পঞ্চগড় সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে বিএসএফ নিয়ে যাওয়ার অভিযোগ

বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিবিসি বাংলাকে এই নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বলেন, ধরে নিয়ে যাওয়া ওই দুই কিশোরকে ফিরিয়ে আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ - বিজিবি'র সাথে এখন বিএসএফ-এর পতাকা বৈঠক চলছে।
ওসি জানান, তারা জানতে পেরেছেন যে ওই দুই কিশোরের বাড়ি জেলার আটোয়ারী উপজেলায়। তারা ওই সীমান্তে ঘুরতে গিয়েছিলো।
পঞ্চগড়ের স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, আজ বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
তাদের বর্ণনা অনুযায়ী, এরকম ঘটনা ওই সীমান্তে প্রায়ই ঘটে। কারণ সীমান্তের ওই দিকে ভারতের বিশাল এক চা বাগান আছে। ওখানে মানুষ এমনিতেই ঘুরতে যায়। ওই দুই কিশোরও গিয়েছিলো। পরে বিএনএফ তাদের আটক করে নিয়ে যায়।








