আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

টুঙ্গিপাড়া থানা ও বিএনপির এমপি জিলানীর বাড়িতে হামলার পর আগুন

নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এরপর স্থানীয় এমপির বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।

সার সংক্ষেপ

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী ও তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সাইয়েদা আক্তার ও সায়েদুল ইসলাম।

  1. মঙ্গলবার সারা দিন যা যা ঘটেছে:

    • নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এরপর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও আগুন দেয় তারা।
    • ঢাকায় অন্তত তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
    • ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামলায় রাজু মোল্লা নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
    • গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
    • বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
    • সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। গত ১৫ই নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
    • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এসআরবি। পরে জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
    • সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
    • ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।
    • বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
    • গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েও পাঁচজনের মৃত্যু হয়েছে।
    • ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট ‘কোয়াডে’র নেতাদের সঙ্গে বৈঠক করতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন।
    • গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা নিহত

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামলায় রাজু মোল্লা নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

    নিহত মি. মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা যাচ্ছে।

    স্থানীয় সাংবাদিকরা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেয় তারা।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

    পরে রাত সেয়া নয়টার দিকে রাজু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিএনপি'র স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরাই হামলা চালিয়ে মি. মোল্লাকে হত্যা করেছে।

    তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

  3. গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি সংসদে বলেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

    গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে সরকার কি করছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''আজকে পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওইখানে যেয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি সংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।''

    ''এটা তাদের চরিত্র, আগুন লাগানো তাদের স্বভাব। আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব। অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপর থেকে গত কয়েকদিনে বিভিন্ন ভিডিও ম্যাসেজে, স্যোশাল মিডিয়ায় পাওয়া যায়- তাদের সাবেক মন্ত্রী-এমপিরা, তথাকথিত নেতারা ম্যাসেজ দিচ্ছে, তোমরা গ্রামে গ্রামে গিয়ে আগুন লাগাও।''

    বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''তারা চাইছে আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাইছে মিছিলে মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলিতে ঝাঝরা করি। এটা তাদের কৌশল।''

    ''আমরা গণতান্ত্রিক কালচারের সরকার। জনগণ এইদেশে আর কোনোরকম রাজপথে আন্দোলনকারীদের হত্যা দেখতে চায় না। তবে হ্যা, যদি কেউ থানায় আক্রমণ করে, তারা চরিত্রগতভাবে আন্দোলনকারী না। যদি কোনো সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগায়, তারা কোনো গণতন্ত্রিক আন্দোলন করে না। তারা ঘোষণা দিয়ে রাস্তায় নামছে এবং আগুন লাগানোর নির্দেেশনা দিচ্ছে, গুলি করার নির্দেশনা দিচ্ছে, সব কিছু ভিডিওতে পাওয়া যায়,'' বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেন, ''প্রশ্ন হচ্ছে, আমরা কি তাদের কায়দায় সাধারণ মানুষকে এভাবে গুলিবিদ্ধ করবো? প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমার কিছুদিন ধৈর্য পোষণ করবো, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়। আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিটিং মিছিলে গুলি না করি।''

    ''তবে পরিষ্কারভাবে আমরা বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মরক্ষার স্বার্থে তাদের প্রয়োজনীয় বল প্রয়োগ করবে, অতিরিক্ত বল প্রয়োগ করবে না। আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি।'

    গোপালগঞ্জের বাসিন্দাদের প্রতি সহিংসতায় জড়িত না হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন, ''আমি আহ্বান জানাচ্ছি, গোপালগঞ্জের সাধারণ মানুষ আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা সীমান্তের ওপার থেকে যারা উস্কানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমরা যদি হুুকুম দিতাম এখানে এই বৈঠক থেকে, তারা অনেক মানুষকে হতাহত করতেন। আমরা সেটা চাইনি। চার-পাঁচ কিলোমিটার দূরে আমাদের এসআরবি বিজিবি পুলিশসহ সবাই অপেক্ষা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষজনকে, আপনার শান্তিপূর্ণভাবে যা কিছু বলার বলে বাড়ি যান, অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হবো।''

    ''কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবে। টুডে অর টুমরো, প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে ভিডিও ফুটেজ দেখে, ফটো দেখে যারা থানায় হামলা করেছে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দিয়েছে, আক্রমণ করেছে, গাড়ি জ্বালিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, প্রত্যেককে আইনের হেফাজতে নেওয়া হবে,'' সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  4. ঢাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন

    ঢাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার রাত পৌনে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্য বাস তিনটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    এর মধ্যে রাত পৌনে নয়টার দিকে তেজগাঁও এলাকায় অবস্থিত তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর সোয়া নয়টার দিকে মিরপুর এলাকায় এবং রাত সাড়ে ১০টার দিকে গুলশান এলাকায় আরো দু'টি বাসে আগুন দেওয়া হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তবে কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

  5. গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে নগরীর জোড়পুকুর এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ঠিক কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেনি।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

    পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

  6. থানার পর গোপালগঞ্জে এমপি'র বাড়িতে আগুন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার পর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    মঙ্গলবার রাত নয়টার দিকে তারা বাড়িটিতে আগুন দেয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

  7. টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি

    নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

    এ সময় থানায় আটক থাকা দলীয় নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ।

    মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

    পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে জানান, গত ১০ ও ১৫ই নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে মঙ্গলবার দিনের বেলা গ্রেফতার করে পুলিশ।

    তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য সন্ধ্যায় থানা ঘেরাও করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আটককৃতদের ছাড়তে অস্বীকার করার একপর্যায়ে থানায় হামলা চালায় ঘেরাওকারীরা।

    স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে হামলাকারীদের মধ্যে অন্তত দু'জন আহত হয় বলে তারা খবর পেয়েছেন।

    এরপর পুনরায় হামলা চালিয়ে থানায় আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়।

    এ বিষয়ে কথা বলার জন্য গোপালগঞ্জ জেলার এসপি ও টুঙ্গিপাড়া থানার ওসিকে ফোন দিলেও তারা ধরেননি। তবে জেলা পুলিশের একজন কর্মকর্তা থানায় আগুন দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

  8. হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

    বাংলাদেশে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এ নিয়ে চলতি বছর হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২৩ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে হাম উপসর্গে প্রাণ হারান শিশুদের সবাই ঢাকা বিভাগের। একইসঙ্গে, হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও প্রায় এক হাজার ৩১৪ শিশু।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।

  9. ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অন্তত ৫০৭ জনে দাঁড়াল।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ৫৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হন।

    এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর বর্তমানে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৬০৯ জন।

  10. ক্রাইমিয়া সেতুতে ইউক্রেনের হামলা, 'অভূতপূর্ব অভিযান' বললেন জেলেনস্কি

    অধিকৃত ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযোগকারী ক্রাইমিয়া সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এটাকে সাফল্য হিসেবে তুলে ধরে 'অভূতপূর্ব অভিযান' বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা করার পর ওই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

    হামলার পর সেতুর একটি অংশ ধসে পড়েছে। সেতুটিতে একইসঙ্গে সড়ক ও রেলপথ ছিল। হামলার ফলে সড়কপথ ক্ষতিগ্রস্ত হলেও রেলপথ অক্ষত রয়েছে বলে জানা যাচ্ছে।

    ক্রেমলিন ঘোষণা দিয়েছে, তারা সেতুটি 'আগের চেয়েও মজবুত' করে পুনর্নির্মাণ করবে।

  11. সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

    জুলাই আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

    এর আগে, বিকেলে মি. খোকনকে আদালতে হাজির করা হয়। এরপর তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক।

    জুলাই গণঅভ্যুত্থানের পর গত দুই বছরে প্রকাশ্যে দেখা যায়নি মি. খোকনকে। মঙ্গলবার সকালে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। এরপর তাকে ডিবি'র কাছে হস্তান্তর করা হয়।

  12. ম্যানিলায় বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের অন্য নেতারা

    ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসেছেন কোয়াডের চার সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা।

    তারা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বৈঠকে ট্রাম্পের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ দিয়েছেন।

    এর আগে, মঙ্গলবার বিকেলে ম্যানিলায় পৌঁছে কোয়াড সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন, "তিনি একজন খুব কঠিন মানুষ"

    এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ইঙ্গিত করে বলেন, "তিনি হয়তো আরও বেশি কঠিন।"

    তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের দিকে ফিরে ট্রাম্প বলেন, "আমরা ঠিক আছি"।

    কোয়াড নেতাদের সঙ্গে দেখা করার পর মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, "এই মানুষগুলো ও দেশগুলোর সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।"

  13. এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ

    বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

    গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ বিবিসি বাংলাকে বলছেন, গোপালগঞ্জে দুটি শাখা এবং সিলেটের একটি শাখা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র এবং নথিতে আগুন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    এছাড়া অন্যান্য শাখাগুলোতে গভীর রাতে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। কোথাও শাখা ভবনের ফটক বা সিড়িতে আগুন দেওয়া হয়েছে, আবার কোথাও ইটপাটকের ছুঁড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

    গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস এর নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা এসব ঘটনা ঘটাতে পারে বলে ধারণা মি. হামিদ এর।

    “বিভিন্ন মিডিয়া ফুটেজেই দেখা যাচ্ছে যে, একটা বিশেষ দলের স্লোগান দিয়ে আগুন দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে এসব ভিডিও তারা নিজেরাই শেয়ার দিচ্ছে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংককে যুক্ত করে, একটি ভুল ধারণা ছড়িয়ে হামলার ক্ষেত্র তৈরি করা হচ্ছে বলেও মনে করেন মি. হামিদ।

    তিনি বলছেন, “গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের- গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এই একটা পারসেপশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যা সম্পূর্ণ ভুল।”

    গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জে একটি মামলা হয়েছে। এছাড়া দেশের একাধিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানানো হয়েছে।

    মঙ্গলবার গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ব্যাংকটি কোনো ব্যক্তি, পরিবার বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মালিকানাধীন কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়।

    ১৯৮৩ সালের অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এবং এর পরবর্তী সংশোধনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

    মি. হামিদ বলছেন, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেও ব্যাংকটির মালিকানা মূলত দরিদ্র্য নারীদের।

    “গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা হচ্ছে ব্যাংকটির শেয়ার হোল্ডারদের। তারা একটা বা দুটো করে শেয়ার হোল্ড করেন। আর বাকি ১০ শতাংশের মালিক হলো সরকার। কেন অন্য একটা এলিগেশন তৈরি করে হামলা হচ্ছে, আমরা আসলে বুঝতে পারছি না,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    উল্লেখ্য, ১৯৮৩ সালে যাত্রা শুরু করা গ্রামীণ ব্যাংকের বর্তমানে সারাদেশে দুই হাজার ৫২৮টি শাখা কার্যালয় রয়েছে।

  14. ইরান যুদ্ধ শেষ করতে শি ও পুতিনের সাহায্য চাইবেন ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় তিনি সাংবাদিকদেরকে এ কথা জানিয়েছেন।

    কোয়াড ও আসিয়ান সম্মেলন শেষে ম্যানিলা থেকে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি অ্যাপেক সম্মেলনে অংশ নিবেন।

    ওই সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

    ট্রাম্পের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন কি-না?

    জবাবে ট্রাম্প জানান যে, সুযোগ পেলে পুতিনের সঙ্গে বৈঠক করার চেষ্টা করবেন।

    একইসঙ্গে জানান, ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানার প্রচেষ্টায় যুক্ত হয়ে জোরালো ভূমিকা পালনের জন্য তিনি প্রেসিডেন্ট শি এবং প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানাবেন।

  15. কোয়াড বৈঠকে যোগ দিতে ফিলিপিন্সে ট্রাম্প

    ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট ‘কোয়াডে’র নেতাদের সঙ্গে বৈঠক করতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিকেলে তিনি ম্যানিলায় পৌঁছান।

    গত দুই বছরের মধ্যে এবারই প্রথম তিনি বৈঠকে যোগ দিচ্ছেন।

    ট্রাম্প ছাড়াও বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে ম্যানিলা পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    এই বৈঠক ছাড়াও ম্যানিলায় যুক্তরাষ্ট্র-আসিয়ান ‘বিশেষ শীর্ষ সম্মেলনে’ যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর বুধবার ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।

    পরে ফিলিপিন্স থেকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করবেন।

  16. হরমুজ প্রণালিতে আরো একটি তেল ট্যাঙ্কারে হামলা

    হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আরো একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। সোমবার রাতে ওমানের জলসীমার কাছে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও)।

    ইরানের রেভল্যুশনারি গার্ড কোর চতুর্থ একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কথা স্বীকার করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালি যাওয়ার চেষ্টাকালে ওই তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।

    ইউকেএমটিও’র তথ্যমতে, হামলার পর তেলবাহী জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। ফলে ওমানের জলসীমার সাত নটিক্যাল মাইল উত্তরে তেলবাহী ট্যাঙ্কারটি অচল হয়ে পড়ে।

    তবে হামলায় জাহাজের কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রে পাল্টা-পাল্টি অবরোধের মুখে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এতে তেলবাহী হাজার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী দাম বেড়েছে জ্বালানি তেলের।

  17. বিএনপি নেতা ওসমান ফারুক এমপি পদ থেকে পদত্যাগ করেছেন

    সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

    গত ১৫ই নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।

    ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে মি. ফারুক শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে।

    ৮৬ বছর বয়সী এই বিএনপি নেতা বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ কারণে গত ২০শে অগাস্টের রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি।

    ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

    বিএনপির এই ভাইস চেয়ারম্যান অতীতে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।

  18. জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ

    বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

    মঙ্গলবার বিকাল তিনটা ১৬ মিনিটে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

    বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

    এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশিলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

    পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।

    এরপর প্রায় ২৮ ঘন্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

    পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে।

    কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষা-মূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।

    বায়েরা'র অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে বলে বিবৃতি উল্লেখ করা হয়েছে।

    রুশ ঠিকাদারের সাথে চূক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক এই কার্যক্রম সম্পন্ন শেষে স্থায়ীভাবে পূর্ন ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বানিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

    উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

  19. সিলেটের সীমান্ত এলাকায় বিএসএফের এক সদস্যকে আটক

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

    মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের প্রায় দুইশো গজ ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। তবে তার নাম, পরিচয় জানা যায়নি।

    তবে, বিষয়টি নিশ্চিত হতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

    স্থানীয় সাংবাদিকরা জানান, ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের একটি টহল দল বিছনাকান্দি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের সীমান্তের ভেতরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাকে আটক করেন তারা।

    ওই বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। এই বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ৪৮ বিজিবি।

  20. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে

    গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

    মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আনন্দের সাথে অবহিত করছি, ডিএফসি’র অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’

    এই অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসি’র অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজতর হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমাত্রিক খাতে এই বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।