লাইভ , মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, গাজীপুর ও হেমায়েতপুরে সংঘর্ষ, অন্তত অর্ধশত কারখানায় ছুটি

বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও বুধবার সকালে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে: মাহ্দী আমিন

    প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন

    বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

    নতুন মজুরি কাঠামো ঘোষণার পর কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে কান না দিয়ে কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

  2. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুর, সাভারসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

    বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন

    বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।

    এরমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।

    এছাড়া গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এর বাইরে, আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।

    মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

    এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  3. গাজীপুরে এবার ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    গাজীপুরে বিক্ষোভ

    মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

    বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেলার শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

    এর আগে, সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  4. গাজীপুরেও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিকদের বিক্ষোভ

    সাভারের হেমায়েতপুরের পর গাজীপুরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    বুধবার সকালে শহরের মালেকের বাড়ি এলাকায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

    পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

    এ অবস্থায় জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

    অন্যদিকে, শ্রমিক সড়ক অবরোধ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

    পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার সকাল আটটার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসেন শ্রমিকরা।

    তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করেন। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

    পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও গাড়ি চালকেরা।

  5. পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল?

    কারখানায় কাজ করছেন শ্রমিকরা

    বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।

    বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু'জন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন।

    ভোট শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী চূড়ান্ত নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। তিন বছর পরপর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    নতুন ঘোষণা অনুযায়ী, চারটি গ্রেডের মধ্যে পোশাক কারখানায় কাজ করা সবচেয়ে নিচের গ্রেডের শ্রমিক, তথা হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।

    আর তৃতীয় গ্রেড, মানে কারখানার জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে তাদের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।

    অন্যদিকে, সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে তারা আগে মজুরি পেতেন ১৪ হাজার ২৭৩ টাকা।

    আর প্রথম গ্রেডে থাকা সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছে। তারা আগে মজুরি পেতেন ১৫ হাজার ৩৫ টাকা।

  6. মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, হেমায়েতপুরে সংঘর্ষ, ২২ কারখানা বন্ধ

    কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ

    বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।

    বুধবার সকালেও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানান, বেতন আরও বাড়ানোর দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

    এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ তাদেরকে সরে যেতে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিতে যায় পুলিশ।

    এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

    পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    অন্যদিকে, সকালে আশুলিয়া ও গাজীপুরের আরও বেশকিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। সেখানেও পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

    রাস্তা থেকে সরে গেলেও বিক্ষোভকারী শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করেননি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বিক্ষোভকারী আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে আছেন বলে জানা যাচ্ছে।

    এ অবস্থায় সাভার ও গাজীপুরের ২২টি কারখানায় কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ ওইসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

  7. গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
    • মঙ্গলবার দুপুরের বৈঠকে সবশেষ ২২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। এর বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন পোশাক কারখানার মালিকরা। এখনো আলোচনা চলছে এবং উভয় পক্ষ নতুন করে প্রস্তাব দেবে বলে জানা গেছে।
    • রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তুলেছে ইউরোপ। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগটি ওঠার পর সেটি অস্বীকার করেছে ক্রেমলিন।
    • গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি।
    • বাংলাদেশে হাম উপসর্গে আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে।
    • আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশে বর্তমানে সক্রিয় ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৯শে নভেম্বর শুরু হয়ে সংলাপটি চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত।
    • জুলাই হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ড দিয়েছে আদালত। এ দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: