ইরানের কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র আটক করার পর, নতুন আলোচনায় বসার 'পরিকল্পনা নেই' বলে তেহরানের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। যদিও ইরানি একটি কার্গো জাহাজ যুক্তরাষ্ট্র আটক করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। জাহাজটি সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
    • যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে ইরান ‘কখনোই’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে না বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি।
    • ইসরায়েলের সাথে আসন্ন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা অথবা “অন্য যেকোনো আলোচনা” থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
    • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্য কামনা করেছে ইসলামাবাদ।
    • ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • সংস্কার প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশের ১৩ তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে সরকারি দল বিএনপি।
    • হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
    • শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত।”
    • জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।
    • দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সৈন্য হাতুড়ি দিয়ে যিশু খ্রিষ্টের মূর্তিতে আঘাত করার যে ঘটনা ঘটিয়েছেন, সেটির নিন্দা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদেরকে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার এক বিশ্লেষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি আদৌ তারা আলোচনায় বসে।
    • ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।
    • আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. মার্কিন প্রতিনিধিদল ‘শিগগিরই’ রওনা দেবে

    ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ অবসানে আলোচনার বর্তমান অবস্থা এবং মার্কিন প্রতিনিধি দল রওনা দিয়েছে কী না সে বিষয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।

    তবে তারা এখনো রওনা দেয়নি।

    বিবিসিকে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি “শিগগিরই” রওনা দেবে বলে আশা করা হচ্ছে।

    এর বাইরে আর কোনো তথ্য বা পৌঁছানোর সম্ভাব্য সময় জানায়নি ওই সূত্র।

    সোমবার সকালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রতিনিধি দলটি ইতোমধ্যেই পথে রয়েছে।

    তিনি ফক্স নিউজ এর মারিয়া বারিতোমোকেও বলেছেন, একটি চুক্তি “আজ রাতেই স্বাক্ষর হবে।”

    তবে ইসলামাবাদ পর্যন্ত বিশাল দূরত্ব এবং পথে জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিলে আজ রাতেই চুক্তি হওয়ার বিষয়টি অসম্ভব বলেই মনে হচ্ছে বলে জানিয়েছেন বিবিসির হোয়াইট হাউজ রিপোর্টার ব্রান্ড ডেবুসম্যান জুনিয়র।

  3. নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে ২৭টি জাহাজকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, EUROPEAN UNION/COPERNICUS SENTINEL-2/Handout via Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে ২৭টি জাহাজকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭টি জাহাজকে গতিপথ পরিবর্তন বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া একটি পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে।

    ভিডিওটিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের আওতাভুক্ত এলাকায় একটি বড় জাহাজ ঢুকে পড়লে সেটিকে ইউএস বাহিনী সতর্ক করছে।

    চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাহিনী ঘোষণা করেছিল, তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলো আটকে দেবে অথবা ফেরত পাঠিয়ে দেবে।

    মূলত তেল রপ্তানি থেকে ইরানের মুনাফা অর্জনের পথ বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  4. সংস্কার প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে :প্রধানমন্ত্রী তারেক রহমান

    সোমবার বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, সোমবার বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    সংস্কার প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার বগুড়ায় বিকালে সাড়ে পাঁচটায় এক জনসভায় এই কথা বলেন তিনি।

    জুলাই সনদের প্রতিটি শর্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, “কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে, কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে।”

    সংস্কার প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে বলেন, “আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন যারা এই সংস্কার সংস্কার কথা বলে জনগণকে তারা বিভ্রান্ত করতে যাচ্ছে। যারা জুলাই সনদ সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোন কথা বলে না, বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে কমিশন করা হয়েছিল বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহযোগিতা পেতে পারে সেসব বিষয়ে তারা কোন কথা বলে না। কীভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না, কিভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না।”

    গুপ্ত বিভ্রান্তকারীরা আবারো বিভ্রান্তের কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যারা দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

  5. ১৩ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা করেছে জামায়াতে ইসলামী-এনসিপি জোট

    সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ এই ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

    সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ এই ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

    মি. আযাদ জানান, ১১ দলের পক্ষ থেকে ১৩টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা মনোনয়নপত্র দাখিল করবেন।

    ১৩ টি আসনের মধ্যে জামায়াতে ইসলামীর আটজন, জাতীয় নাগরিক পার্টির দুইজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টির একজন এবং জুলাই পরিবারের একজন প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    জামায়াত থেকে যারা সংসদ সদস্য হচ্ছেন, তারা হলেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, সদস্য মারদিয়া মমতাজ, সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

    এনসিপির দুজন হলেন দলের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু।

    এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    এ ছাড়া জুলাই আন্দোলনে মারা যাওয়া শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে সংসদে নিচ্ছে ১১ দলীয় ঐক্য।

    নিজেদের দলের মনোনয়ন প্রক্রিয়া উল্লেখ করতে গিয়ে বলেন, “অন্যান্য দলে যেমন আবেদন করতে হয় আমাদের দলে তা করতে হয় না। আমাদের সিস্টেম হচ্ছে দল যাকে এই জায়গায় যোগ্য মনে করে তাকে মনোনয়ন দেয়।”

  6. 'উত্তেজনা কমাতে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত':ইরানের রাষ্ট্রপতি

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, “উত্তেজনা কমাতে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত”:ইরানের রাষ্ট্রপতি

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত।”

    সোমবার দেশটির মিনিস্ট্রি অব জাস্টিস বা আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

    মি. পেজেশকিয়ান বলেন, ইরানি জনগণকে “অবশ্যই দেশের বাস্তবতা সম্পর্কে অবহিত রাখতে হবে।”

    “ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি সমস্যা সমাধানে তো কোনো কাজে আসেই না, উল্টো জনগণের আস্থা নষ্ট করে” বলেন মি. পেজেশকিয়ান।

    তিনি আরো বলেন, “সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়ই সততার সাথে জনগণের সামনে তুলে ধরা উচিত।”

    এর আগে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, পরবর্তী দফার আলোচনায় অংশ নেওয়ার “কোনো পরিকল্পনা” নেই তেহরানের।

  7. 'দ্বিতীয় দফার আলোচনার সাফল্যের প্রত্যাশায় ইসলামাবাদ'

    বৈঠক

    ছবির উৎস, Ministry of Interior Pakistan

    ছবির ক্যাপশান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকারের সাথে বৈঠক করেন

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন।

    ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে মার্কিন দূতাবাসে নাটালি বেকারের সাথে সাক্ষাতকালে মহসিন নকভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মহসিন নকভি বলেছেন, পাকিস্তান তাদের সকল বিশেষ অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

    মোহসিন নকভি বলেন, “এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্যের জন্য প্রার্থনা করছে ইসলামাবাদ।”

    বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা নিরসনে পাকিস্তানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।

    অন্যদিকে, ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে দেখা করে ইসলামাবাদ আলোচনার দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

    ইরান এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও মি. নকভি জানিয়েছেন, সব আয়োজন চূড়ান্ত এবং প্রতিনিধিদলের জন্য “নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা” করা হয়েছে।

    বৈঠকে তিনি তার সাম্প্রতিক ইরান সফর সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোগাদাম উত্তেজনা নিরসনে পাকিস্তানের “ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার” প্রশংসা করেছেন।

    এই বৈঠকে ইসলামাবাদের চিফ কমিশনার, আইজিপি এবং ডেপুটি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি

    ছবির উৎস, Ministry of Interior Pakistan

    ছবির ক্যাপশান, ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি
  8. ইসরায়েলের সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার থেকে 'আলাদা': লেবাননের প্রেসিডেন্ট

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

    ইসরায়েলের সাথে আসন্ন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা অথবা “অন্য যেকোনো আলোচনা” থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতিতে মি. আউন বলেন, এই আলোচনায় লেবাননের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক লেবানিজ রাষ্ট্রদূত সাইমন কারাম।

    “লেবাননের অন্য কেউ এই মিশনে অংশ নেবে না বা মি. কারামের স্থলাভিষিক্ত হবেন না” বলেও স্পষ্ট করেন তিনি।

    এই আলোচনার তিনটি প্রধান লক্ষ্যের কথা জানান মি. আউন। এগুলোর মধ্যে রয়েছে, সংঘাত বা শত্রুতা বন্ধ করা, “দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের” অবসান ঘটানো এবং “আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ সীমান্ত পর্যন্ত” লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।

    লেবাননের প্রেসিডেন্ট মি. আউন আরো জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের এই দাবিগুলোর ব্যাপারে “সম্পূর্ণভাবে একমত পোষণ করেছেন” এবং এই আলোচনার পরিবেশ তৈরিতে সহায়তা করেছেন।

    “আমি পূর্ণাঙ্গভাবে আশাবাদী এবং বিশ্বাস করি, আমরা লেবাননকে রক্ষা করতে পারব” আশাপ্রকাশ করে বলেন তিনি।

    তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ সীমান্তের ১০ কিলোমিটারের(৬.২ মাইল) ভেতরে অবস্থান করবে।

  9. জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    ভূমিকম্প

    ছবির উৎস, Getty Images

    জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

    কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি'র খবরে বলা হয়েছে, সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল চারটা ৫৩ মিনিটের দিকে জাপানের উত্তরাঞ্চলে ওই ভূমিকম্প হয়।

    এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, উৎপত্তিস্থল থেকে কয়েকশ' কিলোমিটার দূরে অবস্থিত টোকিও শহরও কেঁপে ওঠে।

    ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

    তবে পরিস্থিতি সামাল দিতে একটি সংকটকালীন দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

  10. হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল করতে দেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ছবির উৎস, BSS

    হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

    তুরস্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  11. দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

    শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    ছবির উৎস, TV Screen Grab

    শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    "আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি," বলেন মি. মিলন।

    সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানিয়েছেন যে, পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়া যায় কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি

  12. ইইউ'র সঙ্গে 'অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি'র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ

    ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে

    ছবির উৎস, BD Ministry of Foreign Affairs

    ছবির ক্যাপশান, ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে 'অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি'র (পিসিএ) বিষয়ে ইনিশিয়াল সাইনিং বা প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন করেছে বাংলাদেশ।

    সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে দু'পক্ষের মধ্যে ইনিশিয়াল সাইনিং হয়।

    এসময় বাংলাদেশের পক্ষে সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি ইনিশিয়াল সাইনিং করেন।

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  13. যিশু খ্রিস্টের মূর্তির ওপর হামলাকারী ইসরায়েলি সেনার নিন্দা করলেন নেতানিয়াহু

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সৈন্য হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করার যে ঘটনা ঘটিয়েছেন, সেটির নিন্দা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    অনলাইনে ঘটনাটির একটি ছবির ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে নিন্দা জানালেন নেতানিয়াহু।

    সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ওই ঘটনা সম্পর্কে জানার পর তিনিসহ বেশিরভাগ ইসরায়েলি 'হতবাক ও মর্মাহত' হয়েছেন।

    ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং অপরাধীর বিরুদ্ধে 'যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা' নেওয়া হবে বলে জানান তিনি।

    "মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যারা সকলের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। ওই ঘটনার জন্য এবং এর ফলে যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার প্রতি দুঃখ প্রকাশ করছি," যোগ করেন নেতানিয়াহু।

    এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওই সৈন্যের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

  14. কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

    সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদেরকে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সেখানে আরও বলা হয়েছে, বৈঠকে তারা দু'দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক তথা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    এসময় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রসঙ্গ তুলে সেটির প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

    জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিমও সৌদিতে পাঠানো হয়েছে।

    "যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে," বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    এক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা প্রদান করেন তিনি।

  15. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশ্বাসের লেশমাত্র নেই, ফ্র্যাঙ্ক গার্ডনার, বিবিসি'র নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা

    ইরান

    ছবির উৎস, EPA

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি আদৌ তারা আলোচনায় বসে।

    আট দিন আগে ইসলামাবাদে আশার যে ক্ষীণ আলোটুকু দেখা গিয়েছিল, সেটা আরও সংকুচিত হয়ে গেছে।

    এর কারণ ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত তুলেছে ইরান।

    যুক্তরাষ্ট্র ইরানের সব উপসাগরীয় বন্দরের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন বাহিনীর সদস্যরা ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ এমভি তুসকাকে আটক করেছে।

    এ ঘটনাকে 'সামুদ্রিক জলদস্যুতা' বলে বর্ণনা করেছে ইরান।

    চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য কোনো ধরনের বোঝাপড়ায় পৌঁছানোর ক্ষেত্রে এই পরিস্থিতি মোটেও অনুকূল নয়।

    ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হলো আগে থেকেই বিপর্যস্ত ইরানি অর্থনীতিকে এমনভাবে চেপে ধরা, যাতে তেহরান পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালি-উভয়ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের দাবির কাছে নিয়ে নতি স্বীকার করে।

    এটি এখনও কার্যকর হতে পারে, অনেকে এমন কথা ভাবলেও বিশ্লেষকরা বলছেন, ইরান এই ধরনের প্রকাশ্য চাপের মুখে খুব কমই নতি স্বীকার করে। বরং এটি তার অবস্থানকে আরও কঠোর করছে।

  16. ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

    ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের ছবি

    ছবির উৎস, Centcom

    ছবির ক্যাপশান, ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের ছবি

    ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।

    নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন।

    বার্তা সংস্থা এএফপি'র খবরে এ কথা জানানো হয়েছে।

    এর আগে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে 'দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক' বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ধারণা করা হয়, ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে চীন।

  17. শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

    ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যাববাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

    বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সেরেনা হোটেল ও এর পাশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সেই সঙ্গে, হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    গত ১১ই এপ্রিল এই হোটেলেই প্রথম দফায় শান্তি আলোচনা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। যদিও ওই আলোচনা সফল হয়নি।

    সোমবার পুনরায় এখানে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

    সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদ পৌঁছাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

    কিন্তু ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা অংশ নেওয়ার বিষয় তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

  18. যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ইরানি মুখপাত্র

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    "এই মুহূর্তে...পরবর্তী দফায় আলোচনায় বসার পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও চূড়ান্ত হয়নি," বলেন মি. বাঘাই।

    এমন একটি সময় তিনি এই তথ্য জানালেন যখন দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য সোমবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

    এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

    এসব ঘটনায় দু’পক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  19. লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল

    পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেছেন দক্ষিণ লেবাননের অনেক বাসিন্দা

    ছবির উৎস, EPA

    আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।

    রোববার রাতে দক্ষিণ লেবাননে এই হামলার ঘটনা ঘটে।

    আইডিএফের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

    দক্ষিণ লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

    এরপর স্থানীয়দের অনেকেই পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেছেন।

  20. মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

    মার্কিন রণতরী

    ছবির উৎস, Allen J. Schaben / Los Angeles Times via Getty Images

    ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

    এই খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

    তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

    এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী।

    এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান।