অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেছেন তারেক রহমান। এদিকে, মার্চের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নামলো।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • প্রধানমন্ত্রীর দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেছেন তারেক রহমান।
    • সংস্কার না করে শুধু সংবিধান সংশোধনের জন্য সংসদে কমিটি গঠন করা হলে সেই সংসদীয় কমিটিতে বিরোধী দল কোনো প্রতিনিধি দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
    • ঢাকার আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজনদের ধরতে গিয়ে চাপাতির আঘাতে জখম হয়েছেন থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা।
    • স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের করে "কোনো ভুল কাজ করা হয়নি"।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।
    • মার্চের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নামলো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। যুক্তরাষ্ট্র–ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হচ্ছে এমন আশার জায়গা থেকে তেলের দাম কমেছে।
    • ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খুব বেশি আর্থিক মূল্য না থাকলেও, "মনস্তাত্ত্বিক কারণে" যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত।
    • ইরান সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. সংবিধান সংশোধনের জন্য সংসদে কমিটি হলে নাম দেবে না বিরোধী দল: জামায়াত আমির

    জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির

    ছবির উৎস, BANGLADESH JAMAT E ISLAMI

    ছবির ক্যাপশান, জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির

    সংস্কার না করে শুধু সংবিধান সংশোধনের জন্য সংসদে কমিটি গঠন করা হলে সেই সংসদীয় কমিটিতে বিরোধী দল কোনো প্রতিনিধি দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

    তিনি বলেছেন, সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠন করা হলে তা বিবেচনা করবে বিরোধী দল।

    মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

    জামায়াতের আমির বলেন, “জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এজন্যেই গণভোট হয়েছে। আমরা বলেছি, ৭০ ভাগ মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভেতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখবো বিবেচনা করব”।

    গণভোটের রায় সংসদে সমাধান না হলে রাজপথে হবে বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, “যেটা সংসদে সমাধান হয়, হবে। সংসদে সমাধান না হলে রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না”।

  3. প্রধানমন্ত্রীর দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO Bangladesh

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রীর দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেছেন তারেক রহমান।

    তিনি বলেন, “একজন (সাংবাদিক) তার বক্তব্যে বলেছেন, উনি নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি মানুষের চোখে-মুখে খুশি দেখেছেন। আমার মনে হয় একই জিনিস মনে হয় আমিও দেখেছি। কিন্তু তার পরেও অবশ্যই দায়িত্বের একটা চাপ অনুভব করছি। কারণ, এখানে প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। অ্যাট দ্য সেইম টাইম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে।“

    মঙ্গলবার বিকেলে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর জানায়।

    নিজের বাবা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “কয়েকদিন আগে আমি অফিস থেকে যখন বাসায় যাচ্ছি, তখন আমার সাথে গাড়িতে যারা ছিল, তখন আমি তাদের বলছিলাম আব্বা একসময় উনার একজন সহকর্মীকে বলেছিলেন যে দিনটা যদি ৪৮ ঘণ্টা হতো তাহলে আমরা আরেকটু বেটার কাজ করতে পারতাম”।

    “আব্বার মতো আমি ওদিন বলছিলাম যে, দিনটা মানে কখন অফিসের ঢুকছি এবং কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু বুঝতেই পারছি না। দম ফেলানোর টাইম পাওয়া যাচ্ছে না। সেজন্য আমারও মনে হয় আসলে দিন ২৪ ঘণ্টা না হয়ে যদি ৪৮ ঘণ্টা হতো তাহলে একটু ভালো হতো”।

    প্রতিহিংসার মানসিকতা বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি জেলের মধ্য থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। এক্সরে করলে হয়ত দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে। যেহেতু প্রায় অনেকদিন এটা করে ফেলে রাখা হয়েছিল। প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়ত একটু বাঁকাভাবে রয়ে গিয়েছে। চার সপ্তাহর মধ্যে তিন দিনে হাড্ডি জোড়া লেগে যাবে না।’

    “আমি এখন যদি সেজন্য কাউকে দায়ী করে বেড়াই তবে আমার তো হাড্ডি জোড়া লাগবে না। আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার সেই পেইনটা চলে যাবে না। সুতরাং ক্ষতি যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে দেশের কল্যাণের কথা ভাবতে হবে”।

    গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই- এই কথা বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে দাবি করে তিনি বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে, গঠনমূলক আলোচনা হোক”।

    গণমাধ্যমে সহযোগিতা চেয়ে সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমাকে অনেক সাহায্য করতে পারেন। শুধু সরকার একা পারবে না, আপনার সহযোগিতা আমার লাগবে। আপনার সহযোগিতা না পেলে আমি বুঝতে পারবো না যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে”।

  4. মার্চের পর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম ৮০ ডলারের নিচে

    জ্বালানি তেল

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, জ্বালানি তেল

    মার্চের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নামলো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।

    যুক্তরাষ্ট্র–ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হচ্ছে এমন আশার জায়গা থেকে তেলের দাম কমেছে।

    বতর্মানে বৈশ্বিক মানদণ্ডে ব্রেন্ট ক্রড অয়েল বা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে ৭৯ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চের শুরুর পর এই প্রথম এর দাম ৮০ ডলারের নিচে নামল।

    যুদ্ধ চলাকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সর্বোচ্চ ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারে উঠেছিল। বর্তমানে সেটি কমতে শুরু করেছে।

    যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার।

  5. বেনজীর আহমেদকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছে দুদক

    বেনজীর আহমেদ

    ছবির উৎস, BENAZIR AHMED FACEBOOK Page

    ছবির ক্যাপশান, বেনজীর আহমেদ

    বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    তিনি জানান, পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি’র সহায়তায় বেনজীর আহমেদকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে। এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানোর কথা রয়েছে।

    গত ১২ই জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেফতার হন। পরে দেশটির সরকার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ১৪ই জুন জাতীয় সংসদে বিধি ৩০০-এর অধীনে দেওয়া এক বিবৃতিতে সংসদকে অবহিত করেন।

    বেনজীর আহমেদ ২০২৪ সালের ৪ঠা মে সপরিবারে দেশ ত্যাগ করেন। পরে ২০২৫ সালে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়।

  6. আমি না থাকলে ইসরায়েলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Mandel NGAN / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।

    এমন একটি সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেছেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐকমত্য হয়েছে। তবে ইসরায়েলের অনেক নেতা এই সমঝোতার সমালোচনা করেছেন।

    ফ্রান্সে অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আর আমি না থাকলেও ইসরায়েল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে এখন লেবাননের বিষয়ে বিবিকে (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হতে হবে।”

    তিনি আরও বলেন, “লেবানন ও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

  7. ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

    মমতা ব্যানার্জী - ফাইল ছবি

    ছবির উৎস, ANI Photo/Naveen Sharma

    ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জী - ফাইল ছবি

    কলকাতার ভবানীপুর আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ বার কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা করলেন তিনি।

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জীর প্রতিপক্ষ ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

    ভবানীপুর কেন্দ্র থেকে তিনি মমতা ব্যানার্জীকে ১৫ হাজারের বেশি ভোটে হরিয়েছিলেন। এর আগে ভবানীপুর কেন্দ্র থেকে কখনও হারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

    ১৬ই জুন মঙ্গলবার দুপুরে তিনি আচমকাই হাইকোর্টে পৌঁছে হলফনামা দাখিল করেন। সঙ্গে ছিলেন দলের দুই নেতা কুণাল ঘোষ ও দোলা সেন।

    এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরে মিজ. ব্যানার্জী হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি।

    সেবারের নির্বাচনের পরাজয়ের পরে নিজের বাড়ির এলাকা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী।

  8. ছিনতাইকারী ধরতে গেলে ওসিসহ দুই পুলিশকে কুপিয়ে জখম

    ঢাকার আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজনদের ধরতে গিয়ে চাপাতির আঘাতে জখম হয়েছেন থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা।

    পরে পুলিশ গুলি ছুঁড়লে চারজন 'ছিনতাইকারী' আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ঢাকার তেজগাঁও থানার এডিসি মোহাম্মদ জুয়েল রানা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে আদাবর থানাধীন তুরাগ হাউজিং এলাকায় একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করে একটি চক্র। ওই ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে আদাবর থানা পুলিশ।

    এডিসি মি. রানা বলেন, “ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আদাবর থানার ওসির নেতৃত্বে একটি টিম অভিযান করে। তখন পুলিশের টিম জানতে পারে তারা একটা ঘরে আছে। তারা আগে থেকেই চাপাতি নিয়ে প্রস্তত ছিল। দরজা খুলতেই তারা চাপাতি নিয়ে ওসি জাহিদুল ইসলামকে কুপিয়ে জখম করে। এসআই বাধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়”।

    “তারা যখন বেশি আত্নঘাতী হয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের ওসি তার অস্ত্র দিয়ে গুলি করলে দুইজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এসময় আরো দুইজন আহত অবস্থায় আটক হয়েছে”।

    পুলিশ জানিয়েছে যে ভবনটিতে আশ্রয় নিয়েছিল হামলাকারীরা, সেটি ছিল একটি পরিত্যক্ত ভবন। আসামিদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হবে।

  9. মনস্তাত্ত্বিক কারণে ইরানের ইউরেনিয়ামের যুক্তরাষ্ট্রের নিয়ে নেওয়া উচিত: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খুব বেশি আর্থিক মূল্য না থাকলেও, "মনস্তাত্ত্বিক কারণে" যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত।

    তিনি বলেন, ইরানের পুরো পারমাণবিক স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া একটি জটিল কাজ।

    প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এ ধরনের কাজ করার প্রয়োজনীয় সরঞ্জাম শুধু চীনের কাছেই রয়েছে। তবে তার মতে যেভাবেই হোক, এই কাজটি করা প্রয়োজন।

    ফ্রান্সে জি সেভেন সম্মেলনে যোগ দিয়ে কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, তার বিশ্বাস ইরানের আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে দেশটি যদি আবারও সেই চেষ্টা করে, তাহলে তাদের ওপর "নরক নেমে আসবে"।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল এবং তারা সেই অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করত। আমার কারণেই এখন ইসরায়েলের অস্তিত্ব রয়েছে”।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে বিনিয়োগ করার কোনো বাধ্যবাধকতা নেই। আলোচনার মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

  10. সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

    স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

    চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

    মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

    স্থানীয় সরকার মন্ত্রী জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

  11. সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন 'শিরকের কাছে চলে যায়'- দাবি জামায়াত এমপির

    জামায়াতের এমপি মুজিবুর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জামায়াতের এমপি মুজিবুর রহমান

    জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান।

    তিনি এসময় বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়।

    বিকেলে অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “কার্যপ্রণালিবিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা, এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতিথি। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।”

    মি. রহমান বলেন, “আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝুঁকুনিটা এখনো আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা উপকার লাভ করবো।”

    পরে স্পিকার এরপর বলেন, “আমি রুলস অব প্রসিডিউর দেখলাম। তারপর এই বিষয়ে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবে। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখবো যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাবো।”

  12. আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের করে "কোনো ভুল কাজ করা হয়নি"।

    তিনি বলেছেন, “অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু ঘটবে আর তাদের কোনো শাস্তি হবে না, তা হতে পারে না। প্রথমে আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি না কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি”।

    মঙ্গলবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি।

    এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঈদের মধ্যে বাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে সেখানে যেতে পারিনি। তবে পরে সেখানে গিয়ে দেখি, ওই রুমে কোনো জানালা নেই, একটি মাত্র দরজা ঢোকার জন্য। ছয়জন নবজাতকের সঙ্গে একটি ছোট রুমে ২৫ জনকে রাখা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আর বাচ্চারা মারা গেছে।”

    হাসপাতালের ‘অবহেলায়’ বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে ওই সময় কোনো ডাক্তার, নার্স ছিল না। যারা ছিল তারাও বাচ্চাদের মায়েদের কথার গুরুত্ব দেয়নি।

    তিনি বলেন, “ছয়টা বাচ্চাকে কেয়ারলেসভাবে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে অথরিটিকে আঙ্গুল দেখিয়ে, এটা হতে পারে না। দেশটাকে তো কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের ভেতরেও”।

    এর আগে গত ২৭শে মে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়।

    এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়। পরে হাসপাতালটির লাইসেন্সও বাতিল করা হয়।

  13. লেবাননের ওপর হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    আব্বাস আরাঘচি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আব্বাস আরাঘচি

    ইরান সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হেজবুল্লাহ এবং অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

    মি. আরাঘচি জোর দিয়ে বলেন, “লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্তি”।

    তিনি সতর্ক করেন যে, এখন থেকে লেবাননে ইসরায়েলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখা “আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে”।

    ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা “সন্ত্রাসীদের” ওপর তারা হামলা চালিয়েছে, এমন দাবি করার প্রেক্ষাপটে মি. আরাঘচির এই মন্তব্য এসেছে।

    লেবাননের হেজবুল্লাহও জানিয়েছে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণা দেওয়ার পর, লেবাননে “নিরাপত্তা অঞ্চল”-এ তাদের বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জোর দিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের বহু কর্মকর্তা এই সমঝোতার নিন্দা জানিয়েছেন।

  14. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রশনের বাধা দেওয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার দুই ছেলের নামে নতুন দুইটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে নানা আলোচনা- সমালোচনার পর এ নিয়ে সংসদে ব্যাখ্যা দেন তিনি।
    • ঢাকার যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনাল নগরীর বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
    • স্থানীয় সংসদ নির্বাচন কবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি-না সংসদে রুমিন ফারহানার এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
    • ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে