ্যাপিলেট ট্রাইবুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন।

    ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠন করা হয়েছে ১৯টি আপিলেট ট্রাইবুনাল। এখানে বাদ পড়া ভোটাররা নিজেদের আবেদন বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন।

    শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, যেসব আবেদন বা আপত্তির নিষ্পত্তি প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে, অর্থাৎ ২১শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে এবং যাদের বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেবে অ্যাপিলেট ট্রাইবুনাল, তারা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    প্রথম দফার ভোটগ্রহণ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে, ২২শে এপ্রিল নির্বাচন কমিশন “অ্যাপিলেট ট্রাইবুনাল সাপ্লিমেন্টারি তালিকা ১” প্রকাশ করে। ওই তালিকার মাধ্যমে নতুন করে ভোটাধিকার ফিরে পান ১৩৯ জন বাদ পড়া ভোটার। অন্যদিকে, মোট ৮ জন ভোটার বাদ পড়েন।

    ২২শে এপ্রিলের মধ্যে অ্যাপিলেট ট্রাইবুনালে মোট ৬৫৭টি আবেদন ও আপত্তির নিষ্পত্তি হয়েছে।

    রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর মোটপ্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়। নির্বাচনের ঠিক আগে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া, বিশেষ করে রাজ্যের মুসলিম-অধ্যুষিত এলাকা থেকে, অনেক বিতর্কের সৃষ্টি করে।

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯শে এপ্রিল, রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দফায় মোট ভোটারের সংখ্যা ইতিমধ্যেই তিন কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে।

  11. সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ হাইকোর্টের

    জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে।

    প্রার্থিতা ফিরে পেতে সকালে হাইকোর্টে রিট করেছিলেন নুসরাত তাবাসসুম।

    আগামী ১২ই মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে গত ২২শে এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

    ওইদিন নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

    একইসঙ্গে এনসিপিরই যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

  12. ইরান ইস্যুর গুরুত্ব উপেক্ষা করা কঠিন:ক্রেমলিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করবেন।

    রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস- এর বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে, রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেভাবে পরিবর্তন ঘটছে, তাতে ইরান ইস্যুর গুরুত্ব উপেক্ষা করা কঠিন।

    উল্লেখ্য, আব্বাস আরাঘচি পাকিস্তান এবং ওমান সফর শেষে সোমবার রাশিয়ায় পৌঁছেছেন।

    এর আগে সেন্ট পিটার্সবার্গে পৌঁছে শান্তি আলোচনা নিয়ে পাকিস্তান ও ওমান সফরের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার ফলে এখন পর্যন্ত হওয়া সর্বশেষ অগ্রগতিগুলো নিয়ে আলোচনার প্রয়োজন ছিল।”

  13. আবারো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিন মামলা স্থগিত

    একটি ফৌজদারি মামলায় শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।

    সংবাদ সংস্থা দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে বলে বিবিসি উর্দুতে একটি খবর প্রকাশিত হয়েছে।

    প্রায় ছয় সপ্তাহ পর সোমবার নেতানিয়াহুর বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার।

    গাজায় ইসরায়েলি অভিযান এবং হেজবুল্লাহর সাথে যুদ্ধের কারণে এই নিয়ে তৃতীয়বারের মতো শুনানি স্থগিত করা হলো।

    কিন্তু আজকের শুনানি বিলম্ব এবং বাতিলের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

    ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে।

    ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গত শরতে এ বিষয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।

  14. ৩০শে এপ্রিলের পর সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার জাতীয় সংসদ অধিবেশনে এ কথা জানান তিনি।

    মি. আহমদ বলেন, “নির্বাচনি ইশতেহার অনুযায়ী জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।”

    “আগামী ৩০শে এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হলে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারাদেশে একটি অভিযান পরিচালনা করবো” বলেন মি. আহমদ।

    একইসঙ্গে, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

    কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    অবৈধ সিসা লাউঞ্জ সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা সিটি করপোরেশন সম্পূর্ণ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

    অবৈধ সিসা বার বন্ধে পুলিশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

  15. হেজবুল্লাহর তিন সদস্য হামলায় নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর

    দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “প্রতিরক্ষা লাইনের অগ্রভাগে দক্ষিণে” ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসার সময় হেজবুল্লাহর তিনজন যোদ্ধাকে শনাক্ত করা হয়।

    লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে একটি ‘বাফার জোন’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল।

    হেজবুল্লাহর হুমকি কমানোর জন্য এটা প্রয়োজন বলে জানিয়েছে আইডিএফ।

    এর অর্থ হলো, লেবাননের প্রায় পাঁচ শতাংশ এলাকা এখন ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে রয়েছে।

    আইডিএফ জানিয়েছে, “হুমকি প্রতিরোধ করতে শনাক্ত করার পরই ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়ে সন্ত্রাসীদের নির্মূল করেছে।”

    বিনত জেবিলে হেজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

    হেজবুল্লাহ এই চুক্তিতে স্বাক্ষরকারী না হলেও, ইসরায়েল ও এই গোষ্ঠীর মধ্যে লড়াই বন্ধ করাই এই চুক্তির উদ্দেশ্য ছিল।

    এরপরেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

    তিনি দাবি করেছেন, হেজবুল্লাহর কর্মকাণ্ড “যুদ্ধবিরতি ভঙ্গ করছে।”

    এই চুক্তি ইসরায়েলকে “কাজের স্বাধীনতা দেয়, কেবল হামলার জবাব দেওয়ার জন্য নয় বরং তাৎক্ষণিক হুমকি ঠেকাতে এবং নতুনভাবে তৈরি হওয়া হুমকি নসাৎ করার জন্যও” বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলের হামলায় ১৪ জন নিহত হয়েছে।

  16. সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ

    ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন রয়েছেন তালিকায়।

    বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ ৩৬ জন নারীর নাম রয়েছে।

    মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জন জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মনোনীত হয়েছেন।

    তবে, জামায়াতের এই জোটের পক্ষে মনোনীত প্রার্থীর তালিকায় মনিরা শারমীনের নাম নেই।

    এছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্রভাবে মনোনয়ন পেয়েছেন।

    যাদের প্রার্থিতা বৈধ হয়েছে:

  17. ঢাবি শিক্ষার্থীর মিমোর আত্মহত্যা, অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    সোমবার তাকে আদালতে হাজির করে মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক কাজী ইকবাল হোসেন।

    গ্রেফতার মি. চক্রবর্তীর আইনজীবী ফুল মোহাম্মদ জামিনের আবেদন করেছেন।

    তবে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

    পুলিশের করা আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারনামীয় আসামি সুদীপ চক্রবর্তীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার তিনটা ২০ মিনিটে উত্তর বাড্ডা থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

    এমতাবস্থায় মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

    মামলা তদন্তের স্বার্থে ভবিষ্যতে তার রিমান্ডের প্রয়োজন হতে পারে বলেও তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

    উল্লেখ্য, রোববার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় একটি চিরকুট পাওয়া যায়।

    এটিতে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’

    পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন।

  18. চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে ১৪ জন নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

    অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা অব্যাহত ছিল গত সপ্তাহে।

    যুদ্ধবিরতি চুক্তিটি ১৬ এপ্রিল কার্যকর হয় এবং পরবর্তীতে এর মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুইজন শিশু ও দুইজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।

    দক্ষিণ লেবানন থেকে নাগরিকদের সরে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কবার্তার পর ওই এলাকাগুলোতে বিমান হামলা চালানো হয়।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, এই স্থানগুলো “আইডিএফ সৈন্যদের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল।”

    পৃথক আরেকটি আপডেটে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে হেজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী একজন ইসরায়েলি সামরিক বাহিনীর সৈন্য নিহত হয়েছেন এবং আরো ছয়জন আহত হয়েছেন।

  19. শান্তি আলোচনা বাতিল, ইরান কথা বলতে চাইলে ‘কল’ করতে পারে, বলেছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কর্মকর্তাদের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে গত সপ্তাহে।

    তেহরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়ার পরেই শনিবার ট্রাম্প ঘোষণা করেন, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানীতে বিমানযোগে যাওয়া হবে শুধুমাত্র “সময়ের অপচয়।”

    গত সপ্তাহে মধ্যস্থতাকারী পাকিস্তানের সাথে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    এরপর তিনি জানান, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন তিনি, তবে যুক্তরাষ্ট্র “কূটনীতির বিষয়ে আসলে কতটা আন্তরিক” তা এখনও দেখার বিষয়।

    শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, “যদি তারা কথা বলতে চায়, তাহলে তাদের শুধু একটা ফোন করলেই হবে।”

    যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, আলোচনার ‘সব কার্ড’ এখন যুক্তরাষ্ট্রের হাতে, অন্যদিকে ইরানের “‘নেতৃত্বের’ মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তি বিরাজ করছে।”

  20. যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনার ব্যর্থতার জন্য দায়ী, রাশিয়ায় বললেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

    আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সাথে আলোচনা করবেন তিনি।

    ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন।

    রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে।

    বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

    ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাঘচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি।