জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

পরিষ্কার আকাশের নিচে, সবুজ পাহাড়ি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গভীর নীল সমুদ্রের জলে একটি বিশাল সাদা প্রমোদতরী এগিয়ে চলেছে।
ছবির ক্যাপশান, বিশ্বজুড়ে সমুদ্রযাত্রা শুরুর ৭৫০ দিনেরও বেশি সময় পর 'ভিলা ভি ওডিসি' কম্বোডিয়ায় এসে থামে
    • Author, কোহ এয়ু
    • Author, ক্লেয়ার গ্রাহাম
    • Role, বিবিসি নিউজ এনআই
  • Published
  • পড়ার সময়: ৩ মিনিট

প্রায় দুই বছর ধরে বিশ্বজুড়ে সমুদ্রযাত্রায় থাকা একটি বিলাসবহুল প্রমোদতরী জানিয়েছে যে, জ্বালানির অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে তারা তাদের কার্যক্রম স্থগিত করেছে।

ফলে জাহাজটির যাত্রীরা এখন কম্বোডিয়ার সাগরে আটকা পড়েছেন।

'ভিলা ভি ওডিসি' নামে জাহাজটির যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালনাকারী সংস্থা জানিয়েছে যে, তারা যাত্রীদের জাহাজ থেকে নামার পরিকল্পনা এবং 'অস্থায়ী থাকার ব্যবস্থা' নিয়ে কাজ করছে।

জাহাজে ঠিক কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়, তবে প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট দীর্ঘ এই জাহাজটি ৬৫০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে।

এটি ২০২৪ সালের অক্টোবরে 'বিশ্বজুড়ে এক অবিরাম সমুদ্রযাত্রার' উদ্দেশ্যে বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে।

চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে।

জাহাজের পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, এশিয়ার কিছু অংশে কেবিন প্রতি মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার (৬০০০ পাউন্ড) পর্যন্ত হয়েছে।

কোম্পানিটি বলছে যে তারা 'জ্বালানি খরচ কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ' নিয়েছে, যার মধ্যে রয়েছে যাত্রার গতি কমানো এবং বন্দরে বেশি সময় কাটানো।

কিন্তু জ্বালানি খরচের অস্বাভাবিক বৃদ্ধি সামাল দিতে সেসব পদক্ষেপ অপর্যাপ্ত বলে প্রমাণিত হয়েছে।

"বাসিন্দাদের ওপর সম্পূর্ণ বৃদ্ধি চাপিয়ে দেওয়া কোনো বাস্তবসম্মত সমাধান নয়," এতে বলা হয়েছে।

কোম্পানিটি আগামী ৬০ দিন 'পুনর্গঠন ও পুনঃমূলধনায়নের' কাজে ব্যয় করবে, যদিও 'কোনো ফলাফল নিশ্চিত নয়' বলে জানানো হয়েছে।

ভিলা ভি ওডেসি
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

জানা গেছে, জাহাজটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন, যখন তাদের কম্বোডিয়ার বন্দর নগরী সিহানুকভিলে নামার নির্দেশ দেওয়া হয়।

একসময়কার এই শান্ত সমুদ্রতীরবর্তী শহরটি সাম্প্রতিক বছরগুলোয় প্রতারণার কেন্দ্রস্থল হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাতি অর্জন করেছে।

তবে, জাহাজটির মেরামতের কারণে এর যাত্রা বিলম্বিত হয়েছিল, ফলে যাত্রীরা মাসের পর মাস বেলফাস্টে আটকা পড়েছিলেন এবং কোম্পানির লক্ষ লক্ষ পাউন্ড ক্ষতি হয়েছিল।

সবশেষ মঙ্গলবার যাত্রা স্থগিত করার ঘোষণা দেওয়ার আগে জাহাজটি তার বিশ্ব পরিভ্রমণের ৭৫০ দিনেরও বেশি সময় পার করেছিল। এর অর্থ হলো এর যাত্রীরা এখন কম্বোডিয়ায় আটকা পড়বেন।

“যেসব জায়গায় আমি অনেক সময় কাটাবো বলে ভেবেছিলাম, সে তালিকায় এই জায়গাটা ছিল না,” কম্বোডিয়া থেকে বিবিসিকে বলেন এক যাত্রী, হলি হেনেসি।

"আমরা সবাই আলাদা আলাদা হোটেলে আছি। আমি যে হোটেলে আছি, সেখানে আমার বেশ কয়েকজন সহকর্মীও আছেন। আমরা শুধু অপেক্ষা করছি।"

এর ওয়েবসাইট অনুসারে, 'ভিলা ভি ওডিসি'তে বেশ কয়েকটি বার ও রেস্তোরাঁ, একটি পুল ডেক এবং একটি পিকেলবল কোর্ট রয়েছে।

এর কেবিনগুলোয় স্থায়ীভাবে অবস্থান করতে হলে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে চার লাখ ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পরিশোধ করতে হয়।

এই কেবিনগুলো মাসিক সাড়ে তিন হাজার মার্কিন ডলার থেকে ভাড়াতেও পাওয়া যায়।

কালো-সাদা ডোরাকাটা টাই ও সাদা কলার পরা একটি সিয়ামিজ বিড়াল সামনের দিকে বসে আছে, যাকে একজন মহিলা ঘরের ভেতরে ধরে রেখেছেন।
ছবির ক্যাপশান, ক্রুজ যাত্রী হলি হেনেসি এবং তার বিড়াল, ক্যাপ্টেন, এখন কম্বোডিয়ায় এসে পৌঁছেছেন

গত বছর, কোম্পানিটি মানুষের অবসর জীবন সমুদ্রে কাটানোর জন্য একটি আজীবন আবাসন কর্মসূচি চালু করে।

২০২৪ সালে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী হওয়ার কয়েকদিন পর, ভিলা ভি রেসিডেন্সেস চার বছর মেয়াদী একটি 'স্কিপ ফরোয়ার্ড' প্যাকেজ ঘোষণা করে।

সে সময় এর সিইও ফক্স বিজনেসকে বলেছিলেন যে, "যারা বলেছিল এক্সওয়াইজি' নির্বাচনে জিতলে তারা দেশ ছেড়ে চলে যাবে, তাদের জন্য এটি একটি দারুণ ব্যবস্থা"।

হেনেসি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজের বাসিন্দাদের আগে থেকেই একটি জ্বালানি সারচার্জ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছিল এবং তাদের ভ্রমণসূচি 'মারাত্মকভাবে সংক্ষিপ্ত' করা হয়েছিল।

তিনি আরও বলেন, এর মধ্যে কিছু লোক জাহাজ থেকে নেমে স্থলপথে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু হেনেসির মতো কেউ কেউ এ আশায় কম্বোডিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে, ভিলা ভি ওডিসি শিগগিরই আবার যাত্রা শুরু করবে।

"যতক্ষণ না তারা বলছে যে আমাদের কাজ শেষ, একেবারে শেষ, আমি হাল ছাড়ছি না। এই জীবনধারা আমি আর কখনও পুনরাবৃত্তি করতে পারব না। বাড়ি ফেরার ভাবনা? সেটা খুবই একঘেয়ে হবে," সে বলল।

আড্ডা দেওয়ার জন্য কম্বোডিয়া খুব একটা খারাপ জায়গা নয়।