আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা হলে বোমা ফেলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো:

    • সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 'নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায়' তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে, হত্যাচেষ্টার অভিযোগে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান।
    • চার মাসের ব্যবধানে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আটশো ছাড়িয়েছে।
    • বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭ তম অবস্থানে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
    • আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
    • দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করা সংক্রান্ত পুলিশের নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
    • নারী সংসদ সদস্যদর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ভারতের লোকসভার বর্ষাকালিন অধিবেশন থেকে বুধবার সাসপেন্ড হন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী। একই দিনে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়।
    • জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
    • এলএনজির ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট)-এ যান্ত্রিক ত্রুটির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
    • সৌদি বন্দরগুলো ব্যবহার না করতে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সতর্কবার্তার পর বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করেছে বলে জানা গেছে।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে।
    • সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে- নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ভারতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা

    ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা চেয়ে গত তিন দিন ধরেই বর্ষাকালীন অধিবেশনে আওয়াজ তুলছিলেন বিরোধী সংসদ সদস্যরা। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে বলে আজ ঘোষণা করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

    অবশেষে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে জানান যে, সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এই বিষয় পদক্ষেপও নিশ্চিত করেছে।

    বুধবার সন্ধ্যায় দিল্লির বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "সংসদে আপনারা কত সময় চান? সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা যাই চান সেটি সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মিটিংয়ে আপনারাই ঠিক করুন। বারো ঘণ্টা চান, আঠারো ঘণ্টা চান, বিরোধীরা যতই সময় চান না কেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত।"

    বিরোধীদের বার্তা দিয়ে তিনি বলেন, "অভিযোগ পাল্টা অভিযোগ নয়, সমস্যার সমাধানে গঠনমূলক আলোচনা হওয়া উচিত এবং এই ক্ষেত্রে সরকারের সঙ্গে সঙ্গে বিরোধীদেরও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্বশীল আলোচনায় আসতে হবে।"

    যদিও তার প্রেস বার্তায় বিরোধীদের উপর অভিযোগও এনেছেন তিনি। তিনি উল্লেখ করেন, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস ও কংগ্রেসের সঙ্গে বিরোধীদের জোট সরকার আছে। এরপরও সেখানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে।

  3. গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান। এই মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে।

    মঙ্গলবার রাতে পল্লবী থানায় মামলাটি দায়ের করার পর আমিনুর রহমান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

    মামলায় 'অনৈতিক সম্পর্কের প্রতিবাদ' এবং 'ভিডিও ফাঁসের সন্দেহে' মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

    মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

    এদিকে, আটক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। এছাড়া মামলার তদন্ত করে আগামী ২৪শে অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশও দিয়েছে আদালত।

    উল্লেখ্য, একজন নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় 'নৈতিক স্খলনের' অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণ দেখিয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  4. আন্দোলনে দিল্লি পুলিশের 'বাড়াবাড়ি', ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

    দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করা সংক্রান্ত পুলিশের নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

    গত ২০ ও ২১শে জুলাই দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জনস্বার্থে দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে, বুধবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে এই নির্দেশ দেয়।

    প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ বলেছে যে, আবেদনকারীরা যেসব ঘটনার কথা তুলে ধরেছেন সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

    পুলিশকে আদালত বলেছে, "তাদের (আন্দোলনকারীদের) ব্যক্তিগত অভিযোগ দায়ের করার জন্য পুলিশের কাছে যেতে বলাটা আপনাদের (পুলিশের) হয়তো সঠিকই ছিল। কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।"

    "বিবাদীদের পক্ষ থেকে চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করার নির্দেশ দেওয়া হলো। আবেদনকারীদের প্রত্যুত্তর বা 'রিজয়ন্ডার' দাখিলের জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হলো।"

    একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, রিট পিটিশনে উল্লিখিত ঘটনার সাথে সংশ্লিষ্ট নথিপত্র, যার মধ্যে সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র (যদি থাকে) অন্তর্ভুক্ত, তা পুলিশের জারি করা 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' বা প্রমিত কার্যপদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে।

    বিষয়টি নিয়ে ১১ই সেপ্টেম্বর পুনরায় শুনানি হবে।

  5. মার্কিন হামলায় প্রায় তেরশ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে- দাবি ইরানের

    সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের এক হাজার ২৮৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্কুল সংস্কার, উন্নয়ন ও সরঞ্জাম সংস্থার প্রধান আলিরেজা খান মোহাম্মাদী।

    এর মধ্যে ১৬টি স্কুল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো 'পুনরায় নির্মাণ' করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

    মি. মোহাম্মদীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, "সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া বাকি স্কুলগুলো মেরামত করা হয়েছে। বর্তমানে দেশের মাত্র ৪০টি স্কুল মেরামত করা বাকি আছে, যা সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।"

  6. হুথিদের সতর্কবার্তার পর সৌদি বন্দরগুলো এড়িয়ে চলছে অনেক জাহাজ

    সৌদি বন্দরগুলো ব্যবহার না করতে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সতর্কবার্তার পর বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করেছে বলে জানা গেছে।

    শিপ ট্র্যাকিংয়ের ডেটা অনুযায়ী, লোহিত সাগর দিয়ে চারটি তেলবাহী ট্যাংকার তাদের গতিপথ পরিবর্তন করেছে।

    এই ট্যাংকারগুলোর মধ্যে দুটির নতুন গন্তব্য হিসেবে সুয়েজ খালের নাম ঘোষণা করা হয়েছে এবং অন্য দুটি ট্যাংকার লোহিত সাগরের উন্মুক্ত জলপথকে তাদের গন্তব্য হিসেবে নথিভুক্ত করেছে।

    শিপিং ডেটা অনুযায়ী, জেদ্দার বন্দরকে তাদের পরবর্তী গন্তব্য ঘোষণা করার পর একটি কার ক্যারিয়ারও (গাড়ি পরিবহনকারী জাহাজ) দৃশ্যত এডেন উপসাগরে নিজের গতিপথ পরিবর্তন করে।

    এর আগের দিন, চীন ও ভারতের জন্য তেল বহনকারী তিনটি ট্যাংকার লোহিত সাগর এড়িয়ে ইয়েমেনের উপকূলের কাছ দিয়ে যাওয়ার পরিবর্তে সুয়েজ খালের দিকে রওনা হয়েছিল।

    গত ২০শে জুলাই সৌদি আরবের বিরুদ্ধে 'নৌ-অবরোধ' বা সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

  7. হরমুজ প্রণালিতে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে।

    সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “এখন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য যেকোনো উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে, যুক্তরাষ্ট্র সেতু বা বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে।”

    সম্ভাব্য এসব হামলার লক্ষ্যবস্তুর অবস্থান সম্পর্কে তিনি লিখেছেন, “এগুলোর মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি বা তেহরানের ভেতরে অবস্থিত স্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে।”

    গত সপ্তাহেও ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন।

    ইরান ইতোমধ্যেই অভিযোগ করেছে, তাদের সেতু, রেল সংযোগ, পানি লবণমুক্তকরণ কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে; যদিও মার্কিন সামরিক বাহিনী তা অস্বীকার করেছে।

  8. সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহে বিঘ্ন, কী বলছে জ্বালানি মন্ত্রণালয়?

    এলএনজির ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট)-এ যান্ত্রিক ত্রুটির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

    বুধবার বিকেলে জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

    মেরামতকাজ চলমান থাকায় আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও দাবি করেন তিনি।

    মি. চৌধুরী বলেন, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় কিছু সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তবে এই সংকট সাময়িক এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

    এছাড়া দেশের জ্বালানি মজুদ এবং সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মি. চৌধুরী দাবি করেন, দেশে জ্বালানির কোনো সংকট না থাকলেও এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

    “ডিজেলের মজুদ আছে প্রায় ৩১ দিনের, অকটেন আছে ৩৬ দিনের, পেট্রোল আছে ২০ দিনের, ফার্নেস অয়েল আছে ২৫ দিনের এবং জেট ফুয়েল আছে ২০ দিনের। ফলে আমাদের নরমালি যা থাকার কথা তার থেকে অনেক বেশি রয়েছে,” বলেন তিনি।

    সম্প্রতি গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনে এর প্রভাব পড়েছে। গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে ঢাকার অনেক সিএনজি স্টেশনে।

  9. আকস্মিক বন্যায় জম্মু ও কাশ্মীরে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

    জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, ডোডা, বাদগাম, কুলগামসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    শত শত স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার বুধবার নতুন করে সতর্কতা জারি করে সাধারণ মানুষকে নদীতটের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দিয়েছে।

    ভারী বৃষ্টিপাতের কারণে কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

    শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে পীর পাঞ্জালের পার্বত্য এলাকায় নদী ও স্থানীয় ঝর্ণার জল উপচে পড়েছে। মুষলধারে বৃষ্টির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

    আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার বিষয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

    স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে রাজৌরি শহরের কেন্দ্রস্থল দিয়ে বয়ে যাওয়া দরহালি নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় কাছের প্রতিরক্ষামূলক বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার জল আশপাশের আবাসিক এলাকায় প্রবেশ করে এবং বাড়ি-ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ওই এলাকায় বসবাসকারী ৫০টির বেশি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। বন্যার ফলে শুধু রাজৌরিই নয়, থানা মান্ডি, দরহাল এবং মঞ্জাকোটের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ভূমিধস হয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কাশ্মীর উপত্যকার বুদগাম জেলার বেরওয়াহ তহসিলে বেশ কিছু দোকান ও বেসরকারি অফিস নিয়ে তৈরি একটা শপিং কমপ্লেক্স ধসে পড়েছে।

    তবে পুলিশ ও প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের আগেই অন্যত্র স্থানান্তরিত করার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    আগামী তিনদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

  10. লোকসভা, বিধানসভা থেকে একই দিনে সাসপেন্ড মমতাপন্থি দুইজন তৃণমূল কংগ্রেস নেতা

    নারী সংসদ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে ভারতের লোকসভার বাদল অধিবেশন থেকে বুধবার সাসপেন্ড হন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী। যদিও মি. ব্যানার্জীর বিরুদ্ধে নারী সংসদ সদস্যের এই অভিযোগের খুঁটিনাটি এই মুহূর্তে স্পষ্ট নয়।

    ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা বুধবার সংসদে বলেন, “কল্যাণ ব্যানার্জী আমাদের নারী সংসদ সদস্যদের সঙ্গে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ স্পিকার গ্রহণ করেছেন। এটি আমাদের নারী সংসদ সদস্যের এবং হাউসের কার্যধারার বিরুদ্ধে যায়। সংসদ সদস্যের ব্যবহার খুব আপত্তিকর।”

    তার পর, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন কুমার মেঘওয়াল লোকসভায় নারী সংসদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগে মি. ব্যানার্জীকে লোকসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখেন। স্পিকার সংসদ সদস্যদের মৌখিক ভোটের ভিত্তিতে সেই প্রস্তাব স্বীকার করেন।

    তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেত্রী এবং বর্তমানে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’র সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, “কল্যাণ ব্যানার্জী নারীদের আক্রমণ করেন, তাদের সঙ্গে অকথ্য ভাষা ব্যবহার করেন এবং সবাইকে গালি দেন। আজও তিনি নারীদের গালি দিচ্ছিলেন, সেই কারণে লোকসভার বাদল অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়।”

    উল্লেখ্য, চলতি বছরের মে মাসে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর, মিজ. ঘোষ দস্তিদার লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি জমা দেন। সেই চিঠিতে তিনি অভিযোগ করেন, মি. ব্যানার্জী লোকসভায় তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তিনি মি. ব্যানার্জীর বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণের অভিযোগও তোলেন। সেই সময়ে, মিজ. ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন।

    একই দিনে, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়। অভিযোগ, বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়ক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা দিয়েছেন।

    মি. ঘোষের পাল্টা অভিযোগ, "বিজেপি চাইছে সরকার তারা চালাবে, বিরোধীদেরও তারা চালাবে। পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না।"

  11. পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

    বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭ তম অবস্থানে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

    যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়।

    এবারের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের নাম। আর সব থেকে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের।

    তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন ও পাকিস্তানসহ সাতটি দেশের পাসপোর্ট।

    একটি দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে।

    এবারের তালিকা তৈরির ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট বিবেচনায় নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

  12. সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 'নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায়' তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য সাংগঠনিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি নির্বচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে বলও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    সম্প্রতি একজন তরুণীর সঙ্গে 'ব্যক্তিগত মুহূর্তের' একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

  13. বাংলাদেশে হাম উপসর্গে মৃত্যু আটশো ছাড়ালো

    চার মাসের ব্যবধানে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আটশো ছাড়িয়েছে।

    দেশের হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বার্তায় জানানো হয়েছে, বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯৫ জনের এবং হাম উপসর্গে ৭০৮ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া, ২২শে জুলাই সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় এক হাজারের বেশি নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানানো হয়েছে।

  14. বেসামরিক পারমাণবিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব- নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

    সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পাবে- নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে।

    এ খবর এমন সময় এলো, যখন উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে।

    মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুধবার সৌদি আরবের সঙ্গে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করার পরিকল্পনা করেছে।

    ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক বিলিয়ন ডলারের আয় হবে।

    ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ৩০ বছরের এই চুক্তির একটি ধারায় বলা হয়েছে, যৌথ সমীক্ষায় প্রয়োজনীয়তা নিশ্চিত হলে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করবে।

    তবে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কয়েকজন আইনপ্রণেতা এবং ইসরায়েলের কিছু কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার বিরোধিতা করেছেন বলে জানা গেছে। তাদের আশঙ্কা, এই কর্মসূচি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে।

  15. পার্বত্য জেলায় ভূমিধসের সতর্কবার্তা, টানা বৃষ্টি কতদিন চলবে?

    মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবান জেলাকে ভূমিধসের মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২শে জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

    দেশের বেশিরভাগ এলাকায় আগামী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

  16. আসামের বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ত্রাণ শিবিরে এক লাখের বেশি মানুষ

    ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

    ডিব্রুগড়, কামরূপ, ধেমাজি, চরাইদেও, তিনসুকিয়া, শিবসাগর, লখিমপুর, জোড়হাট, গোলাঘাট-সহ ১৬টা জেলায় প্রায় পাঁচ লাখ ৪৬ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

    এ নিয়ে এবছরে আসামের বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।

    বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর। সেখানে তিন লাখ ৫৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরেই রয়েছে জোড়হাট, চরাইদেও, ডিব্রুগড় এবং গোলাঘাট।

    বন্যার জলে ৮৭২টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি।

    ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আসামে বন্যার কারণে ৩০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে বা পথ পরিবর্তন করা হয়েছে।

  17. সিকিমে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের টানেল ধসে নিহতের সংখ্যা বাড়লো, এখনো আটকে অনেকে

    সিকিমের নামচি জেলার সামারডুং-এ নির্মীয়মাণ টানেলের একাংশ ধসে পড়ার ঘটনায় মৃতদের সংখ্যা আট থেকে বেড়ে অন্তত ১২ জনে দাঁড়িয়েছে। এখনো অনেক শ্রমিক সেখানে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    সোমবার টানেলের একটা অংশ ধসে পড়ায় প্রবেশপথ বন্ধ হয়ে যায় তারপর থেকে উদ্ধারের কাজ চলছে। এই টানেল এনএইচপিসি-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ।

    নিহতদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে যাওয়া শ্রমিক বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে।

    নামচি জেলার পুলিশ সুপার সোনম দোলমা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, “এখনো পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ থেকে ১৫ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। সিকিম পুলিশ, দমকল বিভাগ, এনডিআরএফ, এসডিআরএফ এবং কয়লা খনি বিশেষজ্ঞরা উদ্ধারকার্যে নিযুক্ত রয়েছেন।”

    এনএইচপিসি এক বিবৃতিতে বলেছে যে, হঠাৎ মিথেন গ্যাস নির্গমনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বেরোতে শুরু করে।।

    এনডিআরএফ কর্মকর্তা মহসিন শাহিদী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, উদ্ধারকারী দলগুলো টানেলের একটা নির্দিষ্ট ২০০ মিটার দীর্ঘ অংশের ওপর মনোযোগ দিচ্ছে, যেখানে বাকি লোকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

    ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের বিষয়ে ঘোষণা করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

    সোমবার আনুমানিক দুপুর দেড়টা নাগাদ ঘটনাটা ঘটে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সেটা শ্রমিকদের দুপুরের খাবার খাওয়ার সময় ছিল। দু’জন কোনোমতে বের হয়ে বাঁচতে পারলেও ২৫জন টানেলের ভেতরে আটকে পড়েন।

  18. সিলেট-সুনামগঞ্জে বন্যা সতর্কতা, পানি বাড়ছে উত্তরাঞ্চলেও

    আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এছাড়া দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামসহ অন্তত দশ জেলার নদনদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে আগামী ২৪ থেক ৪৮ ঘণ্টায় এই জেলাগুলোতেও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

    বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

    প্রতিষ্ঠানটি বলছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নওগাঁ জেলায় আত্রাই নদীর পানিও বিপদসীমার ওপরে রয়েছে।

    এছাড়া সাঙ্গু, মাতামুহুরী নদী অববাহিকায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়ও নদনদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

    নেত্রকোনা জেলার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  19. যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, কিন্তু ইরান আন্তরিক নয়: মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় প্রস্তুত রয়েছে, তবে তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়।

    ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়, তাহলে তা একটি "বিপজ্জনক প্রবণতা" তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে রুবিও এসব মন্তব্য করেন।

    সোমবার রয়টার্সকে জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তা জানান, ১০ দিনের যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব তেহরান পেয়েছে।

    গতকাল ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে সফর করেন। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় শাহবাজ শরিফ ও জেনারেল আসিম মুনির প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

  20. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করে। কিছুক্ষণ পরে তাদের অন্য জায়গা নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
    • আলোচনায় বসতে "ইরান মরিয়া হয়ে উঠেছে" বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • নিজেদের পানি শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে ইরান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত। গত চার দিনের মধ্যে চতুর্থবারের মতো এই ধরনের হামলার ঘটনা ঘটলো।
    • ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির কিষাণ ঘাটে পাঞ্জাব, হরিয়ানা এবং কয়েকটি অন্যান্য রাজ্যের কৃষকদের যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল, তাতে যোগ দিতে হাজার হাজার কৃষক ভারতের রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন। তবে প্রশাসন তাদের আটকে দেয়।
    • বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা চার মাসের ব্যবধানে আটশোর কাছাকাছি পৌঁছেছে।
    • রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দুই একদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
    • ২০২৭ সালের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। যেখানে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা খরচ করতে হবে।
    • জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে কাতারের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কাতার সরকার। একই সঙ্গে এতে সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।
    • বাহরাইনে মার্কিন কোম্পানি অ্যামাজনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।