লাইভ, আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে গুলি চালাতে কোনো দ্বিধা থাকবে না বলে মন্তব্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা ঘিরে ইসলামাবাদে বিভিন্ন সড়ক অবরোধ আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এদিকে, যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ার ঘোষণা আসার পরপরই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে লেবানন ও ইসরায়েল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে যে দু'টি জাহাজে ইরান গুলি চালিয়েছে ও জব্দ করেছে, সেগুলো ছিল "সাধারণ জাহাজ", যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের না।
তিনি বলেন, "একটি স্পিডবোট, একটি বন্দুক আর খারাপ উদ্দেশ্য থাকলে যে কেউ এমনটা করতে পারে।"
হেগসেথ আরও বলেন, চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত না এবং যুক্তরাষ্ট্রের "যতটা সময় দরকার, ততটাই আছে।"
এদিকে, তিনি দাবি করেন, ইরান জানে যে তাদের এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। তবে এ জন্য তাদেরকে স্পষ্টভাবে এবং প্রমাণসহ পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে অনুমতি দিয়েছে যে দ্রুতগতির কোনো ইরানি নৌযান যদি পানিতে মাইন বসানোর চেষ্টা করে বা হরমুজ প্রণালি দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে মার্কিন নৌবাহিনী যেন সেগুলোকে ধ্বংস করে দেয়।
এ প্রসঙ্গে হেগসেথ বলেন, "আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নারী নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদী-মমতা ব্যানার্জীর তীব্র বাগযুদ্ধ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৃহস্পতিবার তার প্রচারসভায় মন্তব্য করেন, "আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নয়, অধ্যয়নের পরিবেশ চাই।" আজ শুক্রবার সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
তৃণমূল কংগ্রেসের হাওড়ার নির্বাচনী জনসভায় মিজ. ব্যানার্জী বলেন, "একজন প্রধানমন্ত্রী আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্রসমাজ ও যুবসমাজের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। … বলছেন ওখানে নাকি নৈরাজ্য চলছে।"
মুখ্যমন্ত্রী মি. মোদীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য কি কোনো অর্থ বরাদ্দ করা হয়েছে?
পরবর্তীতে মিজ. ব্যানার্জী তার এক্স হ্যান্ডেলে লেখেন, "ছাত্রসমাজের প্রতিবাদ গণতন্ত্রের পতন ঘটায় না — এটি গণতন্ত্রেরই একটি চলমান প্রক্রিয়া। দয়া করে সেই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বদনাম করবেন না, যা শ্রী অরবিন্দসহ আমাদের প্রথম দিকের জাতীয়তাবাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। দয়া করে বাংলাকে বদনাম করবেন না।"
গতকাল মি. মোদী তার প্রচারসভায় বলেন, "এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সারা বিশ্বে সম্মানের সঙ্গে উচ্চারিত হতো। … কিন্তু আজ এখানকার পরিস্থিতি দেখুন। বিশ্ববিদ্যালয়ের চত্বরে হুমকি দেওয়া হয়। দেয়ালে দেশবিরোধী কথা লেখা হচ্ছে। ছাত্রছাত্রীরা অধ্যয়নের পরিবর্তে রাস্তায় প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন।"
তিনি আরও বলেন, বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নয়, অধ্যয়নের পরিবেশ চায়; হুমকি নয়, সংলাপ চায়।
"যে সরকার নিজের রাজ্যে সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানকে রক্ষা করতে পারেনি, সে পশ্চিমবঙ্গের যুবসমাজের ভবিষ্যৎ কীভাবে রক্ষা করবে?"
তার মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের ছাত্রছাত্রীরা, যুবক-যুবতীরা, ভাই-বোনেরা আমাদের গর্ব।"
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই বাগযুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
পশ্চিমবঙ্গের পানিহাটি বিধানসভা কেন্দ্রে শুক্রবার প্রচারসভা করেন মি. মোদী। এই কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন রত্না দেবনাথ, যার কন্যা ২০২৪ সালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিলেন। প্রচারসভায় মি. মোদীর দাবি, পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা নিশ্চিত করা বিজেপির সর্বোচ্চ লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, "বিজেপি নারী-নেতৃত্বাধীন উন্নয়নের আদর্শে চলে। যে মা নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, যাঁর মেয়েকে তৃণমূল কংগ্রেসের মহাজঙ্গলরাজ ছিনিয়ে নিয়েছে, বিজেপি সেই মাকে দলের প্রার্থী বানিয়েছে। বিজেপি সন্দেশখালির বোনেদেরও নেতৃত্বের সুযোগ দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই বোনেদের গালি দিতে ব্যস্ত।"
বিজেপির শীর্ষ নেতা মি. মোদী শুক্রবার অভিযোগ করেন, "তৃণমূল কংগ্রেস একটি মহিলাবিরোধী দল। … যখন পশ্চিমবঙ্গের মেয়েরা ন্যায়বিচারের দাবি করে, তখন তৃণমূল কংগ্রেসের নির্মম সরকার তাদের একটাই কথা বলে — ধর্ষণ থেকে বাঁচতে, বেঁচে থাকতে হলে বাড়ি থেকে বেরোবেন না।"
"বিজেপি মেয়েদের স্বপ্ন ধ্বংস হতে দেবে না। পশ্চিমবঙ্গের বোনদের তাঁদের ভাই আশ্বাস দিচ্ছে — বোনেদের সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ৪ তারিখ বিজেপি সরকার গঠনের পর নারীদের উপর হওয়া সমস্ত অন্যায়-অত্যাচারের ফাইল খোলা হবে। এটা মোদীর গ্যারান্টি।"
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে মিজ ব্যানার্জীর অভিযোগ, “যেই দল নারীদের অত্যাচার করছে, ধর্ষকদের নির্বাচনে প্রার্থী করে, তারা বলছে পশ্চিমবঙ্গে জ্বলছে। … ৪ঠা মে নির্বাচনের ফলাফলে আমরা দেখে নেব।”
ছবির উৎস, যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট
ছবির ক্যাপশান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি।
রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধি দল
পাকিস্তান ও ইরানের একাধিক সূত্র জানিয়েছে, ইরানের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
সরকারের সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরানের প্রতিনিধি দলের আসার ব্যাপারে তারা শুনেছে এবং সেই উপলক্ষে ইতোমধ্যেই ইসলামাবাদে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্রগুলোর মতে, "এগুলো ইসলামাবাদে আলোচনার প্রস্তুতির অংশ। আমরা দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুত।"
পাকিস্তানের আরেকটি সূত্র জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আব্বাস আরাঘচি। আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, "আব্বাস আরাঘচির এই সফর নির্ধারিত ছিল।"
এখানে উল্লেখ্য, এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথা বলেন এবং যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু
ছবির উৎস, Getty Images
ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।
আজ শুক্রবার সংস্থাটি বলেছে, বিমানবন্দরের এক ঘোষণায় জানানো হয়েছে যে আগামীকাল শনিবার থেকে ওই বিমানবন্দর থেকে ইস্তাম্বুল ও মাস্কাটের ফ্লাইট চালু হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে টানা কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইমাম খোমেনি বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দেয়।
সোমবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।
গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হয়ে যায়।
কলেজ শিক্ষিকাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
ছবির উৎস, TV Screen Grab
রাজশাহীর দূর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, প্রায় সবখানেই এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনা ঘিরে ছয় দিন ধরে বিভিন্ন সড়ক বন্ধ ইসলামাবাদে, ক্যারি ডেভিস, পাকিস্তান সংবাদদাতা, ইসলামাবাদ থেকে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইসলামাবাদে সড়ক অবরোধ ষষ্ঠ দিনে গড়াল যার প্রভাবে শুক্রবারও শহরে তীব্র যানজট দেখা গেছে
ইসলামাবাদে বিভিন্ন সড়ক অবরোধ আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এগুলো কবে খুলে দেওয়া হতে পারে—সে বিষয়ে কোনো খবর নেই।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের রাজধানী। তবে এখনো পর্যন্ত দুই পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় বসার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি।
ভারী পণ্য পরিবহনকারী যানবাহনগুলোকে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে তাজা পণ্যের সরবরাহ ধীর হয়ে পড়েছে।
ফল ও সবজি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আঘা সিরাজ বলেন, “শহরে ঢোকার অনুমতির অপেক্ষায় সবজি আর ফল নষ্ট হয়ে যাচ্ছে”।
স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, সরবরাহ কমে যাওয়ায় পণ্যের দামও নাটকীয়ভাবে বেড়ে গেছে।
জ্বালানি সরবরাহ শহরে ঢুকতে না পারায় অভিযোগ ওঠে, যার ফলে কিছু পেট্রোল পাম্পে জ্বালানি ফুরিয়ে যায়।
এ বিষয়ে ইসলামাবাদের শীর্ষ বেসামরিক কর্মকর্তা ইরফান নওয়াজ মেমন বলেন, জ্বালানির চালান ঢুকতে দেওয়া হয়েছে, তবে পুরো মাত্রায় নয়। তাজা দুগ্ধজাত পণ্যের সরবরাহও এতে প্রভাবিত হয়েছে।
কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত ইসলামাবাদ হাই কোর্টেও মামলার কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে, কারণ আইনজীবীরা শুনানিতে পৌঁছাতে পারছেন না। সঠিক সংখ্যা জানা না গেলেও কার্যতালিকা দেখে অনুমান করা হচ্ছে, এই সংখ্যা শতাধিক হতে পারে।
এসব ঘটনার ফলে প্রশ্ন উঠছে— যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনার জন্য ইসলামাবাদকে আর কতদিন স্থায়ী প্রস্তুতির অবস্থায় রাখা সম্ভব।
'যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়' নিয়ে ইরান ও পাকিস্তানের আলোচনা
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হলেন আব্বাস আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পরবর্তী আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এ নিয়ে তোড়জোড়ের মধ্যেই দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হলেন আব্বাস আরাঘচি।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাঘচি জানান, তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, “আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়” নিয়ে আলোচনা হয়েছে।
তবে তিনি স্পষ্ট করেননি যে এটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি, নাকি ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি, নাকি দু'টিই।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকের কথা মাথায় রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে এখনো প্রস্তুত রাখা হয়েছে।
পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হেজবুল্লাহ ও আইডিএফের
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের একটি গ্রামে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকর্মীরা খননযন্ত্র ব্যবহার করছেন। ছবিটি তোলা হয়েছে গত ২২শে এপ্রিল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
এর আগে আইডিএফ জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে।
হেজবুল্লাহও টেলিগ্রামে জানিয়েছে, তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, তারা তিনজনকে হত্যা করেছে এবং এদের সকলেই “হেজবুল্লাহ যোদ্ধা”।
আইডিএফ বলছে, ওই ব্যক্তিরা ইসরায়েলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে ব্যর্থ হয়েছিলো।
আইডিএফ আরও বলেছে, এর আগেও দুইবার দক্ষিণ লেবাননে আইডিএফ সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হেজবুল্লাহ।
তাদের মতে, হেজবুল্লাহ'র এসব পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের “স্পষ্ট লঙ্ঘন”।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হেজবুল্লাহ জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার জবাবে তারাও উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আজ সকালে দেশটির দক্ষিণাঞ্চলের টাইর এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা তিন সপ্তাহ বেড়েছে এবং "যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে যাতে তারা নিজেকে হেজবুল্লাহ থেকে রক্ষা করতে পারে"।
বাংলাদেশের তিন বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবির উৎস, Getty Images
বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এরমধ্যেই কয়েকটি জেলায় ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
শুক্রবার কালবৈশাখীর সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, মংমনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি,বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামীকাল সকাল ৯টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চল ও তার আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই বিভাগগুলো ছাড়া দেশের অন্য সব স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কোনো এলাকায় যদি তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ।
তাপমাত্রা যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে।
গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর
ইরানের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান এবং হুমকিগুলো কতটা কার্যকর, সে বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “আমি যা-ই করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে”।
হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় বৃহস্পতিবার সারাদেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ সারা দেশে যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে, বৃহস্পতিবার ভোট নেওয়া হয় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে। এতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে জানায় রাজ্যের নির্বাচন কমিশন। তাদের তথ্য অনুযায়ী, প্রদত্ত ভোটের হার ৯১ দশমিক ৮৩ শতাংশ।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।