লাইভ, তেহরানে নতুন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললো ইরান

যুক্তরাষ্ট্র আবার তেহরানে হামলা চালানোয় তাদের ‘মহা শয়তান’ বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। এদিকে, নেপালে বন্যায় নিহতের সংখ্যা আরো বেড়ে ১১০০ ছাড়িয়ে গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত

    ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসি’র চারজন সদস্য নিহত হয়েছেন।

    গত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর কেরমানশাহর উপ-গভর্নর বলেছিলেন, কেরমানশাহ প্রদেশের কোনো স্থানই লক্ষ্যবস্তু করা হয়নি।

    ইরানি গণমাধ্যমের তথ্যমতে, দিয়ার শহরে সাইয়্যেদ আল-শোহাদা কোরের উপ-কমান্ডার আজ বলেছেন যে, লাভান দ্বীপে হামলায় ‘তিনজন বাসিজ সদস্য’ নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

  2. হামের উপসর্গে আরো চার জনের মৃত্যু

    হাম ও উপসর্গে শিশু মৃত্যুর খবর প্রতিদিনই আসছে, প্রতীকী ছবি

    ছবির উৎস, Anadolu via Getty Images

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো চার জন মারা গেছে। এর মধ্যে ঢাকা জেলায়ই মারা গেছে তিন জন, বাকি একজন ময়মনসিংহে।

    বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৮৮৪ জন মারা গেছে। একইসময়ে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

    গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৬৩ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন।

    আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে।

  3. বাংলাদেশের যেসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

    বৃষ্টির মধ্যে রাস্তায় চলছে কয়েকটি গাড়ি, রিকশা ও মোটরসাইকেল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের বেশকিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ

    ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ বাংলাদেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বুধবার সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এর আগে সকালে দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    তবে দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সুষ্পষ্ট লঘুচাপটি বাংলাদেশের জন্য এখন গুরুত্বহীন হয়ে পড়েছে, এই কারণে সমুদ্র বন্দরগুলোর স্থানীয় সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।

    এছাড়া আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।

  4. তেহরানে নতুন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললো ইরান

    হামলায় বিধ্বস্ত একটি বাড়ি

    ছবির উৎস, Iranian Red Crescent via Reuters

    ছবির ক্যাপশান, তেহরানের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন

    যুক্তরাষ্ট্র আবার তেহরানে হামলা চালানোয় তাদের ‘মহা শয়তান’ বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

    ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। ওই বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ধরনের প্রতিবেদনের বিষয়ে অবগত, তবে তারা কখনও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালায়নি।

    আজ সকালে এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ যুদ্ধ শুরুর পর থেকে বেসামরিক নিহতদের প্রসঙ্গ তুলে ধরেন, যার মধ্যে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাও রয়েছে। তিনি বলেন, “যদি কোনো শক্তি শয়তানের মতো আচরণ করে... তবে সেটি শয়তান।”

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ‘সাম্প্রতিক হামলার প্রচেষ্টার’ পর ইরানে এসব হামলা চালানো হয়েছে।

    এরপর থেকে তেহরান জর্ডান, কুয়েত, ইরাক এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।

  5. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যুর পর এবছর এই রোগে মৃতের সংখ্যা ১০২ জনে পৌঁছেছে। এই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ।
    • যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
    • সারাদেশে ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১৫৯ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭২ জন।
    • টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার।
    • বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    • বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে।
    • বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে