স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ও এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কী-না, সেই প্রশ্ন উঠেছে।
সোমবার স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়টি নিয়ে জানতে চান।
এসময়ে মিজ ফারহানা বলেন, “আমরা দেখেছি দেশের জেলাগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর লড়াই করেছি। অথচ জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়”।
এসময় তিনি বলেন, “সংবিধান অনুযায়ী, স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা যারা প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ের যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক”।
তিনি স্থানীয় সরকার মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন কবে হবে”।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবে কী-না সেই প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, “কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছে পারবে না। কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় সংসদ সদস্যরা যারা আছি তাদের বুঝতে সুবিধা হতো”।
তার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে”।